কলকাতায় বাংলা সাহিত্য উৎসব

কলকাতায় আজ শনিবার আয়োজিত হরো দিনব্যাপী বাংলা সাহিত্য উৎসব। আয়োজক এপিজে অক্সফোর্ড বুকস্টোর। সহযোগিতা করছে কলকাতার প্রকাশনা সংস্থা পত্রভারতী।
সকালে অক্সফোর্ড বুকস্টোর মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে সাহিত্য উৎসবের উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ, বাংলাদেশের লেখক ইমদাদুল হক মিলন, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ এবং পত্রভারতীর পরিচালক ত্রিদিব চট্টোপাধ্যায়। উৎসব চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। ।
এই উৎসবে রয়েছে সাতটি অধিবেশন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হওয়া প্রথম অধিবেশনের বিষয় ছিল ‘এপার বাংলা ওপার বাংলা, সাহিত্যের ভাষা কি বদলে যাচ্ছে?’ শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন সাহিত্যিক সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলন এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁরা বলেন, ভাষার অনেক কিছু বদলে গেলেও আমাদের এই দুই বাংলায় যারা লেখালেখি করি তাদের কিন্তু ভাষার তেমন একটা বদল ঘটেনি। আমাদের দুই বাংলার লেখকদের সাহিত্যের ভাষা একই।
এই উৎসবে অংশ নিচ্ছেন দুই বাংলার প্রখ্যাত কবি সাহিত্যিকেরা। তাঁরা বাংলা সাহিত্যকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমৃদ্ধ করার জন্য লেখকদের প্রতি আহ্বান জানান।