কবিতা

আলতাফ হোসেন
ঘূর্ণি
যখন কলকাতায় কয়েক দিন থাকতে যাই
তখন ঢাকায় থাকি না, কিছুতেই থাকি না তখন
ঢাকায়
আর
কোথাও না কোথাও যাব-যাব করি, যেমন কচুক্ষেতে
গ্রিন রোডে, হলুদ ট্যাক্সি এসে দাঁড়ায়
অটো দাঁড়িয়ে পড়ে ডাকে
পার্ক সার্কাস, পার্ক...
অনেক অনেক বড় রণপা ছাড়া কী করে চলবে আমার?
বাল্টিমোরের ব্যাপারটাও যদি ধরো
চাটগাঁর বাবার বাড়িটির জানালায় তখন কেমন
ভেজা নক্ষত্রের ঝাপটা, সাদা ওড়নার লতা!
অনেক পাওনা আমার, হায়
তা না নিয়েই একদিন
কীভাবে ফিরব
কে জানে

মাহবুব কবির
তারা হতে ইচ্ছে হলো তার
ছাদে উঠতে চায় না, একেবারেই ওঠে না
এ রকম অনেককে চিনি আমি।
ছাদে উঠলে তারাদের মতো শূন্যে ঝুলে পড়ার ইচ্ছে জাগে,
ইকারুসের মতো আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছে হয়,
নিচের দিকে তাকালে মাথা চক্কর মারে,
রুপালি মাছ অবচেতনে ঘাই মারে, বলে—
অনেকেই ছাদে উঠতে চায় না—একেবারেই ওঠে না।
আমিও ছাদে না-ওঠার দলের মানুষ।
পাশের বাড়ির ছেলেটিও আমার দলের।
পূর্ণিমার ইশারায়—
নববধূর মনোবাঞ্ছায় ছাদে উঠেছিল সে।
পাশে প্রিয়তমা বধূ—
তার পরও তারা হতে ইচ্ছে হলো তার; এবং
সে শূন্যে উড়ে গেল!