কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিহাব সরকার
নিষ্প্রদীপের শুরুতে

দ্যাখো এই অন্ধকার—কেবলই গাঢ় হয়ে আসে
চেপে থাকে বুকে, চেপে থাকতে থাকতে
ঢুকে যেতেছে মগজে ও মনে, ছোঁড়াখোঁড়া খোয়াবে
হৃৎপিণ্ডরা সব কাদা, মাথা-মগজ শিলামাটি।

গহিন অন্ধকারে এ কোন অরণ্য আদিম
গুহামানবের আগুন নিভুনিভু দমকা কু-বাতাসে,
হরিণেরা ছুটছে দিক্‌-বিদিক
দেয়ালে বাইসন আঁকা, ধূলিতে ফসিলের হিম

কুহেলি কেটে গেছে—ঘোর ভেঙেছে
আমারও ভোর, চোখ রগড়ে বসেছি জানালায়।
এত মাকড়সাজাল বাদুড়ের বিষ্ঠা, মরাপাতা
মেঝেতে মড়ার খুলি, হকিংয়ের ল্যাপটপে ভুডুনাচ।

নিষ্প্রদীপের শুরুতে তক্ষক ডেকে যায় নিঝুমে

সকালবেলা মধ্যরাত্রির নৈঃশব্দ্যের ধুন

সব বাতিঘর আর চূড়া, স্মৃতিস্তম্ভ—ধসে গেল, হায়

এ কেমন ঘোর কালো, দু-একটা শিখা শুধু কাঁপে


আরও অদ্ভুত, আরও গভীর অচেনা আঁধার এক।

.
.

লুৎফর রহমান
গুরু নমস্কার

পরানের ভিতরে এক নদী—এক ডাল তার
উজানমুখা, ভাসে আর একটা ভাটির স্রোতে।
তুমি-ই উজান আমার
আমার উজান তোমার লগিতে বাঁধা।
যে বন্দরে এক মাল্লার নায়ে সাত রাজার ধন
তুমি সেইখানে স্থির
নির্বিরোধ ঊর্ধ্বশির তালবৃক্ষ;
আমার উজান তোমারই লগিতে বাঁধা।

কাতর মরুভূমি অধীর জেগে ওঠে
ধমনি ও শিরায় অস্তিত্বের
সমভূমে—তুমি
এক সমুদ্র জল ছোট্ট ঘটে ঢালো অষ্টক্ষণ
সমুদ্র শুকায়, ভরে না মাটির ঘট।
তুমি উজান ভালোবাসো
আমার উজান তোমারই লগিতে বাঁধা
তোমার পাঁচটি আঙুল ক্ষীরের নদী,

আমার ভিতরে সাহারা।

.
.

বিজয় আহমেদ
লোকগীতি

আমি কখনো করাইনি পিয়ার্সিং শোনো
(বিদায় আমারান্তা; এই গান তোমার)
আমি মিরপুরের যুবক, কখনো ট্যাটু আঁকিনি কাঁধে
(বিদায় আমারান্তা; ভালো থেকো নীল গ্রহে)
আমি কখনো পুষিনি কচ্ছপছানা, সূর্যাস্তে!
(বিদায়, আমারান্তা; পুনরায় ফুটবে ডালিম কোথাও)

আমি চোখ বেঁধে, কখনো, চালাইনি মোটরবাইক মেরিনড্রাইভ রোডে

(বিদায়, আমারান্তা; ভাষাহীন উটের কোনো প্রেম নাই জানি)

আমার বসন্তদিনে, ঘোড়ার কমিকস পড়ে কখনো, হাসিনি অবিরাম!

(বিদায়, আমারান্তা; শেরিফ তোমাকে পথ দেখাবে নিশ্চয়ই)

‘মনে রেখো চোখের জলে কোনো দিন লেখা থাকে না বিদায়।’

মোস্তফা হামেদী

সায়াহ্ন

চিরচুপ মানুষের বাড়ি

কবরখোলার গাছে বায়ু

কাটাকুটি খেলা শেষে

অতল ঘুমের গহ্বরে

সায়াহ্ন একমাত্র ঋতু

ভ্রমণের মেয়াদ ফুরিয়ে

কেবলি বেকার বেসে থাকা

যেন নষ্ট ফিতার ক্যাসেট

অথবা ফাঁপা ট্রানজিস্টার

কেউ খুলে নিয়ে গেছে গান

মহা আসরে বাজাবে বলে

ফুসফুস থেকে উবে গেছে

হাওয়া, বাক্যের প্রয়োজন