কবিরাজ বিষয়ে
তাহাকে আমরা ডাকি কবিরাজ। কবির রাজা, তাই কবিরাজ। যদিও পরে সে হইয়া উঠিয়াছে লেখক, কিন্তু তাহার কবিরাজ নামখানি ঘোচে নাই। অদ্যপি কবিরাজ ব্যতীত তাহার আর কোনো নাম আমি স্মরণ করিতে পারি না।কবিরাজকে লইয়া যে গল্পখানি পাড়িতে যাইতেছি তা তাহার কবিত্ব লইয়া নয়। লেখকত্ব লইয়া। আরও ভাঙ্গিয়া বলিতে গেলে আমার লেখকত্ব লইয়া।কবিরাজের সহিত আমার প্রথম সাক্ষাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায়। পরিচয় জিজ্ঞাসা করিবার পর তাহার দ্বিতীয় প্রশ্ন ছিল, আমি ম্যাজিক রিয়ালিজম নিয়া কী ভাবি। ম্যাজিক এবং রিয়েলিটি শব্দ দুখানি আলাদা আলাদাভাবে শুনিয়াছিলাম। একখানার অর্থ জাদু, আরেকখানা বাস্তবতা। কিন্তু এই শব্দদ্বয়ের সমন্বিত রূপ পূর্বে কখনো আমার কর্ণে ঢোকে নাই। পরোটা ছিঁড়িতে ছিঁড়িতে বলিয়াছিলাম, ম্যাজিক রিয়েলিজম খুব ভালো জিনিস। ইহাতে কবিরাজের কী বোধোদয় হইয়াছিল জানি না, কিন্তু সে আমার দিকে একখানা দৃষ্টি নিক্ষেপ করিয়াছিল বলিয়া মনে পড়ে। এই দৃষ্টিতে আমরা সচরাচর তেলাপোকা প্রভৃতি জীবের প্রতি তাকাই। যেন তেলাপোকার মতো পায়ে পিষিয়া কবিরাজ আমাকে আমার তুচ্ছতা হইতে মুক্তি দিতে চাহিতেছিল। ম্যাজিক রিয়েলিজম কী বস্তু তাহা না জানিয়া পৃথিবীতে বসবাসের অধিকার মানুষ কীরূপে পায়, কবিরাজ মনে মনে ইহাই ভাবিতেছিল, আমি নিশ্চিত।ইহার পর কবিরাজের সহিত আমার কথোপকথনের সুযোগ আর খুব বেশি হয় নাই। বলিতে কি, কবিরাজ আমাকে কথোপকথনের যোগ্য হিসেবেই গণ্য করে নাই। তবে ক্যাফেটেরিয়ায় নাশতা করিতে করিতে প্রায়শ আমি কবিরাজকে উচ্চকণ্ঠে দর্শন ঝাড়িতে শুনিতাম। জুনিয়র ব্যাচের কিছু স্যাঙাত সে জুটাইয়া ফেলিয়াছিল। তাহাদিগকে সম্মুখে বসাইয়া সে দর্শন কপচাইত। তাহাদের টেবিল হইতে যে সকল অশ্রুতপূর্ব শব্দ আমাদের টেবিলে ভাসিয়া আসিত, তাহাদের মধ্য হইতে দু খানির মর্ম উদ্ধার করিতে পারিয়াছিলাম। দেরিদা এবং নেরুদা। ইহারা নিশ্চিত কলিকাতার দুই মহাজন লেখক। পূর্ণ নাম হয়তো দেরি বন্দ্যোপাধ্যায় কিংবা নেরু গুপ্ত। কবিরাজের পরিচিত বিধায় দাদা দাদা করিত।কবিরাজের চিবুকে গোটাছয়েক চুল ছিল। তাই তাহার নাম একদা ‘মাকুন্দরাজ’ হইয়া উঠিবার সম্ভাবনা তৈরি হইয়াছিল। তবে কবিরাজ নামখানিই শেষ অব্দি টিকিয়া গিয়াছে। কবিরাজের মাথার চুল ছিল দীর্ঘ। প্রায়শ সে ঝুঁটি বাঁধিত। তাহার ঘাড়ে ঝুলিত লম্বা ধূসর একখানা ব্যাগ। তবে শান্তিনিকেতনি ঝোলা নহে। কবিরাজ ‘হেই ম্যান, ওয়াটস আপ’ ঘরানার বুদ্ধিজীবী। কাহারো সহিত সে পরিচিত হইত এই বলিয়া, ‘আমি শূন্য প্রজন্মের একজন নগণ্য কবি...।’ আমরা বলিতাম, নগণ্য, বটে!বিশ্ববিদ্যালয়ে দুই-এক সেমিস্টার পার করিবার পর আমি বুঝিয়াছিলাম, কবিরাজ আমার একার আগ্রহের বস্তু নহে। আরও অনেকেই তাহাকে লইয়া বিচলিত। এদিকে হোস্টেলে বসিয়া বসিয়া আমাদের হাত-পায়ে শিকড় গজাইতেছিল। তাই আমরা কবিরাজ-প্রকল্পের সূচনা করিলাম। প্রকল্পের মহাব্যবস্থাপক হিসেবে আমাকে নিযুক্ত করা হইল। এই ভুল সকলে মিলিয়া কেন যে করিল জানি না, তবে ইহার খেসারত আজ অব্দি দিতে হইতেছে।পরিকল্পনা হইল, আমরা একখানা বই রচিব। এবং আমাদের গ্রুপে আমি যেহেতু ‘ধইঞ্চা’ নামে খ্যাত (শব্দরুচিজনিত সমস্যা হইলে ক্ষমা করিবেন সুশীল পাঠক), তাই আমি কিছু লিখিলে তাহার চাইতে আর নিকৃষ্ট কিছু সম্ভব নহে। বই রচনার ভার আমাতে ন্যস্ত হইল।কিন্তু উৎকৃষ্ট হোক আর নিকৃষ্ট, পুস্তক রচনা সহজ কার্য নহে। আমি বার চারি উদ্যোগ লইলাম। কিছুই বাহির হইল না। আমার বন্ধু-সাথিগণ নিরন্তর তাগাদা দিতে লাগিল। আমি প্রায় হতোদ্যম হইয়া পড়িলাম। কিছুতেই যখন কিছু হইতেছে না, আমি একদিন রুশ-দেশীয় পানীয়ের আশ্রয় লইলাম। কী বলিব, মাথা খুলিয়া গেল। মানসনেত্রে মা সরস্বতী আর মা লক্ষ্মীর মতো দুই মূর্তি অবলোকন করিলাম। টের পাইলাম, ইহারা প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী। আমাকে উদ্ধার করিতে আসিয়াছেন। ইহাদের লইয়াই লিখিতে হইবে।গল্প দাঁড়াইল এইরূপ।শেখ হাসিনা সকাল সকাল নিদ্রা ত্যাগ করিয়া হতভম্ব হইয়া গেলেন। তিনি ইহা কাহার বাড়িতে ঘুমাইয়া আছেন? উঠিয়া আয়নার সম্মুখে দাঁড়াইয়া আর্তচিৎকার করিলেন। আয়নায় তিনি খালেদা জিয়াকে দেখিতেছেন! তিনি বুঝিলেন যে তিনি খালেদা জিয়ার শরীর পাইয়াছেন এবং খালেদার বাড়িতেই নিদ্রা হইতে জাগিয়াছেন। অন্যদিকে খালেদারও একই অবস্থা হইল। তিনি জাগ্রত হইলেন হাসিনার বাড়িতে, হাসিনার রূপ ধরিয়া। ইহার পর ঘটনা ঘটিতে লাগিল।প্রধানমন্ত্রী এবং বিরোধীনেত্রী উভয়েরই পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন ছিল। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী গতকল্যের হরতাল সফল করিবার নিমিত্তে জনগণকে শুভেচ্ছা জানাইলেন! বিরোধীদলীয় নেত্রী জনগণকে ধন্যবাদ দিলেন হরতাল প্রত্যাখ্যান করিবার জন্য। প্রধানমন্ত্রী ঘোষণা করিলেন, এই পাপিষ্ঠ সরকারের পতন হইতে আর বেশি দিন বাকি নাই। বিরোধীনেত্রী বলিলেন, যেকোনো মূল্যে এই সরকারকে রক্ষা করিব। প্রধানমন্ত্রী বলিলেন, এই সরকারের আমলে জনগণের প্রাণ ওষ্ঠাগত। বিরোধীনেত্রী বলিলেন, এমন সুদিন মানুষ আর কবে পাইয়াছে! প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে খালেদা জিয়ার মন আর শেখ হাসিনার শরীর, ঘোষণা দিলেন যে দেশের যাবতীয় স্থাপনা শহীদ জিয়ার নামে হউক। বিরোধীনেত্রী ‘খালেদা জিয়া’ গর্জিয়া উঠিলেন, বঙ্গবন্ধুর নাম মুছিয়া ফেলিলে দেশ অচল করিয়া দেওয়া হইবে।ইহার পর নানাবিধ ঘটনায় বইখানি শেষ পর্যায়ে পৌঁছাইয়া গেল। শেষভাগে উপস্থিত হইলেন বাংলা ছবির কালজয়ী অমর কমেডিয়ান দিলদার। তিনি নানা মশকরা করিলেন জনগণকে উদ্দেশ্য করিয়া। ‘বাংলাদেশকে কেউ চালায় না। কেন জানেন? বাংলাদেশ তো কোনো গাড়ি না, হা হা হা।’ এই ধরনের নির্বোধ কৌতুকে বইয়ের শেষ অধ্যায় ভরাইয়া দিয়া লিখিয়া দিলাম, ‘এবং ইহার পর আল্লার ইচ্ছায় বঙ্গভূমি স্বর্গভূমিতে পরিণত হইল।’পুস্তকখানি দুই রজনীতে সমাপ্ত করিয়া আমার ইয়ার-দোস্তগণকে দেখাইলাম। তাহারা এক বর্ণ না পড়িয়াও নিশ্চিত হইল পৃথিবীর নিকৃষ্টতম কথাসাহিত্যের রচনাকার্য সমাপ্ত হইয়াছে। ইহার পর আমরা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়া লাগিলাম। ইহাই সর্বাপেক্ষা দুরূহ ধাপ। পুস্তকখানি ছাপিতে হইবে। এই বিষয়ে আমাদের কাহারো কোনো অভিজ্ঞতা নাই। লোকমুখে শুনিয়া ধরনা দিলাম বাংলাবাজারের আলেয়া প্রিন্টার্সে। তাহারা এক নিদারুণ দাম হাঁকিল। কিন্তু আমাদিগকে তখন তামাশা তৈরির নেশায় পাইয়াছে। সকলের টিউশনির টাকায় বই নামিয়া গেল। শুধু বইয়ের মলাটখানি দেখিয়া আমি কিঞ্চিত বিমর্ষ হইলাম। পরিকল্পনা অনুযায়ী লেখক হিসেবে কবিরাজের নাম সেখানে জ্বলজ্বল করিতেছে।বই হাতে পাইয়া সকলে নাচিয়া উঠিল। এইবার শুরু হইবে আসল খেলা। কবিরাজের পরিচিত-অপরিচিত সকল কবি-সাহিত্যিক-সম্পাদকের তালিকা করা হইল। বাংলাদেশের তাবৎ লেখকই এক অর্থে কবিরাজের বড়ভাই। পারিলে জীবনানন্দ, সুধীন দত্তকেও সে জীবনদা, সুধীনদা বলিয়া ডাকে! তাই তালিকা নেহায়েত ক্ষুদ্র হইল না। আমাদের টিউশনির আরও কিছু অর্থ চলিয়া গেল। কবি-সাহিত্যিক-সম্পাদকগণকে পাঠানোর পর বইয়ের আরও কিছু কপি রহিয়া গেল। সেইগুলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিকট বণ্টন করা গেল।রেকর্ড ছাড়িয়া দিয়া ইজিচেয়ারে পা ছড়াইয়া চোখ মুদিয়া মানুষ যেরূপ কান খাড়া করিয়া রাখে কখন আসিয়া পৌঁছিবে মধুর সুরধারা, আমরাও তদ্রূপ প্রতীক্ষা করিয়া রহিলাম কবিরাজের প্রতিক্রিয়া দেখিবার আশায়। কবে কবিরাজ বুক চাপড়াইতে চাপড়াইতে আমাদিগের নিকট আসিয়া কহিবে, মূঢ়, তোরা ইহা কী করিলি! কেন করিলি! আমরা নির্বিকার রহিয়া কহিব, রে কবিরাজ, ইহাই অদৃষ্ট!কিন্তু কিছুই ঘটিল না। কেহই কিছু কহিল না, কাহারো কোনো প্রতিক্রিয়া নাই। না কবিরাজের, না আর কাহারো। আমাদের সাময়িক উত্তেজনা নির্বাপিত হইল। কেবল এই আশায় বসিয়া রহিলাম, যাহা ঘটাইয়াছি তাহার তাৎক্ষণিক না হোক, সুদূরপ্রসারী ফলাফল কবিরাজকে তো বহিতে হইবেই। কিন্তু শরৎচন্দ্রের মতো করিয়া বলিতে হয়, বিধাতা আমাদের দিকে তাকাইয়া মুচকি হাসিতেছিলেন, আমরা জানি নাই।ফল কবিরাজ পাইল। পাইলাম আমরাও। এই ফল ফলাইল বাংলাদেশের দৈনিক পত্রিকা চূড়ান্ত কথা। তাহারা তাহাদের বাৎসরিক শ্রেষ্ঠ সাহিত্যকর্মের পুরস্কার হিসেবে বাছিয়া লইল কবিরাজের (মানে আমার লিখিত!) বইখানি! খবরটা শুনিয়া প্রথমে নিতান্ত বেকুবের মতো আমার আনন্দ হইয়াছিল। এক মুহূর্ত বাদেই কর্দমরূপ হতাশা আমাকে গিলিয়া খাইল। কিন্তু তামাশার তখনো কিছুই শুরু হয় নাই। আসল তামাশা হইল কবিরাজের ইন্টারভিউয়ে। শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বাছিবার পাশাপাশি দৈনিকটি কবিরাজের ইন্টারভিউ করিল।ইন্টারভিউখানি এইরূপ:প্রশ্নকর্তা—এই বইখানিকে কীভাবে মূল্যায়ন করেন আপনি?কবিরাজ—দেখুন, কাফকার মেটামরফোসিস যেরূপ ‘সেলফ’-এর ডেফিনিশন নিয়া কাজ করে, আমার বইখানিতেও সেলফ লইয়া তেমন খেলা আছে। সেলফ শরীর হইতে পারে, মন হইতে পারে, আবার সমাজের সহিত ব্যক্তির স্বার্থগত সম্পর্কও হইতে পারে। আমার গল্পে দুই নেত্রীর মন ভিন্ন ভিন্ন শরীরে গিয়াছে। কিন্তু তাহারা কেবল রক্ষা করিতে চায় তাহাদের ফেলিয়া আসা শরীরকে। সেই ফেলিয়া আসা শরীরের সহিত তাহাদের মানসের কী সম্পর্ক তাহা এক রহস্যই বটে।প্রশ্নকর্তা—বইটি লিখিতে আপনার কত দিন লাগিয়াছে?কবিরাজ—তা প্রায় দেড় বছর। বইখানি যখন লিখি তখন কী এক স্বপ্নের ঘোরে ছিলাম। এই বইখানি লিখা আমার জীবনের অতি স্মরণীয় এক ঘটনা।প্রশ্নকর্তা—বইটির ‘দিলদার’ চরিত্রটিকে কীভাবে দেখেন আপনি?কবিরাজ—দেখুন, আমার গল্পের শেষভাগে আমি কিঞ্চিত অর্থগত বিশৃঙ্খলা আনিতে চাহিয়াছি। বলিতে পারেন অ্যাবসারডিটি, আবার বলিতে পারেন সমাজ-রাষ্ট্রের প্রতি তীব্র শ্লেষ, বিদ্রূপ হইতেই ‘দিলদার’ চরিত্রখানার উৎপত্তি।প্রশ্ন—এই বইখানি লিখিতে কেউ কি আপনাকে অনুপ্রাণিত করিয়াছে?কবিরাজ—প্রতিদিন ক্যাফেটেরিয়ায় নাশতা খাইতে যাইতাম। আমার পাশের টেবিলে একদল বন্ধু বসিয়া নাশতা করিত আর কী কারণে যেন হাসিত। কেন জানি না, বইখানি লিখার অনুপ্রেরণা তাহাদের দেখিয়াই পাইয়াছিলাম...।আমার বইখানির এমন দার্শনিক ব্যাখ্যা থাকিতে পারে আমি ধারণাও করি নাই। এত কিছু ভাবিয়া তো আমি লিখি নাই। ব্যাখ্যা যেহেতু কবিরাজ বাহির করিয়াছে, বইয়ের প্রকৃত লেখক তো সে-ই বনিয়া গেল। তদুপরি আমি গর্বে ফুলিয়া উঠিলাম। আর আমার বন্ধুরা ফুলিয়া উঠিল ক্রোধে।কবিরাজের বইখানি...হায়, আমার বইকে কবিরাজের বই বলিতে হইতেছে!...সুশীল সমাজেও আদৃত হইল। তাহারা বলিলেন, এই বই দেশে রাজনৈতিক শান্তি আনিবে। টেলিভিশন চ্যানেলের টক-শোতেও কবিরাজ গিয়া হাজির হইল। তাহার অঙ্গে ঘোলা রঙের পাঞ্জাবি, গলায় উত্তরীয়। তাহার এবং উপস্থাপকের মধ্যখানের টেবিলে শোভা পাইতে লাগিল বইখানি। কেহ কেহ আবার বাড়াইয়া বলিতে লাগিল, নোবেল কমিটির হাতেও বইখানি পৌঁছাইয়াছে। তাহারা নাকি কবিরাজকে নোবেলের জন্য ভাবিতেছেন। তবে সাহিত্যে নহে, শান্তিতে।বইখানির সাফল্যের কারণে আমার বন্ধুগণ সর্ববিধ শ্রুতিমধুর সম্ভাষণপূর্বক আমাকে পরিত্যাগ করিয়া আরেকখানি পুস্তক রচিবার তাল শুরু করিল। লেখক হিসেবে বাছিয়া লইল আরেকজন আপাত নির্বোধকে। এই বইখানিও কবিরাজের নামে ছাপা হইবে।আর আমার কথা যদি বলি, বন্ধুগণ কর্তৃক পরিত্যক্ত হওয়া আমার লেখক-প্রতিভার একমাত্র স্বীকৃতি। ‘কবিরাজের’ বইয়ের পুরস্কারপ্রাপ্তিতে যে নির্বোধ আনন্দ পাইয়াছিলাম, সেই একই সুখ পাইয়াছি বন্ধু পরিত্যক্ত হইবার মধ্যেও।ভাবিতেছি, এইবার কবিরাজের সহিত বন্ধুত্ব পাতাইব।