কবিতা
ফারুক মাহমুদ
দেশপ্রেম
কে কাকে? তোমাকে আমি? নাকি চিরপ্রিয় তুমি
আঁকড়ে আছ আমার জীবন!
আমাদের পায়ে পায়ে কত নদী রক্তনদী হলো
বয়ে গেল পতনের মৌন সাক্ষী হয়ে
অভিন্ন রজ্জুতে বাঁধা পিতা ও পুত্রের বোবা বেদনার স্রোতে
ভেসে গেছে পর্যুদস্ত মা এবং মেয়ের শরীর...
মানুষের চিন্তাকে করেছে বিকলাঙ্গ বোবা
দৃষ্টির বৃত্তটি ঘিরে মূলসুদ্ধ বসিয়েছে বিকট বিনাশ
এত কিছু! এত এত কিছু!?
তথাপিও মানুষ দেখে আলোর পেছনে আলো,
আলো, আরও আলো
এখনো মানুষ ভাবে আসন্ন বর্ষার জলে ধুয়ে মুছে যাবে
যুদ্ধক্ষত, যুদ্ধক্ষতি—ধর্ষণের নাগচিহ্নগুলো
জন্মও মৃত্যুর মতো সত্য হয়ে আছে—
এখনো তোমার সঙ্গে আমি
এখনো আমার সঙ্গে তুমি
আহমেদ মুনির
যুদ্ধের ফুল
আমাদের বাড়ির ছাদবাগানে
আট রকমের ফুল আছে।
সেখানে গোলাপ আর ডালিয়ার
লম্বা সারির সামনে পোড়া মাটির নতুন টবে
যুদ্ধের ফুলের একটা বীজ লাগিয়েছি
আসলে যুদ্ধের ফুল দেখতে কেমন
আমার ধারণা নেই সে সম্পর্কে
তার রং কালো, নাকি গাঢ় লাল!
ছাদ বাগানের এক প্রান্তে
কামরাঙা গাছের ছায়ায়
টবে নিয়মিত পানি দিই, কিন্তু
অঙ্কুরের দেখা পাইনি এখনো
মাঝে মাঝে কেঁচো কম্পোস্ট সারের
সঙ্গে কয়েকটা আশাবাদের পঙ্ক্তি
মিশিয়ে দিয়েছি
টবের মাটিতে পঙ্ক্তিগুলো
দলা পাকিয়ে, জড়িয়ে যায়
একটার ভেতরে আরেকটা ঢুকে পড়ে
যেন বধ্যভূমিতে ছড়িয়ে থাকা লাশের স্তূপ
প্রকৃত যুদ্ধের ফুল কেমন হতে পারে
ভাবতে ভাবতে মনি ইমামের কথা মনে পড়ে
কোনো কবিতায় যার নাম লেখা হয়নি কখনো।
মাঝে মাঝে আমি একটি ফুলের কথা ভাবি,
যার প্রতিটি পাপড়ি মরচে পড়া
বন্দুকের নলের মতো ঠান্ডা
যে বন্দুক দিয়ে ঘাতকেরা
খুন করেছিল মনি ইমামের স্বামীকে।
যার পাপড়ি সেই বিষণ্ন সন্ধ্যার চেয়ে ভারী
যে সন্ধ্যায় মনি ইমাম ভোঁতা বটি দিয়ে
নিজেরই বাড়ির আঙিনায়
স্বামীকে কবর দিয়েছিলেন
আমি একটি ফুল ফোটাব বলে বহুদিন
অপেক্ষায় আছি, যার পরাগরেণু
গণকবরের মতো ধূসর
যার পুংকেশর জগৎজ্যোতির
বিচ্ছিন্ন মাথার মতো ঊর্ধ্বমুখী।
সারফুদ্দিন আহমেদ
কত দিন হলো
কত দিন হলো, ‘আসো না!’ বলেনি কেউ
যাই না বলে অভিমানও কারও নেই
কত দিন মন খারাপের ছোড়া ঢিলে
বৃত্তের ছবি কুয়োয় আঁকে না ঢেউ
কত দিন কোনো জায়গা পাই না যাওয়ার
কত দিন কেউ বলে না, ‘একটু শোনো’
কত দিন আর হয় না আগের মতো
মিনিট বিশেক দেরি করে পৌঁছনো
কত দিন কেউ দাওয়াত দেয় না খাওয়ার
কত দিন কোনো জায়গা পাই না যাওয়ার
চাক চাক করে কেটে ভাজা কাঁকরোল
মসলায় ভাপা চ্যালা ফলি সরপুঁটি
কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল
মুলোশাক ভাজা কিংবা মটরশুঁটি
থানকুনি পাতা অথবা লাউয়ের জালি
সাতকরা দিয়ে মাংসের তরকারি
কিংবা ধরো কুমড়োর এক ফালি
এসব কি শুধু তোমাদেরই দরকারি?
কত দিন কেউ বলে না, ‘বিকেলে এসো
নজরুলগীতি তোলা আছে সারগামে’
ভুলে গেছি সুর, কেটে গেছে তার রেশও
গান উবে গেছে নাগরিক জ্যামে-ঘামে
অথচ রক্তে ছিল গান ‘সা রে গা মা’
‘আয়ে না বালাম’—বড়ে গোলামের টান
সে গান কবেই পেয়েছে তালাকনামা
সুরাকাশ আজ খটখটে আসমান
কত দিন কেউ বলে না, ‘এবার থামো,
এত খেটেখুটে মরবে তো একা শেষে!’
কত দিনভর করে না সে পাগলামো
বসা হচ্ছে না পার্কে কিংবা প্রেসে
বাতাসে যেখানে শুধুই কবিতা মেশে
রোজ দিন যায়, রোজ রাত হয় ভোর
আমার ঘড়িতে বারোটাই বেজে থাকে
আটকা সময় খিল আঁটা তার দোর
ধীরে ধীরে তারা পিকাসোর ছবি আঁকে।