কবিতাগন্ধী চিত্রমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার ছাপাই ছবির ইতিহাস ২০০ বছরের বেশি পুরোনো। উনিশ শতকজুড়েই এর চর্চা হতো কলকাতার ছাপাখানা ও প্রকাশনাকে ঘিরে। কারিগরি ও মালিকানা—এই উভয় দিকেই প্রথমে এর নিয়ন্ত্রণ ছিল ইংরেজদের হাতে। পরে ধীরে ধীরে বাঙালিরা এই দুই ক্ষেত্রকেই নিজেদের আয়ত্তে নেয়। ফলে পরিবর্তিত হয় এর ব্যবসা ও অনুশীলনের ক্ষেত্রও। নতুন ক্ষেত্র হয়ে ওঠে উত্তর কলকাতা-চিৎপুর ও গরানহাটা—এককথায় যার জনপ্রিয় নাম বটতলা। বটতলার ছাপাই ছবি নানা কারণেই বিখ্যাত। এনগ্রেভিং ও এচিং মাধ্যমের অনুশীলনে চিত্রশোভিত হতো বটতলার বইগুলো। কিন্তু সাধারণ জনরুচির সেবক হওয়ায় বটতলার ছবির লক্ষ্য ছিল না শিল্পগুণ। সে জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত—শান্তিনিকেতনের কলাভবন এবং কলকাতা সরকারি আর্ট স্কুলে শিল্পীদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি নিয়ে সৃষ্ট শিল্পগুণমণ্ডিত ছাপচিত্র চর্চার শুরু পর্যন্ত।কলাভবনে নন্দলাল-বিনোদবিহারী-রামকিঙ্করের হাতে নানা পরীক্ষা-নিরীক্ষায় উৎকর্ষমণ্ডিত হয়েছে ছাপাই ছবি। কলকাতা আর্ট স্কুলের অধ্যক্ষ হওয়ার আগেই মুকুল দে ইংল্যান্ড-আমেরিকা থেকে ছাপচিত্রের বিভিন্ন শাখায় প্রশিক্ষণ নেন। মুকুল দের ড্রাই পয়েন্টে আঁকা অবনীন্দ্রনাথের প্রতিকৃতিকে শিল্পী সফিউদ্দিন আহমেদের কাছে মনে হতো একটি কবিতা। নন্দলালের ছাত্র রমেন চক্রবর্তী কলকাতা আর্ট স্কুলে মুকুল দের সঙ্গে মিলে ছাপচিত্রকে উন্নত শিল্পের মর্যাদায় উন্নীত করেন। এই রমেন চক্রবর্তীরই দুই ছাত্র সফিউদ্দিন আহমেদ (জন্ম: ১৯২২) ও হরেন দাস (১৯২১-৯৩) কলকাতা আর্ট স্কুলে ১৯৪৪-৪৬ পর্বে সতীর্থ ছিলেন। রমেন চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠ অন্তরঙ্গতার মধ্য দিয়ে তাঁরা উভয়ে দক্ষতা লাভ করেন উডকাট, উড-এনগ্রেভিং, এচিং, ড্রাই পয়েন্ট, লিথোগ্রাফ প্রভৃতি মাধ্যমে। এরই পরিণতিতে সফিউদ্দীন আহমেদ ১৯৪৫-৪৭ পর্বে এবং হরেন দাস পঞ্চাশের দশকে সর্বভারতীয় পর্যায়ে ছাপচিত্রে অনেকগুলো পুরস্কার লাভ করে নিজেদের প্রতিষ্ঠিত করেন ভারতের দ্বিতীয় প্রজন্মের সফল ছাপচিত্রীর মর্যাদায়।সুতরাং ভারতের বিখ্যাত এই ছাপচিত্রী হরেন দাস এবং তাঁর ছেলে চন্দন দাসের যে প্রদর্শনী এখন চলছে বেঙ্গল শিল্পালয়ে, তা নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে প্রদর্শিত হচ্ছে ১৯৪৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিভিন্ন মাধ্যমে সৃষ্ট হরেন দাসের মোট ৫১টি ছাপচিত্র। এতে আছে উডকাট, লিনোকাট, এচিং ও লিথোগ্রাফ মাধ্যমের ছবি। চল্লিশের দশকের সব কটি চিত্রই উডকাট মাধ্যমের—আকারে ছোট এবং সাদা-কালো। পঞ্চাশের দশক থেকে যুক্ত হয়েছে অন্যান্য মাধ্যম, বড় হয়েছে ছবির আকার, আর জমিন হয়ে উঠেছে রঙিন।হরেন দাসের জন্ম দিনাজপুরে। দশম শ্রেণী পর্যন্ত সেখানেই অধ্যয়ন শেষে কলকাতা আর্ট স্কুলে গিয়ে ভর্তি হন। মাঝখানে এক বছর চাকরিসূত্রে কুমিল্লায় কাটালেও বাকি জীবন পুরোটাই কলকাতায়। তবু তাঁর চিত্রে লক্ষণীয় হয়ে ওঠে গ্রামজীবনের কোলাহল। কুয়ো থেকে জল তোলা, গরুর গাড়িতে মেলায় যাওয়া, মাছ ধরা, জমিতে সেচের কাজ, কাঠ চেরা, রাখালের মোষ চরানো, দুধ দোহানো, সাঁকো ও খেয়া পারাপার, গম্ভীরার আসর প্রভৃতি বিষয়ের মধ্যে আছে দেশজ মাটির ম ম গন্ধ। গভীর নিষ্ঠা ও বিপুল যত্ন নিয়ে সৃষ্টিকর্মকে নিখুঁত করে তোলার প্রয়াসে তাঁর চিত্রসমষ্টি তাৎপর্যপূর্ণ। এ ছাড়া তাঁর চিত্রে আছে ডিটেইলিংয়ের ঝোঁক, আলো-ছায়ার সূক্ষ্ম ব্যবহার এবং পরিপ্রেক্ষিতের উন্নত বোধ। ক্ষুদ্রের মধ্যে বৃহতের ব্যঞ্জনা সৃষ্টিও তাঁর চিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।হরেন দাস নিজেকে শুধু ছাপচিত্রের বিভিন্ন শাখায়ই সীমাবদ্ধ রেখেছেন, চেষ্টা করেননি পেইন্টার হওয়ার। এটি তাঁর শিল্পীসত্তার সবলতারই পরিচায়ক। তাঁর চিত্রে নারীর সুপুষ্ট দেহবল্লরী, অবয়বের লীলায়িত ভঙ্গি, গ্রামীণ জীবন-বাস্তবতার নানা উদ্ভাস যে নাট্যিক সংবেদনা সৃষ্টি করে, তা কখনো কখনো হয়ে ওঠে সাংগীতিক ব্যঞ্জনা ও কাব্যিক লালিত্যের কারণ। বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে চন্দন দাসও সৃষ্টিশীলতার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ছাপচিত্রকেই। অবয়বের ভাঙচুর, নানা ফর্ম ও রঙের দ্যোতনা সৃষ্টি, মাধ্যমের পরীক্ষা-নিরীক্ষায় তাঁর নিবিষ্টতা সাফল্যের কারণ হবে বলে আশা করা যায়।