কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়ুখ চৌধুরী

অর্ণবের সঙ্গে দেখা

বাদ দাও ওসব কথা। আকাশ আর সমুদ্রের মাঝখানে

অন্য কোনো কথা থাকলে বলো। যেমন

স্বর্ণচাঁপার গ্রীবাদেশে

কী করে শিউরে ওঠে সেতারের স্নায়ু, কিংবা সেই আলিঙ্গন...

আর কী কথা, বলো কার কথা—অর্ণবের?

অনেক দিন হয়ে গেল, ওর কোনো পাত্তাটাত্তা নেই,

কবে যেন শেষ দেখেছিলাম, দাঁড়াও ভেবে দেখি—

কারা যেন বাসা বদলে নতুন বাসায় যাচ্ছিল,

নড়বড়ে ঠেলাগাড়ি, মালপত্রগুলো

            জীবজন্তুর মতন নড়ছিল;

ওসবের ভিড়ে ছিল ড্রেসিং টেবিল,—আয়নায়

শেষবার দেখা হয়েছিল,

দেখে আমি চিনতেই পারিনি।

বাদ দাও ওসব কথা, একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে;

            আকাশ আর সমুদ্রের ব্যবধানটুকু মুছে যাবে।

জাহিদ হায়দার

গঠনগত প্রহর

সামনে ছিল গঠনগত ভুল

সামনে ছিল সত্য গঠনগত,

দুটোর ভেতর বৃষ্টি ভাঙে সিঁড়ি

রাত্রি নামে দেখার মর্ম চিরে।

পরম্পরার বুনন সংকেতে

থমকে দাঁড়ায় তরফ-প্রবণতা।

কোথায় মুখ স্বপ্নতুল্য একা

কোথায় ঋণ শস্যহীন নত

বললে তোমার বিশদ পাবে ফিরে,

বললে আমার সুস্থ হবে ক্ষত।

শাফিনূর শাফিন

গড়পড়তা

আমার বাবা ভীষণ আটপৌরে মানুষ

আমার বাবা ভীষণ ভিতু;

ছেলে মদ খেয়ে রাত করে বাড়ি ফিরলে

মেয়ের সংসার ভেঙে যাওয়ার

অজুহাত খুঁজে না পেলে

অফিসে কারও হিসাবে গরমিল হলে

 (যদি বাবাকে দায়ী করে!)

ভয়ে বাবা জড়সড়,

 ‘লোকে কি বলবে!’

বাবা তাই চুপ থাকেন

পাশের বাসার পুরুষটির গ্লাস ভাঙা

বা নারীটির চিৎকার-চেঁচামেচিতে

বাচ্চাদের কান্নার রোল, মারপিটের শব্দে

বাবা দরজা-জানালা সব খিল মেরে

বাকি সব শব্দের আসার পথ বন্ধ করে দেন,

তিনি কোনো ঝামেলায় জড়াতে চান না,

যদি লোকে জিজ্ঞেস করে,

 ‘কীভাবে মেয়েটি মারা গেল, টের পেয়েছিলেন?

রোজ কি তাদের ঝগড়া, কথা-কাটাকাটি হতো?

বর কি প্রতিদিন মারত?

কোন আওয়াজ? কোন শব্দ?’

বাবা জানেন, শুধু লোকের ভয়ে

সব শব্দের আসা-যাওয়াটুকু আঁটকে দিতে

ঝামেলা এড়াতে, ঝামেলায় জড়াতে।