কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উম্মে মুসলিমা
মফস্বলে যাব

রিকশা উঠেই শুধাব তাকে ‘বীরুকাকা কিরাম আচেরে সুদাম?
ইন্দু কি এ বছর পুজোর সুমায় আইছিল? ছেলেপুলে?
স্বামী কি সাতে সাতে আসে? কিরাম আচেরে ইন্দু ভারতে?
চিহারা কি আগের চাতু সুন্দর হয়ি? কিরি কাইটি বল তো সুদাম
সে কি আমার কতা শুধাইছে একবারও?’

পৌরসভা রাস্তা কাটছে। একটু ঘুরতে হবে। সুদাম নেমে পড়ে
ঘুরে দাঁড়িয়ে গামছা দিয়ে মুখ মুছবে। দুই বগল তলাও।
এক সাথে পড়তাম আমরা পুঁটিমারী ফ্রি প্রাইমারি ইশকুলে।
আমার মেয়ের বয়স সাড়ে সাত, ও গেল বছর মেয়ের বিয়ে দিয়েছে।
ওর মাথায় ঝাঁকড়া চুল, আমার চান্দিতে আলো ঠিকরায়।
ওর মতো সুদকষা অঙ্কের মাথা আর কারও ছিল না সে সময়।
‘জ্যাঠার সে দিন আর নেই। পিতিবছর ইন্দু নি যাতি চায়
তেনার ওই এক বোল, জরমো যেখেনে মিরিত্যু সেখেনে।

ইন্দু তো একন বাবার বাড়ি। তুমি কি দেকা করতি চাও?’
সুদাম কোনো দিন আমাকে তুমি করে বলেনি।
আমি ওর পর হলাম কবে?
ইন্দু এ দেশে? আমার গাঁয়ে? আমার ইন্দুবালা এত কাছে?

রথতলা দিয়ে দত্তপাড়ার সরু পথ। এ পথ দিয়ে আমরা
মানে আমি ইন্দু সুদাম জব্বার ইশকুলে যেতাম।
যাবার পথে সাতসকালে বড় চাচার সাইকেলে বীরুকাকা
টিউশনি পড়াতে নেমে যেত বাজারের আগের গ্রাম গোবিন্দপুরে।
আমরা এত ভোরে বেরোতাম যে তখন কেবল যুবতী বউরা
দাঁতে ঘোমটা কেটে শুদ্ধস্নান সেরে ঘাট থেকে বাড়ি ফিরত।
ইন্দু লুকিয়ে আমার শার্টের পকেটে তিলের নাড়ু পুরে দিয়ে
‘ভোরে কেন চান করে বউরা তা কি জানো?’ শুধাত।
আমি ওর চুলের গন্ধ পেতাম। গন্ধটা কানা বোলতার মতো
নাকে-মুখে গুঁতো দিয়ে উড়ে যেত। মনে হতো ভরদুপুরে
চুরি করা আমের আচার চেটে বারবার হাতের তালু শুঁকছি।
আমের আচার আর ইন্দুর চুলের ঘ্রাণ...
এমন একাকার করা কোনো সন্ধের জন্য আমি আর যেতে চাই না
বীরুকাকাদের নির্জন উঠোনের তুলসীবেদির আড়ালে।
‘নারে সুদাম, যে যেকেনে আচে ভালো থাকুক। দেখা হলি
সে যদি বোলে, তুমাক আইজ পিঁড়ি পাইতি দেব, সে উঠোন কই?
থা’লি?’
কারণ আমার মেম্বার চাচার দখলে বীরুকাকার উঠোন।
একদা সে উঠোনে কাদাখেইড়ের উৎসবে লুকিয়ে আমি
ইন্দুর সুতানটির মতো চিকন সিঁথিতে কাদার সিঁদুর পরিয়েছিলাম।

ফিরোজ এহতেশাম
এই রাতে

কুয়াশায় সমাহিত চরাচর
শীতের গভীর কোনো রাত্রে
হাতে ধরা কোথাকার উলুখড়
এসেছি দিগ্বিদিক হাতড়ে

বাঁশঝাড়, ধানখেত পেরিয়ে
হাতে-পায়ে কাদামাখা, ক্লান্ত
আঁধারের চোরাফাঁদ এড়িয়ে
যেতে হবে, ডাকে ওই প্রান্ত

যেন এক পলাতক আসামি
বহুদিন পরে এল পাড়াতে
এ বাড়ি কি তার বাড়ি? আয়েশা
দরজাটা খুলে যদি দাঁড়াতে

কিন্তু কোথাও কোনো সাড়া নাই
নিঃসাড় পড়ে আছে চারিধার
তাহলে কি ফিরে যাব? ফিরে যাই
এই রাতে আমি কার, কে তোমার...