কবিতা
আতাহার খান
এ কেমন সময় এখন
বিশ্বাস করুন, সামান্য একটু ভালো থাকবার জন্য
কত কিছুই না বিলিয়ে দিয়েছি—
পদ্মার উন্মুক্ত পাড়ে দাঁড়িয়ে বাতাস মেখে
মুছেছি ক্লান্তির ঘাম,
গভীর জলের স্রোতে ধুয়ে বিদায় করেছি ক্রোধ আর
প্রখর রোদের তাপে পুড়িয়েছি লোভ—
তারপর শান্তি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শুরু
উৎকণ্ঠামুক্ত জীবনের দিকে পথ হাঁটা!
থেকেছি সর্বদা সৎ—কাউকে ঠকাব
সেই চিন্তা স্বপ্নেও দেয়নি স্থান,
শান্তি ও মঙ্গল কামনায় কত জায়গায় করেছি ভ্রমণ,
কিন্তু খুব কষ্ট পাই নিজ চোখে
যখন দেখতে হয় মানবাধিকার
পদপিষ্ট হয়ে লুটাচ্ছে ধুলায়,
সামাজিক রীতি ভেঙে ব্যক্তিস্বার্থ
হয়ে ওঠে প্রতিপক্ষ দমনের নির্ভুল অস্ত্রের উপাদান—
তখন নিজেকে আর স্থির রাখতে পারি না!
নেই কোনো নিয়মমাফিক সহিষ্ণুতা—
নেই স্বস্তি, শুধু বৃষ্টির ফোঁটায়
ভর দিয়ে নেমে আসা অস্থিরতা
নিবিড় সম্পর্ক ভেঙে আতঙ্ক ছড়ায় চারদিক
আর ডেকে আনে মধ্যরাতে ভয়াবহ রক্তপাত—
সত্যি করে বলি, এই সব দেখে
মহাত্মা গান্ধীর অহিংসার বাণীগুলো জাদুঘরে ঝিমুচ্ছে এখন!
সরকার মাসুদ
কোকিল
কোকিল ঠিক কোথায় থাকে আমি জানি না
তবে আমার মনে হয় কোকিল থাকে
গ্রীষ্ম আর বসন্তের মাঝামাঝি এক কুহককোটরে
যেখানে শীতের থাপ্পড় আর গরমের শিখা পৌঁছাতে পারে না
কোকিল আমি সহজে দেখতে পাই না
তবে তার প্ররোচনাময় কণ্ঠস্বর আমি শুনতে পাই
গলার রগ ফুলিয়ে অবিরাম ডাকছে সে
তার ঘাড়ের পালকে ফুটে আছে স্বরলিপি!
পাতার প্রচ্ছদের নিচে বসে বসন্তের প্রিয় কোকিল
এখন ভালোবাসার রক্তচক্ষু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে চারপাশ
চারদিকে ছড়িয়ে পড়বে তার প্রীতিউপহার
আবার অদ্ভুত এক অভিশাপও ঝরে পড়বে
শুকনো পাতার হা হা নৈঃশব্দ্যের ওপর...
কোমল রঙের পর্দার পেছনে গ্রীষ্মকাল দীর্ঘ হয়
তার সবটুকু অভিব্যক্তি নিয়ে
তখন দূরাগত উচ্চাঙ্গসংগীতের অস্পষ্ট মূর্ছনার ভেতর
পাতার অজান্তে মরে পড়ে থাকে অমর কোকিল!
সাঈফ ইবনে রফিক
পাখিটাই পৃথিবীর হৃৎস্পন্দন মাপছে!
কী আশ্চর্য,
তুমি বুঝতে পারছ না
আমি কী লিখছি!
স্বর্গ-নরকের গোপনীয়তা ফাঁস করতে
একটা পাখি ছেড়ে দিলাম।
শেষ প্রান্তে, যখন আমি
পৃথিবীর হৃৎস্পন্দন মাপছি;
এক ফোঁটা অশ্রু পালিয়ে বাঁচে—
কারণ, দুনিয়া আমার আখিরাত
বুঝবে না।
সুস্মিতা চক্রবর্ত্তী
ইথারে ইথারে
জানি না আকাশে পূর্ণিমা আছে কিনা
হৃদয়–রেচকে পূর্ণিমা নিয়ে হাঁটি
কে দিল সাহস নিশ্বাসে তুমি বিনা
আকাশ নেমেছে ছুঁয়েছে আলোর মাটি
আলোতেই তুমি এসেছ আলোর কণা
ইথারে ইথারে শব্দের সাথে ভেসে
আলোকের ঢেউয়ে অপরূপ গান শোনা
শব্দে এসেছ অচেনা আলোয় হেসে
অচেনা পথেই জীবন চেনায় যত
ফুল ফোটানোর প্রস্তুতি বিস্তার
অন্ধদিনের ভুলে যাওয়া শব–ক্ষত
যোগের আলোকে মুক্তির নিস্তার
পূর্ণিমা তাই হৃদয়ে ছড়াক আলো
আকাশে থাকুক নাই–বা পূর্ণ চাঁদ
জীবন যেমনই বাসুক তোমায় ভালো
আকাশের মতো ছড়িয়ে আলোর ফাঁদ।
আসমা বীথি
পরস্পর
কার কাছে শক্তি চাইব
কে শক্তির আধার
জল জমে জমে জলাভূমি। জলের অতলে ভূমি। জল আর ভূমি। জলজ ভূমি। এইখান হতে একপ্রকারের উদ্ভিদ হয়। তাহলে এরাই এদের শক্তি, একে অপরের? এরা উদ্ভিদের জন্য উপকারী। কিছু প্রকার মাছের জন্য উপকারী। এই জল কিছু মানুষের উপকারেও আসে হয়তো–বা। জল তুমি ধুইতে থাকো। কাদামাটি তুমি পাঁকে টানতে থাকো। তবু যেন মানুষ অনাদরে না থাকে। মানুষের পাতে সর্বদা আহার থাকে।