কবিতা

ফারক মাহমুদ
অন্ধ দস্যু
কপাট ভাঙার শব্দ। বলতে পারো আমি সেই দস্যু
চোখের বন্ধনে নয়। অনন্তের। রয়েছি প্রস্তুত
কর্মহীন টিকে থাকা ক্লান্তিকর। হাতে-গোনা সংখ্যা
পাথরে প্রজ্ঞার মুখ! স্তূপাকার—শ্রমের কঙ্কাল
যথেষ্ট হয়েছে জড়ো। জড়বস্তু। অসার গর্জন
কোন কাজে লাগে বলো থিতু মেঘ! প্রতিভার বর্জ্য
দাঁড়াবে সামর্থ্য পায়ে। কেউ বলে, কর্মটা স্পর্ধার
মনের জানালা থেকে খুলে ফেলো দমবন্ধ পর্দা
নির্মাণ যথেষ্ট নয়। পড়ে থাকে পথচ্যুত চুমু
দুচোখে অনড় ক্লান্তি। ঝড় নেই ব্যগ্র ও তুমুল
পেছনে প্রসন্ন মেঘ। বিভীষিকা উঁচু নিচু ধ্বংস
আমার কী কাজ বলো পুষে রাখা মৃত্যুর সংশয়
কোন চোখে নোনাজল, কোন চোখে জন্ম নেয় অশ্রু
কেউ না জানল যদি..., জানা আছে অন্ধ এ দস্যুর
খালেদ হামিদী
আমাদের মধ্যে
কে তুমি কহিতে বলো ভালোবাসি?
উত্তর পঞ্চাশে তাই না নিয়ে বিদায় ফের পৃথিবীতে আসি।
স্তনকে নারকেল লেখায় যে তুমি বিক্ষুব্ধ
জানো না একজন কবিতেই ধৃত কত
মনুষ্যচরিত্র, দৃষ্টির প্রতিভা আর
বিচিত্র রিরংসা। মূল্যায়নে অপারগ আরেক কনিষ্ঠজন
টিভির উপস্থাপক হেন প্রায়, কহে নির্দ্বিধায়:
কিছু না লিখলেও আমি তবু সঙ্গে থেকো।
পুছি: এ কথা কেন রে ভাই,
আমাদের কারও মধ্যে কোনো বিজ্ঞাপন বিরতি তো নাই!
জাহানারা পারভীন
সাপ
করিডরে পড়ে আছে সাপের খোলস
তার মানে, উপদ্রব এখানেও
উপদ্রুত এলাকা থেকে এসেছিল যারা,
যারা অলস মফস্বলের জলে কেটেছে সাঁতার
তাদের সহবাসে জন্ম যে নতুন প্রজন্মের,
তারাও রেখে গেছে বংশবীজ
পরিত্যক্ত খোলস দেখে ভাবি,
এই পোশাকের জন্য শোক আছে কোনো, কিংবা স্মৃতি?
যেমন স্মৃতির ভেতর ফোটে হলুদ শর্ষে
পাকা শর্ষের তৈলাক্ত হাসি, তার রং কি বৃদ্ধ গ্রামে
তিলখেতে থাকা সাপের রঙের কাছাকাছি?
হাসি দেখে আজকাল কিছুই মনে হয় না,
কোনো মুগ্ধতা, বিস্ময়, বিরাগের কাছাকাছি নেই বলে
অন্ধকারে জ্বলে ওঠা সাপের মণিটিকে চেনা যায়,
আর চেনা যায় পোষা কবুতর,
সাপের মালা পরে, পায়ে, উড়ে গেছে নির্ভয়ে
এসব উড়াল অবমুক্ত করা হবে না? পাখি দিবসে
স্মরণিকায় ছাপা হবে না রক্তাক্ত পায়ের জলছাপ,
আকাশ থেকে ঝরে পড়া রক্তের চিহ্ন?