কবিতা

আল মাহমুদ
ঝংকার তোলে কাব্যের রানি
আমি কবি।
আমি কথা বলে যাই নিজের ছন্দে
আমার শব্দ আমারই গন্ধে—
আনন্দে মাতে—দু-হাত তুলে;
নূপুর ঘুঙুর কে পরেছে পায়—নৃত্যপরা
নাচের মুদ্রা ঘুরে ঘুরে শুধু দিচ্ছে ধরা
কী নাম তোমার, কোথায় বা ধাম। কীবা পরিচয়?
তবু বলি জয় তোমার বিজয় আসছে ধীরে,
নৃত্যের ঢেউয়ে খেলছে দেহের অঙ্গ বুঝি
তালে তালে নাচো তরঙ্গ তুলে। আসুক ফিরে—
মিলের মহিমা মিলে শেষ হোক দিলের বাণী
ঝংকার তোলে কাব্যের রানি।
গেয়ে ওঠো গান, তোমার আহ্বান হাওয়ায় ভাসছে,
কারা যেন বলে, আসে শুভদিন। আসছে আসছে।
সিদ্ধার্থ হক
এ টেবিলে
সকলে অপেক্ষা করে; কিন্তু তা ভিন্ন ভিন্ন কারণে।
তিনটি নিশ্চুপ লোক সিগারেট শেষ হবার অপেক্ষা করতে থাকে।
একজন শোভন লোক কালো ধ্বনি তোলে।
অন্যজন সহজ সত্যকে আজও ভয় পায় বলে
সকল সঙ্গমজুড়ে মিথ্যার তৃপ্তির কথা বলে নিচু মুখে।
জানে না কখন তার নিচু মুখ কুয়াশায় তলিয়ে গিয়েছে, পরাজয়ে।
এ টেবিলে সবাই অপেক্ষা করে ঘুরে ঘুরে, এইভাবে, বিবিধ কারণে।
একজন লক্ষ করে সব। লক্ষ করাই তার স্তিমিত অপেক্ষা।
এদের কাহিনি, প্রেম, তার মনে রেখাপাত করে কি করে না
তা সে নিজেও বোঝে না। শুধু দেখে কাহিনির মুখাপেক্ষী
নয় তার দেখা। মনে মনে দেখার বেদনা তারও আছে।
পরাজয় মেনে নেওয়া কতখানি সময়সাপেক্ষ, এ টেবিলে
কেউ তা জানে না।
কে যে এ টেবিলে আছে, কে যে নেই, তাও তত স্বচ্ছ নয়।
বিষণ্ন মিথ্যার মতো সত্য হয়ে সত্য নেই এ টেবিলে আজ।
কফি ঠান্ডা হয়ে যায়; সন্ধ্যা রাত্রি হয়। টেবিলের
অযুত অপেক্ষাগুলি এক অপেক্ষায় ধর্মান্তরিত হয় না।
যা হবার তা আগেই হয়ে গেছে। ভিন্ন ভিন্ন অপেক্ষার
অভিন্ন হবার প্রয়োজন আর নেই। সত্যি নেই?
মোস্তাক আহমাদ দীন
নদী
দেখো ও হিজলগাছ
কেমন অন্যমনা লাগছে নদীকে।
অথচ ভর বর্ষাকাল
দশদিকে আষাঢ়-শ্রাবণ।
ধৈবতে দু-পাড় ছুঁয়ে রোজ রোজ
গস্তি নৌকা, গয়না নৌকা যায়
ভাঙা সেতুর ছায়া পড়েছে ওই
খোয়াই নদীর পিঁজরায়।
ধীরে পানাঝোঁপ, ধীরে ধর্মহাঁস
বেঁকে-চুরে, হেলে-দুলে যায়
যেন কালগোধূলি রঙে রক্ত-ভেজা জল
সায়রে পৌঁছার আগে আর কোনো
পরিবর্ত মানবে না নদী
অথচ কাল-পরশু নৌকাবাইচ।
হেইয়া হো শাহনূরের সারি।
করতালের বাড়ি খেয়ে খলবল করবে না জল?
স্নানের জলের ভারে ভাঙবে না পাড়?
সেদিনও এমনভাবে অন্যমনা লাগবে নদীকে?
মধুরাকে?
লুলা গম্ভীরাকে?
আসমা বীথি
নিজের প্রতি
প্রতিদিন প্রতি পলে
একটু একটু করে
আলগা হয়ে
সরে যাচ্ছে ভূমি
ভাবছ তো, এ সংবাদ
কাগজের
এ জখম পরিবেশনের
রাজনীতি, টক শোর?
আর যারা মশাল মিছিল করে
বসে থাকে রাজপথে—অকর্মা
নচ্ছার ওরা!
আজ ওরা চাপাতির কোপে
যাকে করেছে দু-খান
কাটা মস্তকের ছবি সামনে নিয়ে
বসে ভাবো
সে হিন্দু-মুসলমান না কোনো
মানুষেরই প্রাণ!
ছলকে ওঠা রক্ত শান্ত করে
ভাবতে থাকো তুমি
রক্তাম্বর হয়ে যাক
প্রতি একর ভূমি