কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: কাইয়ুম চৌধুরী
অলংকরণ: কাইয়ুম চৌধুরী

কাইয়ুম চৌধুরী
হেমন্তে যমুনা
ধূলিওড়া হেমন্তের ধান তোলা মাঠে
লালশাড়ি একাকিনী
নাকছাবি দোলে
ছাগশিশু কোলে
হলুদ প্রান্তর ঘেঁষা বটবৃক্ষ তলে
মঙ্গলহাট—
সুবালার হাতে নকশীবয়ন
ফুলের চয়ন
বিকিকিনির কোলাহল কেমন জমাট।

ভাদ্রের ঘর্মাক্ত তাপ
শ্যামল মুখে উড়ন্ত চিকুরে
গোধূলির জলছাপ—
সুরলহরী কর্ণকুহরে
বহু পুরাতন
লোকজ কথন
ছহিবড় জঙ্গনামা
অতিক্রান্ত হয় কোজাগরি ত্রিযামা।

হেঁটে আসে কারা
ঢেঁকি ছাঁটা চাল কোঁচড়ে বাঁধা
হাটিকুমরুল বাজায় দোতারা।

ভাঙনের শব্দ শোনে যমুনার তীর
শর্ষে খেতে ছাওয়া জমি-জিরাত
নদীগর্ভে বিলীন বিধাতার হাত।

এমনই কপাল
শস্যহীন জাল—
এখনো সুবাস ছড়ায় রসের পিঠে
জয়নবের হাতে।

হেমন্তসন্ধ্যায় ঘুঘুর বিষণ্ন ডাক
ভেঙে পড়ে নদীতীর
যমুনার বাঁক।

টোকন ঠাকুর
শেষের পরে
হতে পারে, সব কথা শেষ হয়ে গেছে
সব ভাষা চুপচাপ দাঁড়িয়ে আছে তুসোর জাদুঘরে
যতিচিহ্ন মুছে গেছে সব, রাস্তায় কোনো বিশ্রাম-বিরতি নেই
গন্তব্যপুরের গ্রাম আর চোখেই পড়ে না
তাহলে, এর পরের অবস্থা কী?

কী রেখে যাচ্ছি তবে পুরোনো নদীর কাছে, যে নদীতে একদিন
ভেসে গেছে বেহুলাবান্ধব ঢেউ, সহস্র কবিতা!
কী এঁকে রাখছি তবে চিরকালের মহাদিগন্ত-ফলকে?

কথা যদি শেষ হয়ে যায়, ভাষা যদি লিখে দেয় ‘সমাপ্ত’
কী দিয়ে যাচ্ছি তবে তরুণ কবির হাতে? কী? কী?

তারই-বা কী হবে, কেবলই নতুন বাক্যে ডুব দিয়ে সারা রাত নির্ঘুম
যে মেয়েটি একটি নতুন কবিতা পড়েই পোড়ে ধিকিধিকি!

ইমরান মাঝি
ইতস্তত রাত
দিন তো দিনের মতো চলে যাচ্ছে, চলে যাচ্ছে, রেখে যাচ্ছে ক্ষত। দিন শেষে রাত আসে হয়ে ইতস্তত।

ছোট ছোট শিশির পড়ে। চরে চরে। গরুগুলি নাচে। এই দেশে কৃষকেরা হওয়া খেয়ে বাঁচে।

আমি ঘরে বসে থাকি। কৃষকের মুখ আঁকি। কালি দিয়ে কালো। সন্ধ্যায় বলে দিই দিন গেল ভালো। এই ভাবে যাচ্ছে। কোথায় কে নাচছে। চারিদিকে ভাঁড়। দিন শেষে সকলেই চারপদ ষাঁড়। এই ভাবে চলে যাই রেখে যাই ক্ষত। দিন শেষে রাত আসে হয়ে ইতস্তত।