কবিতা

জাহিদ হায়দার
পত্রযুগ
কথা, চিঠিযুগের।
কথার কাগজে গন্ধ।
আমরা মলিন,
আমাদের কিছু দ্বন্দ্বে
ছিল বলবার মতো সত্য,
মানবিক কিছু মিথ্যা।
কিছু শব্দ, কী উজ্জ্বল!
কাগজের ভাঁজে অক্ষর,
দুই খণ্ড।
বোঝা যায়, বেশ বোঝা যায়।
আমরা আমাদের দণ্ডে
অনুমোদিত আসামি।
চিঠিগুলি দিই রৌদ্রে।
ফারুক মাহমুদ
কত মৃত্যু কতবার নিয়েছে বিদায়
নির্ঘুম স্তনের পাশে যেকোনো ফুলের নাম ম্লান হয়ে যায়
যুগলের কালচে শীর্ষ অবিচল আস্থা নিয়ে দৃষ্টি কম্পমান
ধূসর বৃত্তের পরে প্রসারিত বড় বৃত্ত ঢালু পাদদেশ
সমুদ্র-সমষ্টি থেকে ছলকে ওঠে ক্রমাগত লবণের ঘ্রাণ
ওষ্ঠতটে আছড়ে পড়ে চুম্বনের ঈষদুষ্ণ ছোট-বড় ঢেউ
ঝরে পড়া শাখাপাতা কেঁপে কেঁপে কেঁপে ধরে একে অন্য ডাল
চির পুরাতন জলে জন্ম নেয় অতি চির নতুন আগুন
নরম কাদার খাঁড়ি, কাছেভিতে জড়াজড়ি ঝিনুক-প্রবাল
এমনই স্রোতের টান—উত্তর গোলার্ধ আসে দক্ষিণের কাছে
পাথরের মস্ত চাঁই নির্ভার ফেনার মতো ভাসে ঘূর্ণিপাকে
ফুলের নিশ্বাস—হাতে মেখে আছে আনন্দিত পুলক-পরাগ
এবার ফুরিয়ে এল, আগামীর গন্ধজলে তৃষ্ণা জেগে থাকে
নির্ঘুম স্তনের পাশে যেকোনো ফুলের নাম ম্লান হয়ে যায়
বাঁচার আনন্দ নিয়ে কত মৃত্যু কতবার নিয়েছে বিদায়
মাহবুব কবির
মনু
হিজড়াকে ভালোবেসে একদিন তোমার বিরহ ভুলেছি—
মনে পড়ে।
আরামবাগে রহিম হোটেলের কেবিনে বসে
কত দিন পর মনুর কথা মনে পড়ল আজ।
মনু আজ কোথায়?
আমার রাগ রস বিষ মুখে তুলে
কোথায় চলে গেছে সে?
তাকে এই কবিতা শোনাতে পারব কি কোনো দিন?
শুভাশিস সিনহা
জলকন্যা
‘জলকে চল’ বলে জলেই ডুবে গেলে
তখন আশ্বিন-ভাদ্র,
ঋতুর মীমাংসা রোদে ও কাশফুলে
খানিক শুষ্ক বা আর্দ্র।
ওপরে ঢেউ নাচে, নিচে কে সাঁতরায়
মৎস্যদেশে গেলে সজনী,
আলোতে ভাসা এই অন্ধ নদীতীর
ফোটাল কালশাখে রজনী।
তারায় কে হারায় নয়নতারা দুই
কে আছো টেনে নাও বুকে,
কত যে ডাকাডাকি, শ্রুতিও পিচ্ছিল
লুকাল ইথারের সুখে।
‘জলকে চল’ বলে জলেই ডুবে গেলে
আমার হাতে ধুলো-মাটি,
হলুদ ঘোরে যাও সাঁতার, আমি এই
শূন্যে বিছালাম পাটি।
রোমেনা আফরোজ
সুড়ঙ্গ
সুড়ঙ্গ খুঁড়ছি। ছোটবেলায় নদীতীরে এমন অনেক সুড়ঙ্গ ধসে যেত, যা পাখি হয়ে উপহাস করে স্বপ্নের আলোকবিন্দু। কারা যেন অন্ত্যমিলের দোহাই দিয়ে পাটাতনে ফেলে যায় মৃতদেহ! আমি তাদের গন্ধ, বর্ণ সম্পর্কে সচেতন। প্রতি মধ্যরাতে খুব গোপনে জোনাকি জ্বেলে সুড়ঙ্গ বানাই আর স্বপ্ন দেখি তোমার কাছে যাবার। তুমি আশ্রয় দেবে দেবতার বিনয়ে, জড়িয়ে নেবে দুহাতে। আমি ঢেলে দেব প্রাচীন নির্যাস, সমুদ্রের ঢেউ। তোমাকে ভেবে খুব শ্বাসকষ্ট হয়, রোমকূপে ছোটে অন্ধ বধির নদী। তোমাকে আনতে যেয়ে আমাকেই ফেলে আসি উষ্ণ চাদরের ভাঁজে।
নওশাদ জামিল
জলের জার্নাল
শিশির ছড়ানো ভোরে—দূরে
উড়ে যায় একটি উড়ো বক
মুখে তার ভেজা খড়কুটো
বাঁশঝাড় পেছনে—সামনে
গাছ-আগাছায় ঘেরা বন
উড়ে যায় জাংলায়, বাদাড়ে
স্থির বাসনায়—তারপর
ফিরে আসে আপন কোটরে।
সবাই তো ফেরে—তারস্বরে
একা একা কাঁদে শুকসারী
জলের রেখায়—প্রতীক্ষায়
এক ঠাঁয় দাঁড়িয়ে সারস।
কী পায় কে জানে—তবু আমি
লিখে রাখি জলের জার্নাল।