কবিতার অন্তর্যামী
কবিতার অন্তর্যামী আধুনিক উত্তরাধুনিক ও অন্যান্য প্রসঙ্গ আশির দশকের অন্যতম কবি ও এ সময়ের তুখোড় কাব্যসমালোচক খন্দকার আশরাফ হোসেনের একটি অনবদ্য ও মেধাবী প্রবন্ধ গ্রন্থ। গ্রন্থভুক্ত ১৭টি প্রবন্ধের সব কটিই কবি ও কবিতাবিষয়ক। তিনি মূলত বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে ও শামসুর রাহমানের কবি ও কাব্যসত্তার অমীয় শক্তির পুনরালোচনা করেছেন। গ্রন্থ শেষে দুটি প্রবন্ধে উত্তরাধুনিক ডিসকোর্সকে তিনি অগ্রগণ্যে এনেছেন। এক আশ্চর্য দক্ষতায় তিনি বাংলা কবিতার গতি, সংগতি ও অসংগতিকে বিশাল পাঠক দৃষ্টির সামনে মেলে ধরেছেন। উত্তর আধুনিকতার নামে যে বিভ্রান্তির কুয়াশা আজ তাবৎ বাংলা কবিতাকে গ্রাস করতে চাচ্ছে, সে কুয়াশার অস্পষ্টতা জটাজাল ছিন্ন করে, যথাযথ জায়গায় আশরাফ হোসেন আলোক্ষেপ করতে চেষ্টা করেছেন। প্রায় প্রতিটি প্রবন্ধেই তাঁর চিন্তার মৌলিক ছাপ রয়েছে। তাঁর প্রবন্ধের ভাষা অত্যন্ত সংবেদী ও তীক্ষ। তাঁর তির্যক অবলোকন ও শব্দ ব্যবহারের শক্তি বিষয়কে করে দেয় এফোঁড়-ওফোঁড়। তাঁর নতুন শব্দ ব্যবহার ঈর্ষণীয়। যেমন—অভিপ্রয়াণ, প্রহরণ, অন্তর্হিতা, আশাকারাজ্জ্বল, চৈতনিক ও দূরপ্রেক্ষা প্রভৃতি শব্দ একান্তই খন্দকারীয়। গ্রন্থের প্রথম প্রবন্ধ ও ‘প্রুফ্রকের পুত্রগণ অথবা বাংলা কবিতার নির্বিন্ন পুরুষ’-এ টি.এস এলিয়টের যুগান্তকারী কবিতা ‘The love song of Alfred J. Prufrock’ কীভাবে আমাদের আধুনিক বাংলা কবিতায় প্রভাব বিস্তার করেছিল, তারই একটি অভিনব ফিরিস্তি দিয়েছেন প্রবন্ধকার।প্রবন্ধে খন্দকার আশরাফ হোসেন দেখিয়েছেন, কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সুধীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে হয়ে সমর সেনের কবিতা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং হাল আমলের কবিদের কবিতায়ও প্রুফ্রকের জীবনের হতাশা ও নিরর্থকতা দ্যুতিত হতে দেখা যায়। ‘আমেয় জীবন অপার আনন্দ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের কবিতার মধ্যে দার্শনিকতার প্রভেদকে ব্যাখ্যা করেছেন প্রবন্ধকার। রবীন্দ্রনাথের প্রশ্ন, ‘কে আমি?’আর জীবনানন্দে আছে, ‘এক তুমি।’ এই তুমিতে ঘিরে আছে কবির সব স্বপ্ন-কল্পনা। তাকে সে একবার পায়, তারপর সে আর পায় না তাকে। আর রবীন্দ্রনাথের ‘কে আমি’র মেলে না উত্তর। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি বাংলা সাহিত্যের এই প্রধান দুই কবির দার্শনিক জগৎকে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন।‘কবিতার কথা: জীবনানন্দের কবিতা চিন্তন’ প্রবন্ধে সমালোচক জীবনানন্দ দাশের কাব্যদর্শনের পরিচয় দিয়েছেন।জীবনানন্দ দাশ তাঁর কাব্যচিন্তনে রোমান্টিকতা ও আধুনিকবাদের মধ্যে এক সুষম সমন্বয় করেছেন। তাই কল্পনার ভেতর অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তার মূল কাজটিকে কবিতা সৃজনের জন্য তিনি মূল্যবান ভাবতে পেরেছিলেন। তিনি বিশ্বাস করতেন, সবাই কবি নন, কেউ কেউ কবি। যে কবির কল্পনাশক্তি আছে, সে-ই কবি। তিনি আরও বিশ্বাস করতেন যে কেবল জাতিগত চৈতন্যের যূপকাষ্ঠে কবিকে বলি দেওয়া উচিত নয়। কবি আব্দুল মান্নান সৈয়দ সম্ভবত এ কারণেই জীবনানন্দকে বলেছেন, ‘শুদ্ধতম কবি’। খন্দকার আশরাফ হোসেন এ প্রবন্ধে জীবনানন্দের কবিতার সেই মর্মমূলকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন।‘বুদ্ধদেব বসু: আত্মতার বন্দীই মূলত’ প্রবন্ধটি বুদ্ধদেব বসুর ওপর একটি সময়োচিত সমালোচনা। বুদ্ধদেব বসুর কবি কৃতিকে স্বীকার করেও প্রবন্ধকার তার তীব্র সমালোচনা করেছেন। এখানে প্রবন্ধকার বুদ্ধদেব বসুকে প্রেমের কবি হিসেবে আখ্যায়িত করেছেন। আর এ প্রেম একান্তই শরীরী প্রেম। তাঁর কবিতায় জীবন মানেই নারী। জীবনের যে বহুতল রয়েছে, রয়েছে মানুষের অন্তহীন সামাজিক সংকট—বৃহত্তর অর্থে সে সংকটের ঘনঘটা তাঁর কবিতায় একেবারেই অনুপস্থিত। তাঁর কবিতায় কেবল রিরংসা ও দেহবাদিতার অনুষঙ্গটি অনুক্ষণ ঘুরেফিরে কেন্দ্রস্থিত হয়েছে। এমনকি ত্রিশের অন্য কবিরাও এ বৃত্তাবদ্ধ থেকে বেরিয়ে আসার প্রয়াস করেছেন কখনো কখনো। সব মিলিয়ে প্রবন্ধটিকে বুদ্ধদেব বসুর কবিতার পুনর্মূল্যায়ন বলা যেতে পারে। ‘কবিতার শহর, কবিতার ঢাকা’ একটি স্পর্শকাতর প্রবন্ধ। ঢাকা শহর বিশ্বকবিদের অন্যান্য শহরের মতোই একটি শহর। ‘আধুনিক কবিতায় শহর নারকীয় যন্ত্রণা, অবিবেকী কষ্ট, নষ্টতা ও পচনে অনুষজ্ঞ; অন্যদিকে শহর কুহকিনী, মায়াবিনী সুন্দরীও বটে।’ দুঃস্বপ্নের এ শহর নিজেই স্বপ্নকাতর। এলিয়টের লন্ডন যেমন ‘unreal city’ তেমনি বোদলেয়ারের প্যারিস আর দান্তের In ferno। জীবনানন্দ, সমর সেন আর বিষ্ণু দের কলকাতা আর শামসুর রাহমান, শহীদ কাদরী ও অন্যান্য আধুনিক কবির শহর তেমনি ঢাকা। খন্দকার আশরাফ হোসেন ঢাকাকে যেন নতুন রূপে রঞ্জিত করেছেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। ‘শামসুর রাহমান: সূর্যকান্ত জীবনের কবি’ প্রবন্ধে বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমানের কাব্যকৃতির মূল্যায়ন করেছেন। তাঁর কবিতায় নগরজীবনের কথা ব্যাপকভাবে ফুটে উঠেছে। কিন্তু তা বলে তিনি এক কেন্দ্রিক নন। বিশাল বাংলার সংস্কৃতি ও রাজনীতি কবির প্রধান দর্শন। এই অর্থে লোকজীবন ও নাগরিক জীবনের রংমিশাল হয়েছে তাঁর কবিতায়। বাংলা গদ্য কবিতায় তিনি এক নতুন মাত্রা দান করেছেন। এ প্রবন্ধে সমালোচকের গভীর শ্রদ্ধাই অঙ্কিত হয়েছে কবির প্রতি।‘এই যে সোনার ধান: ২০০৭-এর কবিতা’ একটি তাৎক্ষণিক, সময়োচিত মূল্যায়ন। উপর্যুক্ত প্রবন্ধ ছাড়া আরও যেসব চমৎকার প্রবন্ধ রয়েছে, সেগুলো হচ্ছে: কবিতার অন্তর্যামী, অয়নান্তের আয়না, চিহ্নায়নের ঘোড়া, কবিতা, বিপজ্জনক, লিয়াজোঁ, বুদ্ধদেব বসু ও ঢাকা বিশ্ববদ্যালয়, বিষ্ণু দে: চোরাবালির সামনে ঘোড়সওয়ার, শামসুর রাহমান: আমৃত্যু তার জীবনানন্দ, স্মৃতির জলযান: সায়ীদের সফরনামা ও উত্তর আধুনিক চাতালে। কবি ও সমালোচক খন্দকার আশরাফ হোসেন ‘বাংলা কবিতার নাড়িতে হাত রেখে এর হূদস্পন্দ অনুভব করতে চেয়েছেন।’ কবিতায় অন্তর্যামী গ্রন্থটি এ সময়ের কবিতাবিষয়ক একটি শ্রেষ্ঠ সমালোচনা গ্রন্থ বলে নির্দ্বিধায় আখ্যায়িত করা যায়। মিনাজ মুর