কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

মাসুদুজ্জামান 
সিম্ফনি
সেই প্রথম তার দুই স্তন আমার মুঠোর মধ্যে
পরিযায়ী সাদা মেঘের মতো উড়ছিল
আগুনপালঙ্কে আমরা দুজন তখন শুয়ে আছি
বিটোভেনের সোনাটায় ভিজে গেল সমস্ত শরীর
ওষ্ঠের অতলে বিধুর বেহালা বেজে উঠল
নাভিমূলে দ্রাক্ষামদির জ্বলন্ত জিভ নভোনীল
পাহাড়ের সানুদেশ থেকে মেষপালকের
সবুজ পশম নিয়ে উঠে গেল সমুদ্রশিখরে
অরণ্যের পথে তখনো প্রজাপতির ওড়াউড়ি
নোনাঘামে মাখামাখি পিঠে বিঁধে গেল নখ
প্রত্নযুগের ঘোড়া গ্রহান্তর থেকে ছুটে এসে
শ্রোণি আর দু পায়ের রোমরাজি ছুঁয়ে
নেমে গেল উরুসন্ধির নীল দ্রাক্ষাদ্বীপে
নক্ষত্রের সোনালি আলোয় দাউ দাউ করে
জ্বলে উঠল বহুবর্ণ তাঁবু, উড়ন্ত বিছানা


হোসেন দেলওয়ার
গাজা
জায়মান জ্যোৎস্নায় ভেসে থাকা মেঘ

জানালার বাইরে অগণিত পিচফল
তুমি ব্যাকুল শুশ্রূষা নিয়ে জেগে আছ সাইরেন
তখন যুদ্ধের দিন
মৃদু দাবদাহে
যে কিশোর বাবা-মা’র কবরের মাঝখানে শুয়ে আছে
তার চোখে ক্লান্তি শেষে চেরিফুল ঝরে পড়া কোনো দৃশ্য নেই
সান্ধ্যপাখিদের বাড়িফেরা কোলাহল নেই—
শুধু থেমে থেমে বেজে ওঠা সাইরেনে ঘুম ভেঙে যায়...

বুঝি এই অনিঃশেষ যুদ্ধযাত্রা শুরু হলো তবে