কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানাউল হক খান
মহাকাল

মাত্র একমুঠো মহাকাল, শরীরে শুকনো রজনীগন্ধা

সকালে ঘাড় ফেরাতেই বিকেল পেরিয়ে সন্ধ্যা

উত্তরে-দক্ষিণে দোলানো যমুনার উথালি-পাথালি ঢেউ

আছড়ে-পিছড়ে দিয়েছে এই ডুবুরিমন, যেন কেউ

নাভির নিচে, ঘড়িতে সাড়ে পাঁচটায় মন খারাপ

মেস্তুরি, তুমি ক্যামন ঘড়ি বানিয়েছ বাপ!

(মাত্র একমুঠো মহাকাল রক্তে নিম্নচাপ)

যুবতীদের সবার এলানো-দোলানো-কোঁকড়ানো চুল, সাদা

ঘোড়া-যুবকেরা সবাই এখন গাধারও দাদা

ফাটল-ধরানো প্রেম জোড়া লাগতেই আবার ফাটে

ফাটে আর জোড়ে...জোড়ে আর ফাটে...

মহাকাল, তোমার সময় কি আজ এভাবেই কাটে?

নওশাদ জামিল
নুসরাত

আগুন-নদীতে ডুবিয়ে দিলাম তোকে

বোন, তোর দেহে ফুটেছে রক্তজবা

পুড়তে পুড়তে হয়েছিস খাঁটি হিরে

অধমের শিরে, তুই তো মুকুটশোভা!

কিশোরী শরীর গলতে গলতে তোর

হয়েছে ভস্ম, হয়েছে নিকষ ছাই

বোন, তোর দেহ মোমের পুতুল নয়

জ্বেলে দিলি এ কী অম্লান রোশনাই!

তরঙ্গ ছিল অঙ্গার বুকে তোর

জ্বলতে জ্বলতে তাই দিয়ে গেলি নাড়া

তুমুল দুলুনি আছড়ে পড়েছে আজ

আয় ভাইবোন, শান দিই শিরদাঁড়া!

মরার আগেও ছাইমাখা মুখে তোর

ফুটেছে ফুলকি, দারুণ অনলপ্রভা

দাউদাউ পুড়ে জ্বেলেছিস দীপশিখা

আধমরা দেশে, তুই তো মুকুটশোভা!

অলকা নন্দিতা
বিজুর অপেক্ষায়

বিজু আসার আগেই পাহাড়গুলো সেজে থাকে। বসন্তের উদাসী হাওয়ায় গাছের কচি পাতারা জানান দেয়—পূর্ণতা পাব বিজু এলেই। ‘কাট্টল পাগুক’ ডাকার জন্য একটি পাখি এ ডাল থেকে ও ডালে ছুটে ছুটে দিশেহারা বিজুর অপেক্ষায়। মহালছড়ি গ্রামেও চলে উৎসবের আমেজ। বিজুতে মজবে বলে দুমুঠো চাল বেশি দিয়ে রান্না হয় আতপের ভাত। রুপালি চাকমা খেত থেকে তুলে আনে ধানিলঙ্কা, নদী থেকে মাছ। শিদল বানিয়ে রাখে ঘরের ছিক্কায়। বিজু এলে খাবে বারো মাস। ম-ম ঘ্রাণ যাবে গ্রাম থেকে গ্রামে। পাহাড় ঘুমিয়ে থাকবে সবুজের খামে।

পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা শীতের শীর্ণ নদীও থাকে বিজুর অপেক্ষায়। ফুলবিজু দিনে নদীও প্রণামি নিয়ে লাবণ্য ছড়ায়।

এক বৈশাখে ক্যান্ডি থেকে হাসালাকা গ্রামে যেতে যেতে পাহাড়ের আঠারো ধাপ পেরিয়ে মনে হয়—বান্দরবান থেকে চিম্বুকের কোল ঘেঁষে নীলগিরি পথেই ছুটছি। দুই পাশে ছুটছে পাহাড়। কখনো মেঘের বুকে নিজেকে লুকিয়ে রাখে। কখনোবা সোনা রোদে সবুজে উপচায়। বৈশাখে সব পাহাড় যমজ ভাই।