কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সানাউল হক খান
বাঙালনামা
এই বাঙালি প্রথম কবে উনুন জ্বেলেছিলো
ধান পেয়ে সে প্রথম কবে ভাতটা রেঁধেছিলো
কোন্ চালে যে প্রথম পায়েস, কোন্ চালে যে পিঠে
কোন্ ঘরে তার খুঁটি-চালার আদিম বসতভিটে
কেউ জানি না এমন জ্ঞানের ধার ধারি না যারা
এই বাঙালি তাই কি কাঙাল, পাগল, ছন্নছাড়া
বলো দেখি নারীর জন্যে প্রথম কাঁকন কার

কোন্ বাঙালি শিখিয়েছিল প্রেমের হাহাকার

কোন্ বাঙালির রক্ত থেকে প্রথম আতর মেখে
জন্মভূমির ললাটজুড়ে তিলক দিলো এঁকে

কোন্ বাঙালি অবাঙালির যৌন শিহরণ
কী সুখে সে করেছিলো অগম্যগমন

এই বাঙালি বেশি বোঝে জোয়ার-ভাটার অর্থ
ভালোবাসায় খুঁজে বেড়ায় খানাখন্দ, গর্ত

এক পাড়াতে রাজা তবু অন্য পাড়ায় প্রজা
এই বাঙালি সাপের ছোবল, প্রয়োজনে সে ওঝা

এই বাঙালি নষ্টভ্রষ্ট, এই বাঙালিই সতী
সোজাসাপ্টা বলে বসে: ওরা সমাজপতি

এই বাঙালি নিয়ম-করা খোদার প্রিয় বান্দা
ভার-বয়সে ভালো দ্যাখে, যৌবনে সে আন্ধা


আবু মুসা চৌধুরী

দামোদর
সেনাপতির মৃত্যুর পর, বিষণ্ন, যে যোদ্ধা
যখন অবদমিত আকাশে চেয়ে থাকে,
স্খলিত নক্ষত্র এসে
ছুঁয়ে দেয় তাকে।
হাত রাখে কাঁধে
বৃষ্টিতে ভেজার আগে
ওরা কাঁদে;

তারপর ঘোরে
ক্ষুর ও দামোদরে।

.
.

সেলিম মাহমুদ
হঠাৎ লাল রঙে তুমি
ঝোপঝাড়ের আড়ালে হাসিখুশি দাঁড়ালে
লালের প্রাধান্য দিয়ে সৌন্দর্য বাড়ালে
তোমাকেই দেখি আয়নাতে আরশিতে
চমকানো চমকের আলোক শিখায়
কিছু গাছ, কিছু গাছপালা, বাগানে বাগান
কিছু পরিত্যক্ত পোড়োবাড়ি, দলছুট
অর্থহীন, অর্থ হলো
দেয়ালে দেয়ালে বিদ্যুৎ চমকালো
যেন আলোকসজ্জায় ঝলমল বিয়েবাড়ি
আর তুমি তার জুড়িদার নববধূ
এক বিকেলের গল্প হবে হয়তো এমন
আর আড়ালের তুমি সামনে দাঁড়ালে।

মোস্তাক আহমাদ দীন 
ঋতুসন্ধি
নেমেছে শীতল ধারা 
বৈশাখের নালিতার শেষে, তবু 
মুখ ভার করে আছে রাঙা মিনজিরি ফুল 
যেন সাপের ফণার ঢঙে বিষালো বৃষ্টি, আর, 
পূর্বমেঘের রাগে চিরপতনের নাম ধরে
গর্জে ওঠে পুরাণ-শিঙাটি
মনে ক্ষারছায়া মেখে আজও 

চুপ মেরে বসে আছে বাগানের লাল কৃষ্ণচূড়া,
জলরাঙা রঙ্গন-গোলাপ, ভেজা ভেজা ছিল ঘাস,
ভেজা-ভেজা কদম-জামির, তবু মন
আহাকারে হাহাজারে ভারী
হুয়ারা গাছটি ধরে জারিদীর্ঘ বারোমাসি
গেয়ে ওঠে বাগানের প্রহরী ও মালী

সারাটি বছর জুড়ে
খরাদাহ-স্মৃতি নিয়ে স্থিরঠায় ভেজা গ্রীষ্মকাল?

.
.

শেলী নাজ
প্রহেলিকা
কোমরের নিচে ঝাপটানো নদী, নীল তিমিদের গান
সোনার বল্লমে গেঁথে রেখেছি আবহমান
সে তো তোর জন্য, সমস্ত আতশবাজি, কুসুমপুকুর
দু’বুকে লুকিয়ে আনা চোরাস্রোত, অসহ্য আঙুর
ছাই খুঁড়ে দ্যাখ দীপাধার, কোমল তারকা জ্বলে
জাদুর পকেটে নিয়ে তুই চলে যাস রহস্যজঙ্গলে
আমার নিঃশ্বাস-জমা বেলুনগুলোও উড়িয়ে দিয়েছি

সেফটিপিন খুলেই বইয়ে দিয়েছি বসন্তের শাড়িভর্তি কুঁচি

ডুকরে উঠেছে যে গমখেত তোমার ভোজালিটি নিয়ে
ফুটন্ত কেটলি থেকে যে বিষ ও বাষ্প পড়েছে গড়িয়ে

সবই অতৃপ্ত, তোর জন্য তবু শিরাভর্তি তুলে রাখি মদ
আমার না হোক, তোর বজরায় লাগুক প্রমোদ

পোর্সেলিনের বাটিতে খেতে দিই দুধ, তাজা রক্ত
হে পরম প্রহেলিকা, পুরুষ আমার, তবু তুই এত বিমুখ, বিরক্ত!