কর্দোবার গোলকধাঁধায়
কর্দোবা ইহুদিপল্লি হিসেবে পরিচিত হলেও ইউরোপের শহরগুলোর মধ্যে শিক্ষা ও সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু ছিল একসময়।কর্দোবা স্টেশন থেকে ট্যাক্সিতে বের হলেই আভেনিদা ডি আমেরিকা, অর্থাৎ আমেরিকান অ্যাভিনিউ। সেখান থেকে ঝকঝকে উজ্জ্বল রোদের নিচে বৃক্ষশোভিত হার্দিন দে লা এগ্রিকুলতুরা, হার্দিন দে লা ভিক্তোরিয়া ফেলে আভেনিদা ডি লা রেপুবলিকা আর্জেন্তিনা হয়ে আমাদের প্রাচীন নগরের টিকে থাকা একপ্রস্ত সীমানাদেয়ালের গায়ে একটা বড় গম্ভীর চেহারার তোরণের সামনে নামিয়ে দেয় বৃদ্ধ ট্যাক্সিওয়ালাটি। হার্দিন মানে বাগান বা পার্ক। দুর্গের আদলে তৈরি গেটটার নাম পুয়ের্তা ডি আলমোদোভার বা আলমোদোভার গেট। মুসলিম শাসনামলে এটির নাম ছিল ‘বাব আল ইয়াহুদ’, অর্থাৎ ইহুদি তোরণ, পরে হয় ‘বাব আল হুদা’। এখান দিয়ে গিয়ে যে গ্রামে পৌঁছা যেত, সেই গ্রামের নামানুসারে গেটটির নামকরণ বলে ধারণা করা হয়। প্রাচীন নগরকে রক্ষা করার জন্য যে উঁচু পাঁচিল তোলা হয়, তারই ধারাবাহিকতার মাঝে দাঁড়িয়ে আছে চতুর্দশ শতাব্দীতে তৈরি এই গেট।প্রাচীন সিংহদুয়ারটি পার হলেই ইহুদি পাড়া ‘লা জুদেরিয়া’র সর্বত্রসফেদ ঝকঝকে পুরোনো বাড়িগুলো দেখে নতুন কোনো রাজ্যে ঢোকার অনুভূতি জাগে। ইতিহাসকে গর্ভে ধরে রাখা ভেতরের পুরোনো বাড়িগুলো মেটে রঙের তোরণটি এবং তার গা থেকে বের হয়ে দক্ষিণ দিকে চলে যাওয়া একই রঙের দেয়ালের সঙ্গে এক বর্ণবৈপরীত্যের সৃষ্টি করে। উঁচু দেয়ালটির বাইরে সেটির গা ঘেঁষে প্রশস্ত প্রতিরক্ষা পরিখার টলটলে জলে আকাশের ছায়া পড়ে, তার পাশে সযত্নে ছাঁটা ফুলের ঝাড়, আর সরু হাঁটাপথ নিয়ে বড়সড় এক স্কয়ার। ইহুদিরা এই গেটের কাছে রেশম আর দাস বেচাকেনার বাজার বসাত একসময়। ইহুদিপল্লির ভেতর বেশির ভাগই পায়ে হাঁটা পথ, গাড়ি চলার মতো চওড়া নয়। জালের মতো বিভিন্ন দিকে ছড়ানো প্রতিটি গলির নিখুঁত অবস্থান এবং নাম নির্দেশ করা ম্যাপের সঙ্গে হুবহু মিল সম্পন্ন প্রাচীন পল্লিতে পথ হারানোর কোনো উপায় নেই। প্রতিটি গলির মুখের বাড়ির গায়ে নির্ভুলভাবে খোদিত আছে সেই গলি বা রাস্তার নাম। পল্লির শতভাগ বাড়ির দেয়াল প্রায় নিষ্কলুষ সাদা রং করা, ফলে বাড়িগুলোর প্রাচীনতা আপাত ঢাকা পড়ে আছে শ্বেতবর্ণের নিচে। বাড়িগুলোর দেয়াল বা জানালা থেকে ঝুলে আছে গোলাপি ফুলের ঝাড়।আজকের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পেশিশক্তি ও ইহুদিদের বিশ্বজোড়া সাফল্য দেখে বিশ্বাস করা কঠিন যে একসময় এই ধর্মাবলম্বী জাতিটি পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় পরবাসী জীবন অতিবাহিত করেছে, ভোগ করেছে অবর্ণনীয় দারিদ্র্য ও বৈষম্য। তাদের মধ্যপ্রাচ্যীয় ভিন্ন ধর্মবিশ্বাসের কারণে, বিশেষত খ্রিষ্টান-অধ্যুষিত ইউরোপসহ বিভিন্ন দেশে তাদের সব সময়ই ভিনদেশি হিসেবে গণ্য করা হতো, তাই অধিকাংশ দেশেই ওদের জন্য ছিল কঠোর আইনের অনুশাসন। এ কারণে বিশ্বের বহু দেশের বিভিন্ন শহরে ইহুদিপল্লি গড়ে উঠেছিল ওদের যূথবদ্ধ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাদের সবচেয়ে বড় সমাগম ছিল ইতালি ও স্পেনের সর্বাধিক সংখ্যক শহরে। তেমনই এক ইহুদিপল্লি ছিল স্পেনের কর্দোবায়।খ্রিষ্টের জন্মের ৭০০ বছর আগে থেকে শুরু হয় ইহুদিদের দেশান্তরি হওয়ার ইতিহাস, যখন অ্যাসিরীয়রা ইসরায়েল দখল করে। এ সময় ইহুদিদের ব্যাপক দেশান্তরে ইউরোপের সবচেয়ে বড় ইহুদি সমাগম হয় কর্দোবায়। কিন্তু এখানেও বৈষম্য তাদের পিছু ছাড়ে না। তাদের জন্য নিষিদ্ধ জমির মালিকানা ও চাষাবাদ, ফলে তাদের থাকতে হয় যূথবদ্ধ শহরবাসী হয়ে, তাই জীবিকার জন্য জ্ঞানচর্চায় মনোনিবেশ করে তারা। এভাবে পরবাসী ইহুদিদের মধ্যে সৃষ্টি হয় চিকিৎসক, বুদ্ধিজীবী, শিক্ষক, দোভাষী, শিল্পী, ব্যবসায়ীর মতো শিক্ষিত শ্রেণী। আজ বিশ্বের প্রায় দেড় কোটি ইহুদি শিক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে, রাজনীতিতে এবং ব্যবসায়-বাণিজ্যে যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তার মূলে ছিল তাদের জ্ঞানচর্চা। ড. ফারুখ সালিম নামের একজন পাকিস্তানি কলামিস্ট তাঁর এক লেখায় মন্তব্য করেছেন, ‘বিশ্বে প্রতি একজন ইহুদির বিপরীতে রয়েছে ১০০ জন মুসলমান। তবু, ইহুদিরা সব মুসলমানের মিলিত শক্তির তুলনায় শতগুণ বেশি শক্তিশালী।’ বিগত ১০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে দেড় কোটির মতো ইহুদি জনসংখ্যার মধ্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা ১৮০-এরও বেশি। অন্যদিকে প্রায় ১৫০ কোটি মুসলমানের মধ্যে শান্তি পুরস্কার বাদ দিলে নোবেলপ্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা মাত্র তিন।আলমোদোভার গেট দিয়ে ভেতরে ঢোকার পর সাদা রং করা ঝকঝকে বাড়িগুলোর ভেতর সরু গলি ধরে হাঁটতে হাঁটতে পরবাসী ইহুদিদের সে সময়কার বস্তিবাসী জীবনের কিছুই আঁচ করা যায় না। যে সরু গলিপথ দিয়ে আমরা হেঁটে যাই, তখন নিশ্চয়ই সেটি এ রকম ঝকঝকে ছিল না। অথচ সে সময় এই প্রাচীন নগরে থেকেই ইহুদি জনগোষ্ঠী মুরীয় মুসলমান শাসনের অধীনে সম্পূর্ণ স্বাধীনতার আস্বাদে উৎকর্ষ লাভ করে। খ্রিষ্টান ও ইহুদি উভয় ধর্মের মানুষই এই বৈষম্যহীন পরিবেশের সুফল ভোগ করতে পেরেছিল, যার ফলে কর্দোবা ইউরোপীয় শহরগুলোর মধ্যে শিক্ষা ও সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।আব্বাসীয়দের কাছে পরাজিত হয়ে উমাইয়া বংশোদ্ভূত আবদুর রহমান আন্দালুসিয়ায় (বর্তমান স্পেনের দক্ষিণাংশ) চলে এসে কর্দোবাকে পরিণত করেন মুসলিম রাষ্ট্র আল আন্দালুসের রাজধানীতে। কর্দোবা নামটি এসেছে আরবি ‘কুর্তোবা’ থেকে। ৯৬১ খ্রিষ্টাব্দে তৃতীয় আবদুর রহমানের মৃত্যুর পর কর্দোবায় তাঁর স্থলাভিষিক্ত হন তাঁর ছেলে দ্বিতীয় আল হাকাম। তাঁর শাসনামলে তিনি পার্শ্ববর্তী খ্রিষ্টান রাজ্যগুলোর সঙ্গে শান্তি স্থাপনে উদ্যোগী হন। এ কারণে তিনি সেচব্যবস্থার উন্নয়নের মাধ্যমে রাজ্যে কৃষির উন্নতি সাধন, রাস্তাঘাট, বাজার ইত্যাদি নির্মাণ করে বাণিজ্য ও অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার সুযোগ পেয়েছিলেন। শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সে সময় কর্দোবা পরিণত হয়েছিল শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্রে। সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে উৎকর্ষ লাভ করে গণিত ও জ্যোতির্বিদ্যার চর্চা। ফলে কর্দোবা স্বীকৃতি লাভ করে ইউরোপের মুক্তবুদ্ধিচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে। এখানে ধর্মীয় সংখ্যালঘু খ্রিষ্টান ও ইহুদিরাও লাভ করেছিল সহনশীল মনোভাব এবং সমঅধিকার। খেলাফত-প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে ইহুদি ছাত্ররাও মুসলমানদের পাশাপাশি সমঅধিকারে লাভ করতে পারত দর্শন, গণিত, বিজ্ঞান এমনকি সংগীতবিদ্যাও। এই জ্ঞানার্জনের কারণেই ইহুদিরা সরকারি চাকরি ও সেনাবাহিনীতে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছিল। আলমোদোভার গেট দিয়ে ঢুকে প্রাচীন সীমানাদেয়ালের সমান্তরাল ডানের রাস্তা ধরে এগিয়ে কিছু দূর গেলে তিবেরিয়াদুস স্কয়ারে একটা শান্ত ছায়াঢাকা চাতালে গ্রন্থ হাতে বসা এক পাগড়ি শোভিত পুরুষের ভাস্কর্য, এটি সর্বকালের ইহুদি দার্শনিক বলে স্বীকৃত মায়মনিদেসের। মুসলমানরা ইহুদিদের ধর্মান্তরিত করা শুরু করলে তিনি মরক্কোয় চলে যান, তারপর সেখান থেকে কায়রো। কায়রোতে তিনি চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা লাভ করলে তাঁকে সুলতান সালাদিনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ করা হয়। সকালের হেলে থাকা রোদের বিপরীতে সরু গলির নির্জন সেই ছায়াময় চাতালে কালো গ্রানাইটের মূর্তিটি পুরো পরিবেশে যোগ করেছে এক ভিন্ন আবহ। সেখান থেকে উল্টোপথে হেঁটে গেলে আরেকটা বড় স্কয়ারে ৮-১০টা ঘোড়াগাড়ি দাঁড়িয়ে আছে পয়সাওয়ালা টুরিস্টদের পকেট কাটার জন্য।প্রাচীন সেই লোকালয়ের কখনো সরু কখনো চওড়া রাস্তার এখানে ওখানে খোলা রেস্তোরাঁ, প্রশস্ত স্কয়ার। মাথার ওপর সেপ্টেম্বরের সূর্য উজ্জ্বল কিরণ ছড়াচ্ছে বিস্তর, কিন্তু রোদের আঁচ তেমন গায়ে লাগছে না। সরু পাথর বাঁধানো প্রায় নির্জন পরিষ্কার রাস্তায় হাঁটতে হাঁটতে যেন ইতিহাসের ভেতর ঢুকে পড়া যায়। হাতে ম্যাপ না থাকলে সাজানো-গোছানো গোটা পল্লি একটা গোলকধাঁধা যেন, তার মধ্যে এখানে-ওখানে টবে ঝোলানো বর্ণিল ফুলের ঝালর। এই পথহাঁটায় কোনো ক্লান্তি লাগে না, বরং ইতিহাস থমকে থাকা এই লোকালয়ের পথে পথে ঘোরার মধ্য দিয়ে যেন লাটাইয়ের সুতার মতো খুলে যায় এক অদেখা জগৎ। ম্যাপের লেজেন্ডে রেস্তোরাঁর ছুরি কাটার ছবি দেখে আমরা অলিগলি এবং রাস্তার ছড়ানো জাল গুটিয়ে সংক্ষিপ্ত রাস্তা বের করে সেদিকে যেতে থাকি। রাস্তায় টুরিস্টের আনাগোনা একটু কম মনে হচ্ছে, সবাই নিশ্চয়ই আমাদের মতো খাবারের সন্ধানে কিংবা রেস্তোরাঁয় ঢুকে পড়েছে। ম্যাপের নির্ভুল নিশানায় প্লাজা দে লা করেদেরা পৌঁছালাম। চারপাশে অখণ্ড চারতলা ভবন ঘেরা বিশাল এই স্কয়ারজুড়ে বড় বড় ছাতা মেলা অসংখ্য খোলা রেস্তোরাঁ। সপ্তদশ শতাব্দীর এই স্কয়ারে একসময় ঘোড়দৌড়, বুলফাইট—এসব হতো। এখন চারপাশের পুরোনো ঘরগুলো সব আবাসিক অ্যাপার্টমেন্ট।প্লাজা দে লা করেদেরার রৌদ্রোজ্জ্বল কংক্রিট ঢালা মাঠে বসেও টের পাওয়া যাচ্ছিল আমাদের দেশের শীতের আমেজ। রোদে বসলে গরম লেগে উঠলেও, ছায়ায় গেলেই শীত শীত ভাব। তাই খাওয়ার ফাঁকে রৌদ্র-ছায়ায় কয়েকবার চেয়ার টানাটানি করতে হয়। হাতে সময় কম বলে খাওয়ার পর শীত শীত আলস্যে বসে থাকার উপায় নেই। ইহুদিপল্লির বেশির ভাগ জায়গা এখনো দেখা হয়নি।ম্যাপ দেখে পথ চিনে অলিগলি ঘুরে পৌঁছাই গুয়াদালকিভির নদীর পাড়ে। এই নদীর নামটি এসেছে আরবি ‘আল ওয়াদি আল কবির’ থেকে, যার অর্থ ‘বিরাট নদী’। এ রকম বহু স্পেনীয় শব্দ সরাসরি এসেছে আরবি থেকে। যেমন স্পেনে বহুল ব্যবহূত ‘ওখালা’ (ojalá) (‘আশা করি’ কিংবা ‘খোদা চাহে ত’) শব্দটি এসেছে আরবি ‘ইনশা আল্লাহ’ থেকে। এমনকি স্পেনের রাজধানী মাদ্রিদ নামটির উৎস আরবি ‘আল-মাগরিৎ’, যার অর্থ জলের উৎস। খাওয়াদাওয়ার পর টুরিস্টরা আবার পথে নেমেছে একা, যুগলে, কিংবা সদলবলে। তাদের নানা ভাষার কলরবে শান্ত ইহুদিপল্লির দ্বিপ্রাহরিক প্রশান্তিতে টোল পড়ে। নিস্তরঙ্গ নদীর ঘোলা জলের ওপর নির্জনে শুয়ে রোদ পোহাচ্ছে পুয়েন্তে দে মিরাফ্লোরিস, মিরাফ্লোরিস সেতু। নদীর ধার ঘেঁষে চলে যাওয়া রাস্তার পাশের চওড়া ফুটপাতে বড় টেবিল সাজিয়ে একদঙ্গল নারী-পুরুষ হইহই করে খাওয়াদাওয়া করছিল চড়া রোদের মধ্যে বসে। তাদের মধ্যে কজন স্বল্পবসনা শ্বেতাঙ্গিনীর শরীরের উজ্জ্বল ত্বক থেকে উছলে পড়ে সোনা রোদ, চুলের সঙ্গে রোদেলা দুপুরের আলো মিশে গিয়ে স্বর্ণলতার মতো জ্বলজ্বল করে। আরও খানেক এগিয়ে সম্রাট অগাস্টাসের আমলে তৈরি বহুবার মেরামত করা ‘রোমান ব্রিজ’। সেতুর মাঝ বরাবর এক পাশে সেন্ট রাফায়েলের ভাস্কর্যের পায়ের কাছে অনেক ফুল, পূজারিদের জ্বেলে দেওয়া মোমবাতির গলিতাংশ সেঁটে আছে কালচে হয়ে। এমন পরিবেশের মধ্যে পাথুরে সন্তের উপস্থিতি উপেক্ষা করে এক যুগল ঘনিষ্ঠ চুম্বনে রত হলে মূর্তিটিও বুঝি মাথা নিচু করে রাখে।