কবিতা
জাহিদ হায়দার
বৌঠান
যদি প্রেমিকা শব্দের পরিবর্তে
বাংলা কবিতায় লিখি ‘বৌঠান’,
মেঘের মৃত্যুর সাথে
হূদি ভেঙে সুন্দর পতন গায়
তোমাকে না পাওয়ার গান।
কেবল তোমার জন্যে খুঁড়ছি আকাশ,
শুধু চাই, মুখোমুখি বসে দেখা নক্ষত্রের নীল;
জ্যোৎস্নার বিপরীতে স্পর্শের নিখিল;
একাধিক প্রেরণা ছিল রক্ষণশীল, তবে অভিজাত;
কিছুই ছিল না সাবলীল, পুড়ে গেছে মুখ;
শ্মশানের আগুন আজও ওড়ে;
জোড়াসাঁকোর দেয়াল ভেঙে পবিত্র অসুখ
পদ্মায় তরঙ্গ তোলে, চেনা দীর্ঘশ্বাস।
চোখের গভীরে বেঁচে আছে অর্থবিপর্যয়,
কবিতার দুঃখ-প্রমত্ত ঘরে
নিঃশব্দে দাঁড়ায় বৌঠান, কবির বাঁচার অভিঘাত।
আহমেদ মুনির
কোনো এক সকাল
ধারালো লোহার ফলা গেঁথে আছে মৃত্তিকায়, মাংসে। হাড়ের ভেতরে সেই ব্যথা নিয়ে পড়ে আছে ভোরের পৃথিবী। জানালার বাইরের মেহগনিগাছটাও কি বাতাসে ভাসিয়েছে চালকবিহীন ড্রোনবীজ! এত যুদ্ধ কখন লেগেছে চারদিকে, টের পাওয়ার আগেই ভোর হলো। অথচ কী ভীষণ প্রেমের অভিজ্ঞতা হয়েছিল গত রাতে ঘুমের ভেতর। ভোরের আলোয় সেসব এখন বিছানার গায়ে ময়লা দাগের মতো সেঁটে গেছে। বিষাক্ত তিরের বেগে ছুটে আসে খবরের ধ্বনি। ভোরের বেতার কোথাও বাজছে কাছে। এত যুদ্ধ আজ পৃথিবীতে, সকালের লিঙ্গটাও কি তাই তর্জনীর মতো খাড়া হয়ে আছে!
টোকন ঠাকুর
ভালোবাসা
ভালোবাসার মধ্যে বোকা বাস করে
ভালোবাসা শত্রুতাও চাষ করে
ঊরুমহাদেশের পাশে, একটি কালো তিল,
অনাবিষ্কৃত আফ্রিকা
ভালোবাসা; সেই ভালোবাসা একদিন নিজের
অস্তিত্ব ফাঁস করে।
মোস্তাক আহমাদ দীন
মর্মপীড়া
তুমি চুপে-চুপে সয়ে যাচ্ছ একটি-দুটি সর্প-শিহরণ—আমি তার যতটাই বুঝি, জানি কোন জল কোন পথে গেলে রয়ে যায় দুঃখ-পারাপার, কারও-কারও মনে হয় এই জল ধরে রাখে অক্ষয় কালের অন্তিম
আমি দেখি নির্জনে দীক্ষা-নিতে-আসা গোপিনীর মুখ, দেখি সে নিবিড় মুখ গৃহ-নীরবতা ভেঙে বাজারের দিকে গেলে আজনবি হাওয়া এসে খুলে দেয় দরজা তোমার। তোমার গোপন রত্ন দিনের-রাতের তালুক যথাপাত্রের নিবিড়তা ভেঙে বাতাসে-বাতাসে আজ হই-হই করে
এখন তোমারও মনে হবে আমার এ-শরীর ঠিক দুটি-তিনটি সর্পে শিহরিত
আফরোজা সোমা
একটি ঘুঘুর ডাকে
প্রেম নয়,
বিরহের বন্ধনে বাঁধা পড়ে গেলে
মানুষ কেমন যেন
বিষণ্ন তোতা হয়ে যায়;
ভরদুপুরে অকস্মাৎ
একটি ঘুঘুর ডাকে
মানুষ কেমন যেন
ভেঙে হয় খান খান।
এই দুপুরে,
সোনার কানপাশার মতো
ঝিকমিক করছে রোদ্দুর;
নারকেলের পাতায় পাতায়
হাওয়া লেগে ছড়াচ্ছে সুর;
এ সময়—
এমন স্পর্শকাতর লগ্নে
মানুষকে খুনের নেশায়
হায়! ঘুঘু ডেকে যায়!