কবিতা

হাসান হাফিজ
কী কারণে মানুষ পারে না
কবিতার ছুটিছাটা নাই। থাকলে ভালো ছিল।
ছন্দ গেঁথে গেঁথে, মর্মর পাথরে আত্মা, ধূপ ধুনো
নিপুণ মিশ্রিত করে সৌধ গড়ে তোলা। সোজা কাজ নয়
কবিতার জন্ম-মৃত্যু নাই। আদি থেকে বর্তমান। সেই কবে শুরু।
এত যে প্লাবন, দাহ, সুনামি-প্রলয়—তারপরও কবিতারে কেউ
ছুঁয়ে দেখতে পারেনি, পারে না। মানুষ এগিয়ে যায় প্রগতিসড়ক ধরে
কবিতাও অগ্রগামী। সময়েরও চেয়ে দ্রুত বেগে ধাবমান,
বড় বেশি কষ্ট হয় অনুবর্তী হতে। এত গতি নাই মানুষের।
হিংসা ও বিদ্বেষ আছে। স্বার্থচিন্তা ক্রোধ কাম সক্রিয় জাগর।
আরও আছে অন্তহীন লোভ আকাশের মতো উঁচু এবং বিশাল,
এ কারণে কবিতাকে সম্পূর্ণত ধরতে পায় না ভঙ্গুর মানুষ।
আলফ্রেড খোকন
একটি গভীর ব্যর্থতার কথা
প্রেম শব্দটা খাতায় লিখে রাখছি সেই কবে দু’হাজার পাঁচে
অথচ চৌদ্দ যেয়ে পনেরো আসল সে এখনো বসেই আছে
ফলে ভাষার গতর এই শব্দ ভাঙতে পারল না নিজেকে;
তার ব্যর্থতার কারণে আমরা এখনো কতিপয় মুখ নিচু
তার অবোধ্যতার কারণে আমরা এখনো কতিপয়, তার পিছু
যেমন ধরো নদী লিখলেই কি নদী হয়ে যায়, যায় না
নদীতে নামতে হয়, বুক বিছিয়ে ভাসতে হয়, জানতে হয় সাঁতার
তার তো সাঁতার শেখা নেই, তাই সে নদীর কিনারে বসে থাকে
হাতের ভিতরে ধরো, নদীর ভিতরে ঝাঁপ দিতে বলো তাকে
নদী তবে সহজেই নদী হতে থাকে...
সৌভিক রেজা
ছায়ালোক
মাছের পেটে ইউনুস নবী বজ্রাহত। ভাঙা ডালের
মৃত পাতায় রোদের ছায়া। মধুপুরে দিন-দুপুরে
ছেয়ে থাকেন নির্জনতা। সঙ্ঘ আছেন ধর্ম আছেন
অকাতরে। অন্ধ-মানুষ তোমায় ডাকেন দুহাত তুলে
প্রাণের সুরে: ইয়া রাব্বানা। বুদ্ধ তখন বামিয়ানে
ছড়িয়ে দিলেন বিষণ্নতা...

নওশাদ জামিল
জলজবর্ষ
দুষ্টু হাওয়া লেগে একে একে
জেগে উঠেছিল অন্ধকার
মাস্তুল গুঁড়িয়ে, ধীরে ধীরে
হাজার জলজবর্ষ থেকে
তুমি উঠে এসেছিলে একা
এইখানে, গভীর নৌকায়
দূর থেকে দেখি—পাটাতনে
তোমার নিঃশব্দ আলোড়ন।
তুমি তো অতল, তলরেখা
যদি ভাসি একসঙ্গে, যদি
হারাই গভীরে, ঢেউ ছুঁয়ে
এসো ইশারায়। ঘুরে ঘুরে
তোমাকে ঘিরেই ঘটে যায়
ঢেউয়ের ভিতরে দাবানল।