কবিতা নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীদের সঙ্গে (দ্বিতীয় সারির তৃতীয় থেকে) আতাউর রহমান, রুবানা হক, সৈয়দ মনজুরুল ইসলাম, মাহাবুবা মোশকুর ও ঈশিতা আজাদ
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীদের সঙ্গে (দ্বিতীয় সারির তৃতীয় থেকে) আতাউর রহমান, রুবানা হক, সৈয়দ মনজুরুল ইসলাম, মাহাবুবা মোশকুর ও ঈশিতা আজাদ

আধুনিক কালে কবিতার আবৃত্তি হয় বটে, তবে কবিতা কি যথার্থ অর্থে আসরের সামগ্রী? একটি কবিতাকে কি ‘পারফরম্যান্স’-এর মাধ্যমে উপস্থাপন করা সম্ভব?—অনেকের মনেই এমন প্রশ্ন পাখা মেলছিল ১৯ মার্চ বিকেলবেলা। স্থান বনানীর একটি রেস্তোরাঁ। ব্রিটিশ কাউন্সিল ও মুনসুন লেটার্স-এর আয়োজনে এখানে সেদিন চলেছে ‘আ পারফরম্যান্স পোয়েট্রি কনসার্ট’। তরুণ কবিরা একে একে পড়বেন নিজের কবিতা। সঙ্গে থাকবে তাঁদের ‘পারফরম্যান্স’—তখন পর্যন্ত আয়োজন সম্পর্কে এ তথ্যটুকুই জানা ছিল। পরে আরও যা জানা গেল তার সারমর্ম এমন: এই ফেব্রুয়ারিতে তরুণ কবিদের কাছ থেকে ইংরেজি ও বাংলা—যাঁর যেমন ইচ্ছা—সেই মাধ্যমে কবিতা চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও মুনসুন লেটার্স। তাতে সাড়াও মিলল প্রচুর। ‘মিউজ মাস্টার্স: কবিতা প্রতিযোগিতার আসর’ শিরোনামে প্রতিযোগিতামূলক এ আয়োজনের দুটি ভাগ। এক ভাগে আছে লিখিত কবিতা—অর্থাৎ প্রতিযোগীদের পাঠানো কবিতার মধ্য থেকে সেরা কবিতাগুলো নিয়ে প্রকাশিত হবে একটি সংকলন। আসন্ন ‘হে সাহিত্য উৎসব’-এ আলোর মুখ দেখতে পারে সংকলনটি। অন্যভাগে রয়েছে পারফরম্যান্স পোয়েট্রি। এখানে নিজের কবিতাকে পারফরম্যান্সের মাধ্যমে উপস্থাপনা করবেন কবিরা। এরপর বিচারকেরা নির্বাচন করবেন সেরা দুজন কবি। পরে এই দুই সেরা তরুণ কবিকে পাঠানো হবে ইংল্যান্ডে, বিশিষ্ট একটি পোয়েট্রি ফেস্টিভ্যালে যোগ দিতে।
গত বছর থেকে শুরু হওয়া এ আয়োজনের এবার দ্বিতীয় মৌসুম। এবার থেকে প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে স্বরচিত লিখিত কবিতার বিভাগ। সাড়াও আগের বারের চেয়ে বেশি—জমা পড়েছে সাত শতাধিক কবিতা। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গেল বছর ইংল্যান্ডের ‘লেড ব্রেরি পোয়েট্রি ফেস্টিভ্যাল’ ঘুরে এসেছেন বাংলাদেশের দুই তরুণ কবি।
ব্রিটিশ কাউন্সিল ও মুনসুন লেটার্স-এর যৌথ আয়োজনে এ কর্মকাণ্ডের যৎকিঞ্চিত তো জানা গেল। আবার ফিরে আসি সেদিনের সেই অনুষ্ঠানে। ওই যে আমরা ভাবছি, কবিতার কি ‘পারফরম্যান্স’ সম্ভব, ততক্ষণে কিন্তু শুরু হয়েছে অনুষ্ঠান—পারফরম্যান্স। মঞ্চের দুপাশে বসে আছেন বিচারকেরা—কবি কায়সার হক, কবি সাজ্জাদ শরিফ, মুনসুন লেটার্সের সম্পাদক রুবানা হক ও ব্রিটিশ কাউন্সিলের শিল্প বিভাগের প্রধান ঈশিতা আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কবিতাভিনেতা ইন্ডিগো উইলিয়ামস। জানা গেল, মোট তিন স্তরের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২০ জন তরুণ কবিকে দুই দিন ধরে কর্মশালা দিয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ। এরপরই ‘পারফরম্যান্স’-লড়াইয়ে শামিল হয়েছেন তাঁরা।
না, নিজের কবিতাটি দর্শকের সামনে উপস্থাপনায় কোনো ডরভয় নেই, প্রত্যেকেই বেশ সাবলীল। কেউ পড়ছেন ইংরেজিতে, কেউবা বাংলায়। প্রায় সব প্রতিযোগীর কবিতাতেই ঘুরেফিরে এল বর্তমান সময়ের ক্ষতচিহ্ন—তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ড, বিশ্বজিতের হত্যাকাণ্ড প্রভৃতি। এসব কবিতায় পেট্রলবোমা, পোড়া মানুষের গন্ধ—সমসাময়িক প্রসঙ্গগুলো ছাড়াও কোনো কোনোটিতে পাওয়া গেল শিশুশ্রম থেকে হিরোশিমা-নাগাসাকির ধ্বংসযজ্ঞ পর্যন্ত। নারীজীবনের যাতনার কথাও বলল কোনো কাব্য। আবার অনেকের কবিতায় নানা রূপক-প্রতীকে ধরা দিল প্রেম। ভালোবাসা কী, ভালোবাসার রূপ কেমন?—এমন এন্তার প্রশ্নে জর্জরিত সেসব পঙ্ক্তিমালা। পঙ্ক্তিগুলো সম্বল করেই পারফরম্যান্স করছেন তাঁরা। তবে এই পারফরম্যান্স কিন্তু কবিতার আবৃত্তি নয়, আবার পুরোদস্তুর অভিনয়ও নয়। আলোচ্য ‘পারফরম্যান্স’টি তাহলে কেমন? সহজ করে বললে সেটি আবৃত্তি ও অভিনয়ের মাঝামাঝপথে হাঁটে।
সন্ধ্যা ঘনিয়েছে এর মধ্যেই। ‘আ পারফরম্যান্স পোয়েট্রি কনসার্ট’ প্রতিযোগিতাটিও শেষ। তবে ওই দিনই জানা গেল না ফলাফল। অপেক্ষা করতে হলো আরেকটু—২৪ মার্চ ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জানানো হলো পোয়েট্রি কনসার্টে বিজয়ী কবিদের নাম—প্রথম হয়েছেন সরকার মুহাম্মদ জারিফ ও দ্বিতীয় স্থানে আছেন সৈয়দা তাহেরা আহমেদ। কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম, অভিনয়শিল্পী আতাউর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবা মোশকুরসহ অনেকেই উপস্থিত ছিলেন সেদিনের অনুষ্ঠানে।
প্রথমে যে প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল লেখাটি, সেই প্রশ্নের সুরাহা কি মিলল—কবিতার কি ‘পারফরম্যান্স’ সম্ভব? উত্তরটি দিলেন আয়োজকদের অন্যতম ঈশিতা আজাদ, ‘কবিতার সঙ্গে পারফরম্যান্স তো আমাদের ঐতিহ্যেরই অংশ। আমাদের কবিগান, জারিগান—এগুলো তো কবিরা পারফরম্যান্সের মাধ্যমেই তুলে ধরেন দর্শকের সামনে। কবির লড়াইয়েও আছে পারফরম্যান্স। এসব থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা এই কনসার্টের আয়োজন করেছি। আসলে এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে কবিতার প্রসার ঘটাতে চাই আমরা।’
কবিতা নিয়ে ব্রিটিশ কাউন্সিল ও মুনসুন লেটার্সের আয়োজনটিতে হয়তো কিছুটা খামতি আছে; কিন্তু বিষয় যখন কবিতা, আয়োজন যখন কবিতাকে কেন্দ্র করে, প্রশংসা তখন তারা পেতেই পারে। কেবল তো সূচনা, সামনে নিশ্চয় ঘাটতিগুলো ভরাট করবে আয়োজকেরা।