কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

সানাউল হক খান
এমনি করেই...

কামদরজা বন্ধ হলে প্রেমদরজা খোলে
—কে বলে রে, কে বলে? যে বলবার সে-ই বলে:
চৌষট্টি, না এক শ আটাশ, না-কি আরও বেশি
কলা এবং ছলাকলায় বিপুল রেষারেষি
কামের খাদক উপর-নিচ, ডানে-বাঁয়ে হেলে
প্রেমের পরশ একাই বোঝে, চোখের লবণ খেলে
কামশরীরের আগুন নেভায় অনুরাগের জল
নীরবতার শব্দ বলে: আমার সাথে চল
কামদেবতা হঠাৎ মরে, অত্যাচারে ক্ষত
প্রেমের রক্তে আতর-লোবান, চিকন ধোঁয়ার মতো
পাটিসাপ্টা পিঠার সাজে কামবিছানা খানি

একটি টানেই গুটিয়েছিল গুরুদেবের বাণী

তার রসাল পদ্যগীতি অসমাপ্ত থাক-না
সে লিখেছে...‘এমনি করেই যায় যদি দিন, যাক না!’


মাসুম মোকাররম

বিকালের বন্ধুরা

বিকালে যারা বসে থাকে চরের বাতায় তাদের সাথে বসব বলে প্রায় প্রতি সপ্তাহে সেখানে যাই। তখন বিস্তৃত খেতের মাঝে শেয়াল ডেকে ওঠে। আলুথালু বাতাস উড়িয়ে দেয় সূর্যের খয়েরি আলো। খলখল হাসি দিয়ে প্রান্তবন্ধুজন যে গ্লাস এগিয়ে দেয় সেটি হাত বাড়িয়ে ধরা যায়, দেখা যায় না। তরলে ভরা পাত্রের গায়ে লেগে থাকে মৃদু মৃত্যুগন্ধ। ভেতরে ভেতরে গুলিয়ে ওঠে গা। ভয়ে কুঁকড়ে যেতে থাকে শরীর ও শিশ্ন। এমন রহস্যপূর্ণ হেঁয়ালি প্রতিবারের কষ্টসাধ্য যাত্রা মাটি করে দেয়। মন খারাপ করে সবার দিকে তাকালে নিজের থেকেই মনে হয় ফেরারি থাকতে থাকতে আমার খুব অসুখ করেছে।

বিকালের বন্ধুরা আস্তে আস্তে দূরে সরে যায়।


রুদ্র আরিফ

পরিব্রাজক

পুরোনো গানগুলো কী রকম নতুন অর্থ নিয়ে বেজে চলেছে এফএম রেডিওতে: সন্ধ্যা নামতে এখনো দেরি অনেক—জ্যামের বদলে শহরের রাস্তায় থমকে আছে ব্যাবিলনীয় আগুন...

একটা লোকাল বাস, সাই করে উড়ে গেল হঠাৎ; একটা রঙিন কাক, টিভি স্ক্রিন থেকে লাফিয়ে নেমে এল রোদে: একদল তাবিজ বিক্রেতা, সিনেমার পোস্টার বিছিয়ে, প্রার্থনারত: তাদের স্বপ্ন ও ঘামে ভিজে যাওয়া নায়িকার মুখে তখনো গোলাপি হাসি, হলদেটে ঘুম

পাশ দিয়ে, স্নিগ্ধ-সতর্কতায়, মানুষের মুখোশ পরে, অফিসে যাচ্ছে—করপোরেট মেনিকুইন


বদরে মুনীর

দুটি কবিতা

শোকসভা
যে গেছে, সে স্থির, উপলক্ষ হয়ে গেছে;
লক্ষ্য আজ তাদের চেহারা—
বিচলিত যারা।

মফস্বল
এ শহরে মরাও ঝামেলা—
শোকসভা করে ছাড়বে গেঁয়ো দিগ্বিজয়ী, আর
খ্যাপ-খাটা কামেল-কামেলা।

জফির সেতু
ডুমুর যে কারণে ফুলকে গোপন রাখে

ডুমুরের ফুল অতিব্যবহারে জীর্ণ করুণ এই
বাগ্ধারাটির অর্থ খুঁজতে গিয়ে দেখি আমার ঠোঁটের
কোণে রক্তের দাগ লেগে আছে। আমি তবে
ভ্রাতৃঘাতী দত্যি-দানো কেউ? সহোদরার প্রকাশ্য ধর্ষক?

গ্রীষ্মের কম্পিত দাড়িম্বগাছের নিচে দাঁড়িয়ে আমি দেখি
উজ্জ্বল লাল দাড়িম্বের দানা কেমন টগবগ করছে পৃথিবীর
সব উপত্যকা ও সমতলে, আর রক্তের অন্ধকার নদীগুলোও
খুঁজে বেড়াচ্ছে পূর্ব ও পশ্চিমের ডুমুরের আশ্চর্য গর্ভকেশর!