কবিতা
হাসান হাফিজ
নিরুদ্দিষ্ট হওয়াই নিয়তি!
স্বপ্ন যদি নয়নলোভন কোনো কাচ হয়
ভেঙেচুরে যাওয়ার মতন কিছু সম্ভাবনা
একটু আধটু থাকা স্বাভাবিক
‘সম্ভাবনা’ এই শব্দ বদলে ফেলে বলতে চাই
নেতি শব্দ ‘আশঙ্কা’ যা ক্ষতির ইঙ্গিতবহ
লাগসই প্রয়োগ সেটাই,
কাচ ভেঙে দীর্ণ হয় গুঁড়ো হয়
চূর্ণিত সে অগুনতি কাচের মধ্যে
একরূপ লাঞ্ছনার আপাতনিরীহ কোনো ছায়ামায়া
খুঁজে পাওয়া অসম্ভবও নয়
এ রকম ভাঙচুর জখম রক্তাভা রং
যখন সাম্রাজ্য তার সহজেই প্রসারিত করে
কী করে অর্জন বলে গণ্য করি
কবির মতন দীর্ণ নিঃস্বপ্ন মানুষ
অসহায় চেয়ে চেয়ে দেখে চলে শুধু
কারণ কোমল স্বপ্ন অবিশ্বাস্য দ্রুততায় গুম হচ্ছে
যেন ওর নিরুদ্দেশ হওয়াই নিয়তি!
প্রকৃতিও আষ্টেপৃষ্ঠে বন্দিনী নিলাজ
হেলদোল ঢেউ নাই ওঠাপড়া নাই...

মাসুম মোকাররম
কথা, ছিন্ন সুর
কাল বৃষ্টির কথা ছিল। তোমাদের প্রতিবেশী চলে গেলে বৃষ্টির ভেতর লাল মেঘের দেখা পাওয়া যেত। বৃক্ষের নিচে খৈ রোদ। দেয়ালে লাগানো যে মুখোশ সে জ্যোৎস্নার ফলিত আলো। এখন হাঁটার সময়। দূরে যে ঘণ্টা বাজিয়ে চলে যায় কালের পুতুল তার থেকে জেনে নাও পিয়ন আর আসবে না কোনো দিন। মুখের অর্ধেক ঢেকে রাখে নারী। অর্ধেক থাকে গোপন গোলাপ। দেখা হওয়া মানে প্রিয় মুখের পেছনে রাখা বলিরেখা।
খুলে দাও চোখের দুয়ার। নেচে উঠুক স্বর্ণের দুল। বন্য বালক। এভাবে দরজায় দাঁড়ায় খেয়ালি রুমাল। নিকট অতীত সংশয় সংখ্যা—ঈর্ষা ও আঘাত। ময়ূরের দিকে তাকানো সবাক সান্নিধ্য নয়। প্রতিবার পতঙ্গ তবু আলোতে ভাসে।
খুব ভাবো বৃষ্টিতে।
রাশেদুজ্জামান
সন্তর্পণ
অনেক অনেক রঙিন খাম নিয়ে এসেছে মেঘসাদা কবুতরের ঝাঁক, আমি হারিয়ে ফেলেছি, বিপুল শুক্রবার এক পড়ে আছে পরিত্যক্ত তটভূমি, মুছে গেছে সন্তদের পায়ের ছাপ, ইঁদুর মারব বলে যত বিষাক্ত গম ছড়িয়েছিলাম, কারা খেয়ে গেল, প্রভু, আমার কোনো কনফেশন নাই, তুমি তো একটা ঘুমন্ত পাখি টুপ করে খসে পড়ে—পড়তে পড়তে উড়ে গেছ, ঢুকে গেছ অনন্ত সুড়ঙ্গে, ভাঙা এক কবর ফলকবিহীন, এখানে আমার জীবিত ও না-জন্মানো শত্রুদের নাম ফলকজুড়ে লিখে রেখে আসব চুপে চুপে, সন্তর্পণ শব্দটির তালুতে, ভাসমান এই দ্বীপের নাম অবিমৃশ্যকারিতা, এখানে সবকিছুর বদল চলে—তেজপাতার বদলে ঘুম, ঘুমের বদলে কাঠবিড়ালি, কাঠবিড়ালির বদলে বেলিড্যান্স, বেলিড্যান্সের বদল কিছু হয় না, এসো নাচি, অন্তরিক্ষ সেলাই করে চলে যাচ্ছে হিরণ্ময় প্রজাপতি, এসো নাচি, এসো আরও গুপ্তরোগ বিনিময় করি