কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়ুখ চৌধুরী
লোককথা
অথচ লোকটা ছিল খুবই হালকা-পাতলা ধরনের
তবুও
খাটিয়া বহন করতে যেয়ে
নুইয়ে যাচ্ছে এতগুলো বলিষ্ঠ শরীর
তার না-বলা কথার ভার এত বেশি
এত বেশি কেন
কী কথা সে বলতে চেয়েছিল
অথচ এ জমাট পাথর
একাই বহন করে একজন একাকী মানুষ
একটা জীবন দিব্যি পার করে দিল
সরকার মাসুদ
এখন
ঝড় এসে ভেঙে দিয়ে গেছে পথ
তারপর সাঁতারমগ্ন হাঁসের ছবির বদলে
আধমরা ডালে ডালে বিষপিঁপড়ার সারি
স্যাঁতসেঁতে দিনজুড়ে হারানোর ছোপ ছোপ দাগ!
হিজল ঝোপের মাথায় পোকাখাওয়া একটা চাঁদ জ্বলে।
ঝড় এসে ছিঁড়ে দিয়ে গেছে খাতা
তারপর প্রজাপতির নেচে নেচে যাওয়ার বদলে
ক্ষেত-জঙ্গলের ঢালে গিরগিটির উঁকি!
ইঁদুরের গর্তের মুখে বড় একটা পাতা
শিরদাঁড়ায় আগুন নিয়ে পড়ে আছে পাতা!
এখন জলপাই রঙের স্বপ্ন
শরীর ডুবিয়ে রেখে, নাক উঁচিয়ে ভেসে আছে
মহিষের মতো, নাব্যতা হারানো পোড়াগঙ্গায়।