কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফরিদ কবির
জানালা
ঘরের জানালা খুলে সহজেই দেখে নিচ্ছ সম্পূর্ণ আকাশ
আর, আমি জানালার কাছে
কিছুতেই পৌঁছুতে পারি না
চেয়ার-টেবিল ঘিরে ধরে চারপাশ থেকে
দরোজার ছিটকিনি টেনে ধরে শার্টের কলার
বিছানাটা এত উঁচু, টপকানো কঠিন
তবু বারবার যাই
আর, জানালাও বারবার সরে যায়
একদিন সূর্যকে দেখি—ডুবে যেতে যেতে
উঁকি দিয়ে যাচ্ছে তোমাদের জানালায়
আমার জানালা থেকে যায় অধরাই
স্পর্শহীন, সূর্যহীন...

.
.

আলফ্রেড খোকন
প্রাথমিক স্বপ্নেরা

প্রথমে তোমার গল্প অল্প অল্প শুনে দূর থেকে দূরে
প্রথম প্রথম তোমার গল্পের ভিড়ে পাশের রোদ্দুরে—
আবার শুনতে ইচ্ছে হলো যখন সন্ধ্যার অল্প আলাপে
চারপাশের মন্দারা ক্রমশ ভরে উঠল চায়ের তাপে;
মুখ ফিরিয়ে নিয়েছি বহুবার শুধু তোমার প্রশংসায়
আড্ডায়, সেলফোনে, তোমাকে পাবার আকাঙ্ক্ষায়
পরস্পর কথা বলছে কতবার কতভাবে তোমাকে;
কেবল লটারিতেই পাওয়া যাবে এমন প্রিয়তমাকে!
পেয়ে গেলে দেখা যাবে দাম তার হু হু করে বাড়ে!
রাতের ঘুমেও কেবল তোমার বিস্ময় এই হাড়ে;
প্রথমে বুঝিনি তোমার জন্য প্রেমিকের এত ভিড়—
আইপিওতে নাম লেখাতে মন হয়নি মোটেও স্থির
যার জন্যে আলোড়ন এত সাড়া এই দারুণ বাজারে
ক্রেতা আছে কোটি কোটি—সে ধরা দেবে হাজারে।

.
.

জফির সেতু
তোমার আঙুল

তোমার আঙুল ধরতে গিয়ে দেখি আমি পড়ে গেছি খাদে
প্রহর কম্পিত করে রাতজাগা যে-পাখিরা উড়ে গেল
তাদের ডানার বিস্তার পুবে আর পশ্চিমে
আমি শুধু বঙ্কিম রেখাটির নিচে দাঁড়িয়ে নীল নক্ষত্রটি দেখি।
মুহূর্তে উধাও আকাশের আলোর সমান তোমার প্রেম
কেশর-গর্ভ অন্ধকার থেকে জন্ম নেয় যে অজস্র ঋতুচক্র
আর ঝাঁঝালো গর্ভাশয় তার ভেতর একে একে ঢুকে যাচ্ছে
স্মৃতি শঙ্খ দয়িতা আর সংশয়ের রেণু
তোমার আঙুল ধরতে গিয়ে দেখি ধরে আছি অচেনা বস্ত্রের খঁুট।