কবিতা

জাহিদ হায়দার
দুঃখের গর্বসমাচার অথবা প্রতিযোগিতা
(দুজন অর্থ-ধনী লোকের কথোপকথন)
‘আমার ব্যালকনিতে মরে যাচ্ছে সাউথ আফ্রিকার ক্যাকটাস,’
‘আমার নতুন মাছগুলির খাবার আসছে না সিঙ্গাপুর থেকে,’
‘এখনো গুড মর্নিং বলতে শিখল না আমার ব্লু ক্রাউন্ড প্যারোট,’
‘আমার কমপ্যানিয়ন ডগ আমার ছোট শালীর কোলে বসে থাকে’,
‘বউ যেতে পারেনি কুলখানিতে, কেবিনেটে পায়নি ফ্রান্সের ব্লাক শিফন,’
‘শুক্রবারে পাঁচতারা হোটেলে শাশুড়ির চল্লিশার বুকিং পেলাম না,’
‘আমার পঞ্চাশটি আন্ডারওয়্যার ফেলে দিল নতুন গার্লফ্রেন্ড,’
‘তিন মাস আগে কেনা আমার চল্লিশটা টাই পুরোনো হয়ে গেল,’
‘আমার বাগানবাড়ির দেয়ালে বাঘের চামড়াটা ভালো লাগছে না,’
‘এবার সাপের বিষ গোপনপথে পাঠাতে অনেক ঝামেলা হলো,’
‘টাকা যাচ্ছে, এক নতুন মডেলকে বাগে আনতে পারছি না,’
‘বম্বের থার্টি ফার্স্ট নাইট এবার জমেনি, ক্যাটরিনা ছিল শুটিংয়ে ব্যস্ত’,
‘আমার বারিধারার ডুপ্লেক্সের জন্য ইতালির টাইলস পাচ্ছি না,’
‘লন্ডনের বাড়িতে ল্যাংড়া আর হিমসাগরের চারা মরে গেল,’
‘আমার পিকটোরিয়াল কামসূত্রের পাঁচটি ছবি কেউ ছিঁড়ে নিয়ে গেছে,’
‘চিন্তা হচ্ছে, হেফনার মরে গেলে প্লেবয়ের স্ট্যান্ডার্ড কমে যাবে,’
দুই শ বছর ধরে দুঃখ-যাপনের এইসব প্রধান আলাপের উল্লাসে
এবারও আমাদের গরিব শহরে সমরাস্ত্র প্রদর্শনী বন্ধ হলো না।

মাসুদ খান
হিসহিসে সাপের ভাষা
প্রেমের প্লবতাগুণে স্রেফ বিশ্বাসে নির্ভর করে
অতীত নিভিয়ে দিয়ে, ধর্ম-গোত্র-পরিজন ছেড়ে
প্রেমিকের হাত ধরে একবস্ত্রে চলে
এসেছে মেয়েটি।
এসেই পা হড়কে পড়ে গেছে
পাপ আর পাঁকে পূর্ণ সংসারের কুয়ার ভেতর।
অচেনা সংসার-ভরা কিলবিল-করা সাপ।
তারপর,
নীল হতে হতে নীলকণ্ঠী মেয়ে
একদিন সংসারের সবগুলি কাঁথা পুড়িয়ে দিয়ে
সাপেদের লেজে লেজে গিঁট লাগিয়ে, লম্বা দড়ি বানিয়ে
তা-ই বেয়ে ঠিকই উঠে আসে সে গহ্বর থেকে।
আর সেই প্রেমিকপুরুষ
যে কি না একদা মরতে রাজি ছিল
এক নয়, তিন-তিন দফা—
সে এখন কুয়াপাড়ে, বিভীতকী গাছের মগডালে বসে
দুই দিকে দুই পা দুলিয়ে ভাবলেশহীন
বাজিয়ে চলেছে গায়ে-ফোসকা-ফোটানো
বিছুটি পাতার বাঁশি।
হিসহিসে সাপের ভাষা একদম গেঁথে গেছে মেয়েটির মনে।
পিয়াস মজিদ
রক্তঋদ্ধ
চৈত্র কবে শেষ তবু ঝরা পাতার পটভূমি অপার। সমুদ্রের ইন্দ্রিয়সমুচ্চয় স্রোতের ভাঁজে ভাঁজে দেখায় কত সুরম্য রক্তের নন্দন। বাহারি অগ্নির মুঞ্জরণে পুষ্পও প্রকরণ পাল্টায়। আজ তাই নৃত্যভেলায় একচ্ছত্র গোলাপের মিউজিক শুধু। জীবন নামের এই রূপসী মঞ্জিলে কঙ্কালেরও বয়স বাড়ে, রাত্রির কৃষ্ণকেশে চলে জ্যোৎস্নার চিরুনি। মৃত্যুপঞ্জির নির্জন কত কারুকাজে নরক আছে বিভাশীল আর তোমার লিরিকের প্রবেশিকায় অনুত্তীর্ণ আমি; রূপকথা-স্বর্ণকথার বিষণ্ন বাদ্যে ক্রমশ গুম হয়ে যাই। এভাবে সুন্দর-নিঠুরের গীতিময়তা তারাশস্যের মতো অস্তিমান ফুটে থাকে ভূমিহীন স্বপ্নক্ষেত্রে আমার