কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

ময়ুখ চৌধুরী

অ থেকে চন্দ্রবিন্দু

তোমায় খুঁজতে আমি বেরিয়েছি সেই কবে সকালবেলায়

বইয়ের ঢাকনা খুলে শুরুতেই অ-তে অজগর

সেই থেকে একটু একটু করে

আমাকে খাচ্ছিল গিলে নকশা-কাটা ক্ষুধা

রঙের লোহিত বর্ণে প্রতিটি প্রহরে

অথচ তখনো তুমি বহুদূরে

            বহুবর্ণ ছাদের মাথায়

                   নিরাপদ চন্দ্রবিন্দু হয়ে

শেষ মলাটের আগে আমাদের এই দেখাদেখি

তারপরও শেখাশেখি বাকি থাকে নাকি

তা না হলে

আমাকে শেখাচ্ছে কেন পণ্য-ব্যাকরণ

মলাট সরিয়ে আমি দেখেছি প্রথম অজগর

শেষ মলাটের আগে তুমি

               নিদ্রাগত চন্দ্রবিন্দুনাভি

তাই

আমি আজ কারুকাজ করা অজগর

তুমি শুধু ঘরহীন ঘর

মাহবুব কবির

আফালের দিন

ঝুমাঝুম বৃষ্টিদিনে তুমি গেলা কই?

কাঁথা মুড়ি দিয়া আমি কুড়ে হয়ে রই।

ফড়িয়া এনজিও হাওরে ভাটিয়ালি শোনে—

সে বুঝিবে কি বিরহী উকিলের গানে?

টাকা-ছাড়া চাকরির আজ খ্যাতা পোড়ো—

আফালের ঢেউ হয়ে এই বুকে আছড়ায়া পড়ো।

মেঘের গাঁজানো মদে মাছের খলবলানি শোনো—

বানা-পাতা ফাঁদে ঝপাঝপ কোচ হানো।

কুমার চক্রবর্তী

সন্ধিবেদনার গান  

জীবনের চেয়েও অধিক—

কিছু সংবিৎ, কিছু নমনীয় রহস্য

রয়েছে তোমাতে।

মুখোমুখি তুমি আর আমি:

মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী

তরঙ্গ নিয়েই আজ লীন, স্তব্ধতায়।

বিচ্ছিন্ন অথবা নিস্পৃহতা

তোমার গভীরে থাকা অতলান্তিক

ছাপিয়ে গিয়েছে আজ নিমজ্জিত সত্তা,

স্পর্শ করার আগে বুঝে নিই

স্মৃতি আর অসীমের নিঃশেষ

তোমাকে দিয়েছে সন্ধিবেদনার গান।

তোমার ভেতরে বয়ে যাওয়া নদী

বিস্মরিত: স্থিতি আর গতির কুহক,

ছায়া দিয়ে গড়া এ বিকাল

সম্বন্ধ ছাড়াই আজ রচনা করেছে

অস্তিত্বের এই সব প্রতিবিম্ব:

এই সব সন্ধিবেদনার গান।

দারা মাহমুদ

মহানগর

দেশের সমস্ত পাপ এসে জড়ো হয় মহানগরে

গ্রামের সহজ লোকগুলো এসেই

পড়ে যায় পাপের খপ্পরে

মফস্বলে-গ্রামে অনেক প্রশ্ন আছে

প্রশ্নগাছ আছে, যা লকলকিয়ে বেড়ে ওঠে

কিন্তু মহানগরে?

এখানে প্রশ্নগুলোকে মেরে ফেলা হয়

প্রশ্নগাছগুলোকে ছেঁটে ফেলা হয়

এই ঝাঁ-চকচকে শপিং মল

মাখন-মসৃণ গাড়ি

প্লাস্টিক-নারী চলাচল

আর জীবনের যত আয়োজন

এসবই প্রশ্নগাছ কাটার যন্ত্র

আসমা বীথি

গাভীর চোখে  

গাভীর বোকা চোখেই দেখি

নিজের প্রতিচ্ছবি

চোখের কোণে শুকিয়ে আসা

জল টলমল

গায়ে-পিঠে পোকার খাবি

একটুখানি লেজ ঝাপটে

করবি কী তুই বল

বুকের ভিতর অনাথ ব্যথা

চারপাশে সব হচ্ছে যা-তা

শিশু দেখল মায়ের বুকে

বিঁধিয়ে যাচ্ছে ছুরি

রক্তখেলার এই ধারাপাত

চলছে চলুক

ওরা বাজাক তুড়ি

গাভি রে তুই ঘাস খেয়ে যা

কাল হবে তোর বলি

ইমরান মাঝি

আবেদনপত্র

আমায় একটি বাড়ি দে রে বাড়ির মধ্যে থাকি। সঙ্গে আমার বউকে দে রে গাছে হলুদ পাখি দে রে। পুকুরে দে মাছ। বাড়ির আশপাশে দে রে বাংলা কলাগাছ।

পাশে একটু জমি দে রে শিমের চাষ করি। কাব্য লেখার শক্তি দে রে মাঝে মাঝে পড়ি। নিজেই নিজের লেখা পড়ে হো হো করে হাসি। আমি তো এই বাংলাদেশের গ্রামকে ভালোবাসি।

আমায় একটি পুত্র দে রে। জীবন চেনার সূত্র দে রে। বাইরে অসীম আকাশ দে রে কেবলা হয়ে তাকিয়ে থাকি। সঙ্গে আমার বউকে দে রে গাছে হলুদ পাখি।

জিনাত জাহান খান

নির্জনতা

ব্যঞ্জনা থেকে দূরে ওই ধ্বনি, উৎসব শেষের, আদিম, পরলোকের আলোয় মৃত রক্তকণার মতো জেগে আছে অভিলাষে।

সে কী চোখ? মায়াবী আয়না? ভেঙে পড়ছে ঢেউ, নীল-নীল, নদী কি হৃদয় তবে? ভেঙে যাচ্ছে কূল, রাত্রি ও তরল... দ্বিধার চৌকাঠ পার হলো কি পারদ? তৃষ্ণার আগুন জ্বলে, জেগে থাকে আয়নাজুড়ে, রক্ত ঝরে, মৃত কণা...

বস্তুত তাকে বলি, নির্জনতা