কলকাতায় শাহাবুদ্দিনের একক চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের আঁকা ছবির সামনে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। ছবিটি গতকাল বৃহস্পতিবার কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারি থেকে তোলা। ছবি: ভাস্কর মুখার্জি
নিজের আঁকা ছবির সামনে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। ছবিটি গতকাল বৃহস্পতিবার কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারি থেকে তোলা। ছবি: ভাস্কর মুখার্জি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এখন কলকাতায়। কাল শনিবার বিকেলে তাঁর আঁকা ছবির একক প্রদর্শনীর উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
গত ৪১ বছর ধরে এই প্রথিতযশা শিল্পী ফ্রান্সে অবস্থান করছেন। এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে তিনি কলকাতায় আসেন।
গতকাল বৃহস্পতিবার রাতে কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে যোগ দেন শাহাবুদ্দিন আহমেদ। ওই অনুষ্ঠানে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছাবিনিময়ের সময় শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘৪১ বছর ধরে ফ্রান্সে আছি। কিন্তু মন পড়ে আছে জন্মভূমি বাংলাদেশেই। কলকাতার এই চিত্র প্রদর্শনী পর দেশে যাব।’
ফ্রান্সের প্যারিসে জঙ্গি হামলা প্রসঙ্গে এই প্রবাসী চিত্রশিল্পী বলেন, ‘সে এক বীভৎস দৃশ্য! ভাবতেই পারছি না প্যারিসে এমন হামলা হতে পারে। প্যারিস বিশ্বের চিত্রশিল্পীদের শহর।’
এক প্রশ্নের জবাবে শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশিরা ভালো আছেন। এখন পর্যন্ত তাদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

শাহাবুদ্দিন আহমেদের আঁকা চিত্রকর্মের সামনে শিল্পী নিজে ও চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ছবিটি গতকাল বৃহস্পতিবার কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারি থেকে তোলা। ছবি: ভাস্কর মুখার্জি
শাহাবুদ্দিন আহমেদের আঁকা চিত্রকর্মের সামনে শিল্পী নিজে ও চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ছবিটি গতকাল বৃহস্পতিবার কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারি থেকে তোলা। ছবি: ভাস্কর মুখার্জি


ওই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে নিন্দা জানান এই শিল্পী। তিনি বলেন, শিল্পীরা এই ধরনের ন্যক্কারজনক হামলার নিন্দা না করে পারেন না।
শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে চলচ্চিত্রনির্মাতা গৌতম ঘোষ বলেন, শাহাবুদ্দিন আহমেদ আমাদের বাঙালির গর্ব। তাঁর আঁকা ছবির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। প্যারিসে থাকলেও তাঁর মন এখনো পড়ে আছে বাংলাদেশে। তাই তিনি এখনো ছুটে যান বাংলাদেশে। আসেন কলকাতায়ও।
গ্যাঞ্জেস আর্ট গ্যালারির কর্ণধার স্মিতা বাজোরিয়া প্রথম আলোকে বলেন, শাহাবুদ্দিন আহমেদ এক উচ্চমাত্রার চিত্রশিল্পী। ২২ বছর আগে ভারতে এই শিল্পীর প্রথম চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেটা হয়েছিল এই গ্যাঞ্জেস আর্ট গ্যালারির হাত ধরেই। তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন।
স্মিতা বাজোরিয়া জানান, তাঁর আর্ট গ্যালারিতে আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ওই চিত্র প্রদর্শনী চলবে। ঢাকার শিল্পকলা একাডেমিতেও এই প্রদর্শনী করার ইচ্ছা আছে। এ ব্যাপারে তাঁরা যোগাযোগও করেছেন।