কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

ফারুক মাহমুদ
আগুনে আপত্তি নেই
ফলপ্রসূ চুম্বনের আগে গলাটা জড়িয়ে ধরা সাহসের কাজ
আমি সেই কর্মটি করেছি
সেই থেকে—থেকে আছি, ঝুলে আছি কীর্তিস্মারকের মতো
তোমার গলায়

অনেক আকাশ আর অনেক সমুদ্র
অনেক অবজ্ঞা আর অনেক প্রশ্রয়
অনেক বিরোধ আর অনেক আপস
অনেক পাথর আর অনেক কুসুম
মাঝে মাঝে চমকে ওঠে আগুনের বিপুল হাওয়া

মাঝে মাঝে আমাদের স্বপ্নতন্তুতুলো
ফুরিয়ে নিয়েছে স্মৃতি, উপেক্ষার বেঁচে থাকাগুলো

শাড়ি একটু উঁচু করে কাদাকষ্ট পেরুনোর মতো
ফিরিয়ে নিয়েছ মন, আমারও সেই উপক্রম

আগুনে অপত্তি নেই। একটি শুধু ভয়—
গলা ছেড়ে (নিচে-পাশে) যদি কোনো প্রেমে পড়ে যাই!

অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

শামসেত তাবরেজী
রাত
ঘুঙুর যখন ছিঁড়ল তখন রাত
রাত্রি তখন মেঝেয় গড়াগড়ি,
গড়া তখন গড়ির কাছে গিয়ে
কাছের কথা বলল সরাসরি:
সরাও তোমার দুধের জামবাটি,
বাটে কেন ফেলতেছ এইটাকে,
টাকার জোরে নাড়ছ কলকাঠি?
ঠিক করে বল্ কী উদ্দেশ্য তোর,
তরমুজের ভেতর দেখতে চাস?
চাষ্য নই যে করবি চাষবাস—
বাস-বাসনা ফাঁকা এ ঘরদোর,
কবেই উধাও খটখটিয়া তাঁত!


অনন্ত সুজন

পরিহাস
দিতে পারি যতটুকু চাও, তারও অধিক
ঋতুর বিরহ। শৈত্যপ্রবাহের সুপেয় সন্ধ্যা
বরফের নিপুণ নিপীড়ন—নাকফুল, মালা
হতে পারে পায়ের নূপুর সুভদ্র তুষারধারা
আর ঐ হিমায়িত কথার পরাগ যদিও
মুদ্রণহীন সারল্যে ভরা। এখনো পুবের
ক্রমিক আলো পশ্চিমের তামসিক আঁধার—
বটপাতা নিরক্ষর আজও। অস্ফুট গুঞ্জরনে
উজাগর-পরিযায়ী পাখি ডানা ঝাপটায়
অনুক্ষণ। অযুত ক্ষরণের অভিযোগ শুধু কি
একার? রণশিঙ্গা বাজে, বয় ধূলি-অগ্নিঝড়
হয়নি সময় তখনো তাকিয়ে দেখার!