কবিগুরুর মংপু
কালিম্পং থেকে ট্যাক্সি ছুটে চলেছে দার্জিলিংয়ের দিকে। ঘোর মেঘাচ্ছন্ন আকাশে হিমালয়ের ওপর স্নো পিক দেখার সম্ভাবনা প্রায় বাতিল করে দিয়েছি। যদিও গত রাতে কিছু বৃষ্টি হয়েছে। শুনেছি, ঝেড়ে বর্ষা হলে তার পরপর কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা বেড়ে যায়। শীতে কালিম্পংয়ের হোটেলে বসেই নির্বিঘ্নে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।সুনিবিড় এক প্রকৃতির মধ্যে আচ্ছাদিত কালিম্পং, যেখানে অহরহ চলছে মেঘ আর পাহাড়ের খেলা। গাছে গাছে ফুল-পাতার সমারোহ। বাংলাদেশের এত কাছে, এত মিষ্টি-শান্ত অপূর্ব ভ্রমণের এ বিশাল আয়োজনের কথা জানে কি তৃষ্ণার্ত বাঙালিরা? ট্যাক্সি চলছে—হঠাৎ সোনালি বরনের এক খণ্ড চূড়া দেখা দিয়ে মিলিয়ে গেল। রোমাঞ্চিত হয়ে উঠলাম। বুঝলাম, এ কাঞ্চনজঙ্ঘারই এক ক্ষুদ্র অংশ। দার্জিলিংয়ের পথে চা-নাশতার জন্য থামলাম বাঁশের ছাউনিঘেরা ছোট্ট এক হোটেলে। টেবিলে বসে কাঁচা বাঁশের তৈরি জানালা দিয়ে তাকাতেই চোখ চলে গেল দূর পাহাড়ের বিশাল আকাশ আর নিচে অসীম মেঘাচ্ছন্ন শূন্যে। গুন গুন করে গেয়ে উঠলাম, ‘নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়...’এর আগেও দার্জিলিং এসেছি অক্টোবরে শীতের সময়, কলকাতা হয়ে। ঘুরতে পারিনি কোথাও। বনেধ আটকা পড়েছিলাম। এবার এসেছি মে মাসে। রংপুরের বুড়িমারী হয়ে অল্প সময়ের মধ্যেই যেন লাফ দিয়ে চলে এলাম সম্পূর্ণ ভিন্ন এক জগতে। এ সময় আবহাওয়া এত চমৎকার পাব, তা আমার ধারণার মধ্যে ছিল না। দার্জিলিং পৌঁছেই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে দর-কষাকষি করে ৯০০ রুপিতে পরদিন মংপুতে যাওয়ার ব্যবস্থা করে ফেললাম। জানি না, মংপু জায়গাটি কেমন; কেবল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে গিয়েছিলেন মৈত্রীয় দেবীর বাড়িতে। এ যদিও ইতিমধ্যে কালিম্পংয়ে কবিগুরুর পরিত্যক্ত বাড়িটি দেখা হয়ে গেছে দূর থেকে। সেখানে পৌঁছানোর কোনো ভালো ব্যবস্থা নেই। শুনলাম, নেই তেমন রক্ষণাবেক্ষণ। আর দেখলাম, কালিম্পংয়ে রবীন্দ্র স্মৃতিবিজড়িত গৌরীপুর ভবন—চিত্রভানু, যেখানে সমবায় ট্রেনিং ইনস্টিটিউট বসেছে। বনেধর কারণে এই ইনস্টিটিউট বন্ধ ছিল। ভেতরে ঢুকতে পারিনি। এখানে বলে রাখা ভালো, দার্জিলিংয়ে না হলেও কালিম্পংয়ে এবার বনেধর মধ্যে কাটিয়েছি। আর এ কারণে অনেকটা হেঁটেই কালিম্পং ভ্রমণ শেষ করতে হয়েছে। যদিও প্রথম দিনই আমরা ট্যাক্সিতে লাভা ঘুরে নিয়েছিলাম। ধীরে ধীরে ট্যাক্সি এগিয়ে চলছে। চালক গাড়ি চালাতে চালাতে গোর্খাল্যান্ড তাঁরা কেন চান, তা বোঝাতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছেন। বলে চলেছেন, পাহাড়িদের দীর্ঘদিনের বঞ্চনার কথা। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও পরাধীন বা আওতাধীন রাখার জন্য নানা রকম বিধি-ব্যবস্থার শিকলে রেখে কায়দা করে বঞ্চিত করা হচ্ছে পাহাড়িদের। এ দার্জিলিং ঘেঁষেই রয়েছে নেপাল, ভুটান আর বাংলাদেশের সীমান্ত। গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও গুরুত্বহীন করে রাখা হয়েছে দার্জিলিংকে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধেও প্রাণ দিয়েছেন দার্জিলিংয়ের গোর্খা সেনারা। সব যুদ্ধে সাহসিকতার জন্য এগিয়ে দেওয়া হয় পাহাড়িদের, কিন্তু এসবের কোনো মূল্যায়ন নেই। ট্যাক্সিচালক জানালেন, কিছুদিন আগেই ব্যাপক আয়োজন করে মংপুতে রবীন্দ্র জন্মোৎসব (পঁচিশে বৈশাখ) পালিত হয়েছে। আরও জানালেন, এখানকার কালো এলাচগাছের বিশেষ সুখ্যাতির কথা। আমি বলায় গাড়ি থামিয়ে এলাচগাছ আর গাছের মধ্যে যেখানে এলাচগুলো জন্মায়, তা দেখালেন। আরও দেখালেন সিংকোনাগাছ। যে গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। মংপুর পথে পথে সিংকোনাগাছের সারি।একটু এগিয়ে ট্যাক্সি এসে থামল এক পরিচ্ছন্ন শান্ত বাংলো বাড়ির সামনে। হ্যাঁ, এটাই রবীন্দ্র স্মারক ভবন। উল্টো পাশেই কুইনাইন ফ্যাক্টরি, যেখানে মৈত্রীয় দেবীর স্বামী কেমিস্ট হিসেবে কাজ করতেন। চালক জানালেন, এ ফ্যাক্টরি বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর মতে, এটা জাতিগত নিপীড়নের প্রকাশ, যাতে দার্জিলিংয়ে কোনো কিছু গড়ে না ওঠে তারই অপচেষ্টা। শুনলাম, কিছু কর্মচারী কাজ ছাড়াই বেতন পাচ্ছেন। কুইনাইন তৈরি হয় ভারতের অন্য স্থানে আর তা তৈরির জন্য সিংকোনাগাছের বাকল সরবরাহ করা হয় দার্জিলিংয়ের মংপু থেকে। একেবারে শান্ত নিঃস্তব্ধ পরিবেশে বড় আঙিনাজুড়ে বাংলোর অবস্থান। গাইড জানালেন, পারিবারিক সম্পর্কের কারণে তিনি এই স্মারক ভবন রক্ষণাবেক্ষণে দায়বদ্ধ। কেননা, তাঁর দাদাই তো কবিগুরুকে পালকি করে বয়ে বেড়িয়েছেন মংপুর এখানে-ওখানে। এ দায়বদ্ধতা থেকেই তাঁর পরিবার স্মৃতিগুলোকে আঁঁকড়ে রেখেছে যত্ন করে। দেয়ালে কবিগুরুর সঙ্গে মৈত্রীয় দেবী, প্রতিমা দেবী (কবি পুত্রবধূ), রথীন্দ্রনাথ ঠাকুরসহ (কবিপুত্র) অন্যান্যের ছবি। এ মংপুতে সবাইকে নিয়ে কবি এত ছবি তুলেছেন! এখানে বসে এত চিঠি লিখেছেন—এসবের সংগ্রহ দেখে অবাক হলাম। দেখলাম সেই ঘর, টেবিল ও চেয়ার, যেখানে বসে কবি লিখতেন।মোটা দুটি মন্তব্যের খাতা দেখালেন গাইড, যেখানে স্মারক ভবনের উদ্দেশে কবির পুত্রবধূ প্রতিমা দেবীসহ আরও অনেকের মন্তব্য লেখা আছে।পড়লাম কবির লেখা অনেক চিঠি। বৌমাকে উদ্দেশ করে মৈত্রীয় দেবীকে নিয়ে মজার মন্তব্যের চিঠিটি পড়ে কবির রসবোধ যে কতটা গভীর ছিল, তা ভেবে হেসে উঠলাম। দেয়ালে টাঙানো নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে অনেক লেখা দেখলাম। জন্মদিনে স্বজনদের মংপুতে আসার আমন্ত্রণ জানিয়ে লেখা পত্র দেখলাম। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার নিয়ম ভুলে যাওয়ার কথাসহ আংটি ও অন্যের পাণ্ডুলিপি এবং বই নিরুদ্দেশ হওয়ার আক্ষেপসহ লেখা চিঠি পড়লাম। দেখলাম, কবির স্নানের ঘর, ঘুমানোর ঘর ও খাট। কামরাগুলো ঘুরতে ঘুরতে আবার চলে এলাম বারান্দার সঙ্গে লাগোয়া ছোট ঘরটাতে, যেখানে বসে কবি লিখতেন। এখানে তিনি বারবার এসেছেন এবং আসতে চেয়েছেন এই মংপুতে। যখন মংপু থেকে ফিরে আসছি, ভাবছিলাম, আবারও এখানে ফিরে আসতে চাই।