বছর দুয়েক আগে তখন তিনি হাসপাতাল থেকে সদ্য ফিরেছেন। শহীদ কাদরী খুব গাম্ভীর্য নিয়েই আমাদের একটি প্রশ্ন করলেন, কবিতা লিখে কী হয়? কিচ্ছু হয় না। কবি ডাক্তার নন যে তিনি অসুস্থ মানুষকে সারিয়ে তুলবেন। তিনি প্রকৌশলী নন যে সেতু বা সড়ক নির্মাণ করবেন। এমনকি তিনি ছুতোর-মিস্ত্রিও নন যে টেবিল বা চেয়ার সারবেন। তাহলে কবিকে কার প্রয়োজন? শহীদ ভাই থিয়োডর অ্যাডোর্নোর পুরোনো একটি উক্তি স্মরণ করে বললেন, ‘আউশভিৎসের বিভীষিকার পর কবিতার কথা ভাবা পাপ।’সেদিন তাঁকে কী জবাব দিয়েছিলাম মনে নেই। আজ দিতে চাই, অন্য কোনো কারণে নয়, কবির কাছে ঋণমুক্তির জন্য।আমি উত্তরটা দেব তিন বা চারটি ভিন্ন উদাহরণ দিয়ে। প্রথম উদাহরণ আড়াই হাজার বছর আগের এক গ্রিক নাট্যকারের কাছ থেকে ধার নেওয়া। আরিস্তোফানেস তাঁর নাটক ফ্রগস-এ এই প্রশ্নের জবাব দিয়েছেন সবচেয়ে মোক্ষম। নগররাষ্ট্র এথেন্স তখন ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে। তার অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখে। এখন দরকার একজন সেনাপতির, যিনি নগরবাসীর প্রতিরোধে নেতৃত্ব দেবেন। মর্ত্যলোক ছেড়ে পরলোকে এলেন ডায়োনিসিস দেবতার কাছে বর প্রার্থনা করতে। অন্য কিছু নয়, তিনি একজন কবিকে চান। প্লুটো তাঁকে প্রশ্ন করলেন, কবিকে তোমার কেন প্রয়োজন? ডায়োনিসিসের জবাব—অবশ্যই নগর রক্ষার জন্য।কবি নগর রক্ষায় ঢাল-তলোয়ার নিয়ে ছুটে যান না। যাঁরা ঢাল-তলোয়ার তুলে নেন, তাঁদের মনে বিজয়ের বিশ্বাস গ্রথিত করাই কবির কাজ। তিনি যেন এক মহান সেনাপতি, নিজে যুদ্ধের ময়দানে না থাকলেও তাঁর উপস্থিতি প্রত্যেক সৈনিক অনুভব করে, তাঁর নির্দেশ তাদের কাছে শিরোধার্য। গ্রিস-ইরান-তুরানের কথা ছেড়ে দিই। ভাবা যাক, আমাদের একাত্তরের কথা, সেই যুদ্ধে সবচেয়ে বড় অনুপ্রেরণা এসেছিল এক কবিতা থেকেই, যে কবিতায় ঘোষিত হয়েছিল—এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।যুদ্ধের ময়দান; যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় সৈনিক, তখনো সে মনে করে, তার কবি-সেনাপতিকে। উইলফ্রিড ওয়েন করেছিলেন। ২০-২২ বছরের তরুণ যোদ্ধা, জার্মানির বিরুদ্ধে প্রথম বিশ্বসমরে তিনি একজন পদাতিক সৈনিক। যুদ্ধে যাওয়ার আগে মা সুসান ওয়েনকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে একটি কবিতা উদ্ধৃত করে শুনিয়েছিলেন। সে যুদ্ধে উইলফ্রিডের মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর বুকপকেটে পাওয়া যায় সেই কবিতাটি। অনেক বছর পর সুসান ওয়েন রবীন্দ্রনাথকে এক চিঠিতে তা জানিয়েছিলেন। সেই কবিতার প্রথম দুটি লাইন:‘যাবার দিনে এই কথাটি বলে যেন যাইযা দেখেছি যা পেয়েছি, তুলনা তার নাই।’মৃত্যুর মুখোমুখি হয়ে মানুষ ঈশ্বরকে স্মরণ করে পরিত্রাণের আশায়। তার অন্য আশ্রয় কবি; উদ্বেগ ও অনিশ্চয়তার মুখোমুখি হয়ে যে উদ্ধার পায় তাঁর কবিতা থেকে! তাঁর বাণী তাকে আশ্বস্ত করে, তাকে সাহস দেয়, তাকে শান্ত করে। পৃথিবীর সব ধর্মের বাণীই কাব্য ভাষায় লেখা। আমাদের গভীরতম আনন্দ ও বেদনার উচ্চারণও রচিত হয় কবিতায়। প্রেমের শ্রেষ্ঠ গীত রচিত হয় কবিতায়, বিচ্ছেদের হাহাকার, তার উচ্চারণও কবিতায়। গভীর সংকটে-অস্তিত্বের বিপন্নতা যখন আমাদের গ্রাস করে, তখনো আমাদের অন্যতম আশ্রয় কবিতা। উদাহরণ দিয়ে বলি: গত বছর চিলিতে ৩৩ জন খনিশ্রমিক ভূগর্ভে দুই হাজার ফুট নিচে আটকা পড়ে। একটানা ৬৯ দিন সেখানে তাদের আটকে থাকতে হয়। জীবন ও মৃত্যুর সেই সন্ধিক্ষণে তাদের আশ্রয় দিয়েছিল কবিতা। মোটেও বাড়িয়ে বলছি না। সেখানে শ্রমিকেরা নিজেদের মধ্যে যার যার দায়িত্ব ভাগ করে নেয়। একজনের দায়িত্ব ছিল ডাক্তারের, একজনের ধর্মযাজকের, একজনের শরীরচর্চা প্রশিক্ষণের। আরেকজনের নাম ভিক্তর জামেরা, তার দায়িত্ব ছিল কবিতার। প্রতিদিন সে একটি করে কবিতা লিখত। প্রথমে সেই কবিতা ভিক্তর পড়ে শোনাত আটকে পড়া খনিশ্রমিকদের। তারপর লিফটে করে তা পাঠিয়ে দিত অন্ধকূপের বাইরে, ওপরে প্রতীক্ষারত প্রিয়জনদের কাছে। উভয়ের, অর্থাৎ নিচে আটকে পড়া খনিশ্রমিক আর ওপরের অপেক্ষমাণ স্বজন, তাদের সবার কাছেই ওই কবিতা ছিল এই প্রত্যয়ের উচ্চারণ যে জীবন এখনো শেষ নয়।উদাহরণ দিই বিপ্লবের মিছিল থেকে। গত কয়েক মাস সারা আরব বিশ্ব এক অবিশ্বাস্য রাজনৈতিক পরিবর্তনের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে। এই বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় তিউনিসিয়ায়। এক যুবকের আত্মাহুতির ভেতর দিয়ে যে বিপ্লবের শুরু, তার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মিসরে; মিসর থেকে ইয়েমেন, বাহরাইন ও লিবিয়ায়। প্রতিটি স্থানেই বিপ্লবী জনতার কণ্ঠে ছিল এক কবির বাণী। যে কথা তারা বুকের মধ্যে পুষে রেখেছিল, শব্দে তার উচ্চারণ করলেন আবদুল কাশেম আল শাবি। বিশ্বের সব একনায়কের প্রতি ঘৃণা উচ্চারণ করে সেই কবি লিখলেন:‘নিষ্ঠুর একনায়ক,অন্ধকারের প্রেমিক তুমিতুমি প্রতিদ্বন্দ্বী জীবনেরজনতার অসহায়তায় তুমি হাসোতোমার হাতের তালু ভেজা তাদের ঘামে,তাদের বেঁচে থাকার আনন্দ তুমি হরণ করো এবংকৃষি ক্ষেত্রে বপন করো দুঃখের বীজ।’বস্তুত আড়াই হাজার বছর আগে যেমন, এখনো ঠিক তেমনই আমাদের গভীরতম আনন্দ ও বেদনার অনুভব, আমাদের ক্রোধ ও দ্রোহের আগুন সবার আগে শোনা যায় কবির কণ্ঠে। মানবাত্মার সব নিভৃত ও অনুচ্চারিত বাসনাকে ভাষা দেন কবি। তিনি নিজের কথাই বলেন, কিন্তু সে কথার অনুরণন শোনা যায় আমাদের চৈতন্যে। কবি যখন বলেন, ‘তোমাকে অভিবাদন হে প্রিয়তমা’, আমরা জানি না কোন প্রিয়তমার উদ্দেশে ওই নিবেদন। অথচ কী প্রবল অনায়াসে ওই নিবেদনে ভাষা খুঁজে পাই আমরা সবাই! আমাদের যার যার প্রিয়তমাকেও সে বাণীর পুষ্পমাল্য তুলে দিই নৈঃশব্দের ঘন অন্ধকার অস্বীকার করে। অথবা কবি যখন বলেন, ‘আমার চুম্বনগুলি পৌঁছে দাও’, সে কথাও কি আমাদেরও নিভৃততম আকাঙ্ক্ষার উচ্চারণ নয়?সেই জন্য, শুধু সেই জন্য; শহীদ ভাই, আমাদের চাই কবিতা।