কবিতা

জাহিদ হায়দার
অন্ধকার
ভেবেছিলাম, গোলাপ দেবে;
‘ঘাতকদের সময়’ তুমি পড়তে দিয়েছ৷
ঘুমের ভেতর আমি নগ্ন অক্ষরের ফিসফাস
আর কাগজ হাঁটার শব্দ শুনেছি৷
জানলার গ্রিলে পা তোলা হরিণের নকশা,
তাদের মায়াবী ছায়া মেঝের রৌদ্রঘরে সকালে দিয়েছে লাফ৷
জেগে উঠে দেখি, এক শ নতুন কপিতে
আয়নার সরোবর ঢাকা৷ দেখতে পেলাম না আমার চেনা মুখ৷
চোখের ভেতর, ফুলদানির গ্রীবায়, চার দেয়ালে,
তোমার উপহার হাসছে৷ নাচছে৷
‘সময়’ অনেক হলো নতুন প্রচ্ছদে৷ আমাকে লাত্থি
মেরে ঘর থেকে ফেলে দিল ড্রেনে৷ বাজাল নরক
থেকে আনা আগুনের শিস৷ গাইল এস্পেরান্তো ভাষায়
বুজরুকি দেশের গান৷ ফুলের টবে বইয়ে দিল
বৈশাখের ঝড়৷ রাস্তার প্রহরে লাফ দিল বিজয়-আনন্দে৷
এবার লাল-কালো প্রচ্ছদে ঢেউ শুধু ঢেউ, বন্যার কল্লোলে
যাচ্ছে লোকালয়ে, কখনো গোয়েন্দাপায়ে বাংলার
ঘরে ঘরে, জাতিসংঘের শান্তিসম্মেলনে, সবুজ অরণ্যে,
নদীর তলদেশে, ধর্মঘরে আর প্রেমিক-প্রেমিকার বাহুর বন্ধনে৷
দিকদিশাহীন আমি দৌড়াতেই থাকি৷
তানভীর মাহমুদ
বৈঠাহীন নাও
কেশরমথিত মেঘ
গলমান আলোর মরমে ছায়া রাখে
প্লুত বীজ পলির কোরকে
জলের আঙুল ছানে কূল
গুঞ্জনভরা দেহ তার
উষার জলধিতে ভাসে নাও বৈঠাহীন
শ্রুতির কেন্দ্রে ছায়ার নীলার্দ্র উজান—
আলো আভাসের আকাশগঙ্গায়