কবিতা
মারুফ রায়হান

দরবার স্কয়ার
বিমূর্ত জন্তুর পিঠে ছিল বুঝি পবিত্র প্রাসাদ
অকস্মাৎ ত্রিভুবন পেলো তার গুঁড়োবার স্বাদ
রোদ্দুরে দাঁড়ান এসে ভূতপূর্ব ব্যথিত সম্রাট
অদৃশ্য ছায়ায় তার ছুঁয়ে দেখি বেদনা বিরাট
ভোজবাজি! ধুলোর ভেতর ধুলো হয়ে যাওয়া গান
পাতালে সিঁধোলো কাষ্ঠমণ্ডপ, প্রতিমা, পুষ্পঘ্রাণ
আহত মন্দির সহস্র বর্ষের প্রার্থনার ভাষা
কবরস্থ! জপমন্ত্র, ঘণ্টাধ্বনি সব বায়ু-ভাসা
মহান বুদ্ধের পদচিহ্ন খোঁজে শত কবুতর
পুরোহিত কোথা? একি সত্যি অবলুপ্ত অবতার!
দেবালয় বিদ্ধ করে যায় দেবতার ধনুর্বাণ
স্থাপনা মেলায় শূন্যে, জ্ঞানশিখা চির–অনির্বাণ
ভূমিকম্পে ভূলুণ্ঠিত কালোত্তীর্ণ গ্রহের গৌরব
রাজন্য-রাজের স্বর্গধাম আজ ধ্বংসের রৌরব
পর্যটন মোহে তবু তন্দ্রাহীন দরবার স্কয়ার
তুষারশোভিত হিমালয় লেখে নির্ভার পয়ার
সুমন সাজ্জাদ

অন্ধকার
এখন আর কিছুই লিখি না,
সাদা পৃষ্ঠায় শূন্যতা লিখি।
খেয়াঘাটের দীর্ঘশ্বাসে
পড়ে থাকে নিঝুম নৌকো।
আলো জ্বলে, আলো নেভে।
মুছে যায় জংলি চাঁদ, মহুয়া-রাত।
এখন আর কিছুই লিখি না,
সাদা পৃষ্ঠায় অন্ধকার লিখি।
কিশোর মাহমুদ

বিভীষিকা
ঘুম ধরে না, চোখ নেভে না
চতুর্পাশে লক্ষ তীরন্দাজ
গর্ত হচ্ছে, গর্ত হচ্ছে বুক বরাবর
সিন্ধু ছিঁড়ে যাচ্ছে রে নাভিশ্বাস
জগৎময় ছিটকে পড়ছে ফেনা
সমুদ্র না, কাতরাচ্ছে
লবণ মাখা ছাল-ছড়ানো লাশ
( ঘুম ধরে না
চোখ নেভে না
মগজ তামা তামা )
ঘুম ধরে না
চতুর্পাশে লক্ষ গোলন্দাজ
দগ্ধ শিশুর বুকের ক্ষতে
ভস্ম মানুষের আংরাতে
আংরাতে
আমি উত্তেজিত
চতুর্পাশে উত্তেজিত রাত
অশ্রু তো নয়
তারা যেন চক্ষুচূড়া থেকে
নামিয়ে দিচ্ছে তীরবিদ্ধ হরিণের প্রপাত