কবিতা

আমার জাদুর বাক্স
আমার হাতে আর কোনো জাদু নেই, জাদুর বাক্সটি
আমি ভূমধ্যসাগরে ফেলে দিয়েছি
একেবারে তলদেশে, টাইটানিক উদ্ধার হলেও
এই বাক্স উদ্ধার হবে না;
এবার আমার সাথে যা ইচ্ছে করতে পারো,
ইচ্ছে করলে এই অনধিকারপ্রবেশকারীকে তোমাদের
নগরদুর্গ থেকে বহিষ্কার করতে পারো,
আমার কিছুই বলার নেই, আমি এক নির্বাক পাথর;
আমার আঙুলে সেই জাদুর ঝিলিক নেই, সেই
রূপকথার রোমাঞ্চ নেই
রুমাল পুড়িয়ে আমি আর তোমাদের হাতে
আশ্চর্য গোলাপ তুলে দিতে পারি না,
ছেঁড়া কাগজের টুকরো থেকে
বানাতে পারি না মুঠি মুঠি সোনার মোহর
আমার দুহাত এখন বরফযুগের মতো শীতল৷
আমার জাদুর বাক্স আমি ফেলে দিয়েছি, জাদুর কাঠি
ভস্ম করেছি আগুনে
হাতের আঙুল থেকে মুছে ফেলেছি সমস্ত রঙের চিহ্ন,
শরীর থেকে খুলে ফেলেছি জাদুর পোশাক
নিঃশব্দে নিভিয়ে দিয়েছি ম্যাজিক-মোমবাতি;
আমার হাতে আর কোনো জাদুর বাক্স নেই, তাক লাগাতে পারি
এমন কিছু নেই,
আমি আর হ্যামিলনের বংশীবাদকের মতো কাউকে
মোহিত করতে পারি না৷