ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের এই স্মৃতিকথা আল মাকেল্লা ম্যাগাজিন অবলম্বনে ইংরেজি থেকে অনুবাদ করেছেন দিলওয়ার হাসানব্যক্তিগত সমস্যা নিয়ে আলাপ করতে আমার ভালো লাগে না। তবে আমার বিশ্বাস, সাম্প্রতিক স্বাস্থ্যগত সমস্যা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অস্তিত্বের সংকট ছিল। জীবন আর মৃত্যুর স্বচ্ছ একটা ফাটলের মাঝখানে এসে দাঁড়িয়েছিল আমার জীবন। এর আগে অন্য আরেকটা হার্ট অ্যাটাকের মুখোমুখি হলে ক্লিনিক্যাল ডেথের আন্দাজ পেয়েছিলাম। তবে আমার ধারণা, এবারের মতো এত তীব্র ছিল না ওটি। আগেরটা ছিল খুব সাধারণ, মনে হয়েছিল সাদা মেঘের ভেতর ঘুমিয়ে পড়েছিলাম, যেন উড়ে চলেছিলাম আকাশে। তখন হঠাৎ ব্যথা ও কষ্টের অনুভব আসে। তার মানে, জীবনের ভেতর ফিরে এসেছিলাম আমি। জীবন শুরু হয় যন্ত্রণার মধ্য দিয়ে, আবার শেষও হয় যন্ত্রণা দিয়েই। তবে এবারের ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দৃষ্টিসীমায় কিছুই ছিল না: মৃত্যুর সঙ্গে কার্যত একটা লড়াই শুরু হয়েছিল আমার, মনে হয়েছিল মৃত্যুর সঙ্গে সংগ্রাম খোদ মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। এই তিক্ত ও বেদনাদায়ক অভিজ্ঞতার পর ধীরে ধীরে জ্ঞান ফিরে এসেছিল, অস্তিত্ব ও জীবনের অসম্ভাব্যতার বিপরীতে প্রাণ ফিরে পেয়েছিলাম।আরেকটা ব্যাপারও খুব আশ্চর্যজনক। ওই সংকটের চূড়ান্ত মুহূর্তেও আমি লিখতে শুরু করেছিলাম। যা লিখেছিলাম তা আসলে ছিল ওল্ড টেস্টামেন্টের ‘বুক অব একলিসিয়াসটেস’ সম্পর্কে প্রলাপের মতো কিছু বিবরণী, যা শুরু হয়েছে ‘দম্ভের দম্ভ; সবকিছুই দম্ভ’ দিয়ে। মনে হয়েছে, ওই পাঠ্যাংশের ওপর ভাষ্য রচনা করেছিলাম।...সত্যি কথা বলতে কি, আমার জীবনের ওই সাম্প্রতিক অগ্নিপরীক্ষা আমার ভেতরে এক ধরনের হতাশার অনুভূতি নিয়ে আসে। খুব স্বাভাবিকভাবেই ওই অসুস্থতা আমার ভেতর গভীর এক ক্ষতচিহ্নের সৃষ্টি করে। মনের মধ্যে তৈরি হয় অন্তঃসারশূন্যতা আর তিক্ততার এক অতুলনীয় অনুভূতি। এখনো যখন সেসব মনে পড়ে, ভয়ে একেবারে সিঁটিয়ে যাই। আর এ কথা বলা যায় যে ওই অভিজ্ঞতা আমার অবচেতন মনে শেকড় গাড়ছে। কোনো দিন হয়তো তা স্পষ্ট হয়ে উঠবে।তবে এ কথা ঠিক যে কবিতা সে সময়েও আমার ভেতর ছিল। চিকিৎসকেরা আমাকে যে কৃত্রিম কোমার ভেতর নিয়ে গিয়েছিলেন, তার স্থিতিকাল ছিল পুরো এক সপ্তাহ। সেখান থেকে বেরিয়ে আসার পর আমার প্রথম চেষ্টা ছিল কথা বলা; কিন্তু কথা বলা সম্ভবপর হয়ে ওঠেনি আমার পক্ষে। আমি তখন ইশারা করে তাঁদের কাছে কাগজ-পেনসিল চাই। তখন আশঙ্কা হয়েছিল, হয়তো চিরদিনের জন্য ভাষা হারিয়ে ফেলছি; কিন্তু তখনই বুঝতে পারি, মুখের ভেতর কিছু যন্ত্রপাতি লাগানোর কারণে কথা বলতে পারছিলাম না। সে সময় কাগজ ও পেনসিলের মাধ্যমে চিকিৎসক, নার্স আর দর্শনার্থীদের সঙ্গে কথাবার্তা চালাই।ওই সময় আমার সবচেয়ে বড় ভয় ছিল, আমি বুঝি কবিতা লেখার ক্ষমতা হারিয়ে ফেলছি। প্রচণ্ড শারীরিক যন্ত্রণা ও ব্যথা, যা আমার উদ্দীপনা ও শরীরকে ছিন্নভিন্ন করছিল; সেসব সত্ত্বেও বলতে পারি, পুরো সময়টাতে আমার ভেতর কবিতা ছিল। অতএব, কবিতা হচ্ছে আমার জীবনের নির্যাস এবং কবিতা ছাড়া সেখানে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। কবিতার বাইরে আমার জীবনের আর কোনো অর্থ নেই। আর এটা সাংঘাতিক একটা ব্যাপার; কারণ এমন দিন আসবে, যখন কবিতার বাইরে অন্য কোনো কিছুর অস্তিত্ব খুঁজে নিতে হবে।ওই তিক্ত অভিজ্ঞতার পর যখন স্বাভাবিক জীবনে ফিরে যাই, তখন প্রচণ্ড হতাশা আসে মনে। ওটা শুধু অসুস্থতার ধরনের জন্য নয়, কবিতা লেখার ক্ষমতা হারানোর ভয় থেকে, যা সৃষ্টি হয়েছিল আমার ভেতর। কয়েক মাস তো এক লাইন কবিতাও লিখতে পারিনি। ওই ভয় বেশ কয়েক সপ্তাহ আমাকে তাড়া করে ফেরে, যার অস্তিত্ব এখনো বিদ্যমান। বিশেষত আমাকে আমার পুরোনো অভ্যাস যেমন—ধূমপান, যা ছিল আমার দীর্ঘদিনের দৈনন্দিন জীবনের একটা অংশ, তা থেকে বিরত রাখা হয়। অনেক দিন থেকেই আমি অনুভব করে আসছি যে লেখা ও ধূমপান পাশাপাশি চলে এবং তা বিচ্ছিন্ন হওয়ার নয় কোনো দিন। তখন কবিতা ছাড়া অন্য আরও কিছু পাওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করা জরুরি হয়ে পড়ে, যাতে ভবিষ্যৎ জীবনটা মোকাবিলা করতে পারি। কবিতা হচ্ছে জীবনের অন্যতম একটি প্রকাশ আর হতে পারে ওটা জীবনের উৎস—এ কথা ভাবা বঞ্চনা ছাড়া আর কিছুই নয়।কারও জীবনের অভিজ্ঞতা ও কবিতার অভিজ্ঞতার লড়াইয়ের ভেতর সীমারেখা তোলাটা খুব কঠিন কাজ। আমি এমন একজন কবি, যে জীবনের সৌন্দর্য সেই অবধি পরিমাপ করে, যা কবিতা হয়ে উঠতে পারে। কারণ আমার বিশ্বাস, লেখার জন্য যা প্রয়োজনীয় নয়, জীবনের বেলায়ও তার কোনো মূল্য নেই।...এবার নির্বাসিত জীবনের কথায় আসি। আমার বিশ্বাস, বাসভূমি কোনো কবির জন্য মৌলিক প্রয়োজন নয়। নিজের জীবন দিয়ে দেখেছি, নির্বাসন কালো কিংবা ধূসর নয়, কারণ নির্বাসিত জীবনেই আমার পরিপক্বতা ঘটে এবং আমার অধিকাংশ গুরুত্বপূর্ণ লেখা নির্বাসনের ভেতর রচিত। আমরা যদি বিষয়টার আরও গভীরে যাই তাহলে দেখব, নির্বাসন হচ্ছে অভিজ্ঞতার গবেষণাগার। তবে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, নির্বাসন যেন অভ্যাসে পরিণত না হয়; বরং তা যেন মানব-অস্তিত্ব এবং এই অস্তিত্বে সত্তার বিচ্ছিন্নতায় অনুসন্ধানের একটা পন্থা হতে পারে। কাজেই কোনো স্বদেশভূমি নির্বাসনকে বাতিল করতে পারে না, আর কোনো নির্বাসন স্বদেশভূমিকে বাতিল করতে পারে না। তিউনিসে আমি বছরখানেক নির্বাসিত জীবন কাটিয়েছি, তবে অনেকবারই অন্যত্র গিয়েছি। কবিতায় ব্যবহার করা যায়, এ রকম কোনো অভিজ্ঞতা অর্জনের জন্য অবশ্য সেখানে থাকিনি। কায়রোতে থেকেছি অনেক দিন। ষাটের দশকের শেষের দিকে অধিকৃত এলাকা ছেড়ে আসার পর কায়রোই ছিল আরব বিশ্বের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। মিসর তখন সাতষট্টির যুদ্ধের ধকল সামলাচ্ছিল আর রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল। কাজেই তখনকার জীবন আমার মধ্যে তেমন একটা প্রভাব রাখতে পারেনি অথবা কাব্যিক কোনো অভিজ্ঞতাও সঞ্চিত হয়নি।তবে বৈরুতে আমি অনেক দিন ছিলাম, বিশেষ করে গৃহযুদ্ধের সময়টাতে। কায়রো অথবা তিউনিসের অভিজ্ঞতার চেয়ে ওখানকার অভিজ্ঞতা ছিল অনেক বেশি জটিল আর অতি স্বচ্ছ। সেই সময়টাতে বৈরুত ছিল আলাপ-আলোচনার জন্য একটা ওয়ার্কশপ কিংবা বলা যায় একটা প্লাটফরম। বৈরুত ছিল এমন একটা শহর, যেখান থেকে সারা আরব বিশ্বে বই রপ্তানি হতো আর নানা ধরনের মানবসম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে ছিল একটা খোলা জায়গা। সবকিছু ঘটত খুব স্বল্প পরিসরের ভেতর। আমরা সমুদ্রের পাড়ে বসে আলাপ-আলোচনা করতাম। যখন আমার কাব্যিক অবস্থানের কথা ভাবি, বৈরুতের অভিজ্ঞতার ইতিবাচক দিকটি চিহ্নিত হয়, তখন মনে হয়, বৈরুতের সময়টা কোনো চূড়ান্ত ক্রান্তিকাল ছিল না।...বৈরুতে রচিত কবিতাগুলোর দিকে যখন তাকাই, তখন মনে হয় ওগুলোকে বাতিল করে দেওয়া যেতে পারে। কাব্যিক পরিপক্বতা বা ওই ধরনের কিছু আসে বৈরুত পর্বের শেষে, বিশেষ করে পারিতে যখন আমি আমার এবং নিজের ভেতরকার বিভাজনরেখা ও অন্য অনেক কিছু অতিক্রম করতে পারি। কাব্যিক পরিকল্পনাগুলোর আরও গভীরে যাওয়ার জন্য এই বিভাজনরেখার দরকার ছিল আমার, যাতে নিজের প্রকাশের হাতিয়ারগুলোকে আরও উন্নত করে তোলা যায়।