কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশরাফ আহমদ

নারী হয়ে যাচ্ছি

পূর্ব সংকেত ছাড়া

বেপরোয়া বোধের এক ঝড়

তছনছ করে দেয় প্রথার জীবন।

ভেঙে পড়ে ঝুরঝুর সংস্কারের কড়িকাঠ,

ঢেউটিন, যাবতীয় প্রতিরোধ,

নড়ে ওঠে বিশ্বাসের ভিত।

আমূল পাল্টে গিয়ে

নারী হয়ে যাচ্ছি হে বেহায়া পুরুষবিশ্ব,

এবার নতুন করে ইতিহাস লেখো।

সব স্মৃতিটিতি মুছে

অগ্নিচক্ষু থেকে নামছে ঝর্ণারা।

পৌরুষের বীর্যতত্ত্ব, লোভ, যত পেশিবল,

সর্বগ্রাসী রিরংসার ব্যাধি

মমতার স্পর্শ লেগে সেরে উঠছে।

আবার শীতল হচ্ছে বিশ্ব,

কোমলতা ফিরে পাচ্ছে মাতৃতান্ত্রিক যুগ,

মা–ময়, মহা-মাময় হয়ে উঠছে

বিস্রস্ত বৈরী সময়,

ওমে, স্নিগ্ধতায় সিক্ত হচ্ছে নতুন পৃথিবী।

হরমোনবিষয়ক জটিলতা নিয়ে

ডাক্তারে যাব না,

দুঃস্বপ্নে লাথি দিয়ে

নারী হওয়া অধিক উত্তম।

হরমোনঝড় খুব মহীয়সী, 

যাতে গুঁড়িয়ে পড়লে সব,

মনে মনে ঘর জাগে নতুন হাওয়ায়।

ঘরের মেঝেতে বসে আমি বা আমার মা

হাতে নিয়ে নন্দনতত্ত্বের দানা,

জপের তসবি,

শান্তির সাধনায় একাগ্রে সমর্পিত।

শিঙা বাজার আগেই

তিনি উঠিয়া দাঁড়ান—

দেখো হে দাম্ভিকগণ,

ফাদার বা পুরোহিত না হয়েও

তিনি ইমামতি করতে প্রস্তুত।

সিদ্ধার্থ হক

কোনো রুপালীকে 

কোনো রুপালীকে আমি এখনো খুঁজছি স্বপ্নে স্বপ্নে;

এবং পাচ্ছি না খুঁজে।

যার সাথে প্রতিদিন থাকি,

তাকে কেন স্বপ্নে আমি খুঁজেও পাই না?

দূর থেকে দূরে যাচ্ছে স্বপ্নের রুপালী।

এই সত্য জেনে,

ভয়াবহ কষ্ট হয়—ভাবি, সত্য কী?

প্রাত্যহিক বাস্তবতা? স্বপ্ন? দুইয়ের মিশ্রণ?

অথবা অন্য কিছু?...বহু বড় অন্য কিছু?

স্বপ্নে আমি সব কিছু ভুলভাল করি; রুপালীর

বাড়ির ঠিকানা ভুলে যাই; চাবি, মানিব্যাগ, পাসপোর্ট

ফোন, হারাতেই থাকি;

বাসা কিংবা রিসোর্টের পথের নির্দেশ

আমার মগজ থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়

রুপালী কোথায় থাকে, পর্যুদস্ত আমি,

মনে করতে পারি না কিছুতে।

উন্মাদের মতো; ফলে ছোটাছুটি করি

এক–ওকে জিজ্ঞাসা করি, লাভ হয় না।

ভাঙাচোরা ভুল পথে, শিশুরা খেলছে,

মাটির গর্তের মধ্যে শীর্ণ শুকনো সাপ শুয়ে আছে,

আমি ছুটছি কিন্তু রুপালীকে পাচ্ছি না কিছুতে।

তারপর বহু কষ্টে রুপালীর দেখা পাই স্বপ্নের ভেতরে,

দেখি সে–ও অন্য রূপ, ভালো আর বাসে না আমাকে—

এই ভালো না বাসা, স্বপ্নের সত্যমাত্র, বাস্তব নয়

তবু স্বপ্নের এই সত্য কী যে ভয়াবহ বেদনার,

মনে হয় বাস্তবের চেয়েও বড় কোনো না পাওয়ায়

ক্ষয়ে যাচ্ছি আমি,

শূন্য মধ্যে বিফল মানুষ।

দেখি তাকে শুয়ে আছে বিছানায়, অসুস্থ, বিশীর্ণ,

প্রায় নিঃশব্দে বলছে, যাও চলে যাও, আর

এখানে এসো না। ফলে স্বপ্নের মধ্যেই

কেঁদে উঠি আমি। ঘুম ভেঙে যায়,

চারদিকে মশারির মতো অন্ধকার…

যে আমার সাথে থাকে, প্রতিদিন, প্রায় প্রতিদিন—

স্বপ্নে আমি তার কাছে পৌঁছাতেই পারি না,

এই ভয়ংকর বেদনাবোধ, আমি

সারাদিন টেনে টেনে চলি।

আলফ্রেড খোকন

ঠোঁট কাব্য

তোমার ঠোঁটে যেসব লিপস্টিক

টেক্সচার তৈরি করছে 

তাতে আমি কি শুধু চেয়ে রব?

অরেঞ্জ আর রেডের শেডগুলো

এক ধরনের নিয়ন তরঙ্গে খেলছে,

এই খেলা অভিনব।

ওষ্ঠের ন্যুডে শির শির করে

বাতাস ফিরে যাচ্ছে

আলগা ধরনে,

ময়েশ্চার কোটেড পাউডারকণা

আরও কী যেন ছিল

নিবিড় পরনে।

তার সাজে এখন ব্যবহৃত হচ্ছে

স্পর্শকাতর একটি 

কলমের নিব-ও

কোরাল লিপস, শিমারি কিংবা

গ্লিটারি চলনে সখী,

একটি চুম্বন কীভাবে দিব!