
পর্ব: ১
শিরোনামটা সোজাসাপটা ‘রাইটার্স ব্লক’ দিলেই চলত। যাঁরা লেখেন তাঁরা সবাই একে চেনেন ও ভয় পান। লিখতে লিখতে হঠাৎ আটকে যাওয়া, এক কদমও সামনে এগোতে না পেরে দিক-দিশাহীন হয়ে পড়া—এ অভিজ্ঞতা লেখকজীবনে কার না হয়েছে! পাঠকেরা প্রিয় লেখকদের এমন দুর্গতির খবর না রাখলেও লেখকমাত্রই জানেন এর বিনাশী ক্ষমতা। এতটাই যে একজন সার্বক্ষণিক, পেশাদার লেখকেরও আত্মবিশ্বাস ফুটো করে ছাড়ে।

ক্রিকেটে একটা কথা বেশ চালু: ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস পারমানেন্ট। আশাবাদী বচন। ক্রিকেটারদের, বিশেষত ব্যাটসম্যানদের মনোবল চাঙা রাখতে এর বহুল প্রচলন। কথাটা লেখকদের বেলায়ও খাটে, যদিও রান-খরায় বিপর্যস্ত একজন ব্যাটসম্যান আর রাইটার্স ব্লকে নাজেহাল লেখক এক নন। ব্যাটসম্যানের রানে ফেরা ও লেখকের লেখায় ফেরার পথঘাটে বিস্তর ফারাক। লেখক লিখতে পারছেন না, কয়েক পরিচ্ছেদ লিখে নোঙর ফেলে বসে আছেন, কোন দিকে এগোবেন দিশা পাচ্ছেন না—ঘটনাটা ক্ষেত্রবিশেষে মর্মান্তিকও। আত্মহননকারী কয়েকজন লেখকের বেলায় এমন ধারণা করা হয় লিখতে না পারার দুর্বহ যন্ত্রণাই তাঁদের সে পথে ঠেলে দিয়েছে।
উপমহাদেশের লেখকেরা বিষয়টা নিয়ে বড় একটা মুখ খোলেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি একবার রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, আগের মতো লিখতে বল পাচ্ছি না। বলবর্ধক কী পরামর্শ রবীন্দ্রনাথ দিয়েছিলেন, আদৌ দিয়েছিলেন কি না এ নিয়ে গুজব-গুঞ্জন রয়েছে। তবে লিখতে বল বা প্রেরণা না পাওয়া আর রাইটার্স ব্লক নামের ব্যাধিতে ভোগা এক জিনিস নয়।
রবীন্দ্রনাথের প্রসঙ্গে আসা যাক। সুদীর্ঘ লেখালেখি জীবনে তিনি কি কখনো এর কবলে পড়েছিলেন? হয়তো পড়েছিলেন, আমরা জানতে পারিনি। কারণ, উপশমের নানা বিধান তাঁর হাতেই মজুত ছিল। উপন্যাস লিখতে লিখতে আটকে গেলে গানে ডুব দিয়েছেন, কবিতায় এগোতে না পারলে নাটকে বা গল্পের পথে হেঁটেছেন। এত পথ সামনে খোলা থাকতে রাইটার্স ব্লক তাঁর কোন পথ আগলে দাঁড়াবে!
সৈয়দ শামসুল হক একবার এ নিয়ে লিখতে গিয়ে তাঁর নিজের জন্য একটা দাওয়াই চিহ্নিত করেছিলেন। এ-ও লিখেছিলেন দাওয়াইটা বেশ মোক্ষম। ঢাকা থেকে রংপুর যেতে বা ফিরতি পথে ফেরি পারাপারের দীর্ঘ অবসর তাঁকে নাকি বেশ কয়েকবার রাইটার্স ব্লক থেকে মুক্তি দিয়েছে। উপন্যাসের কোনো এক জায়গায় আটকে গিয়ে কূলকিনারা না পেয়ে যখন হাত গুটিয়ে বসে থাকার দশা, তখন ফেরি পারাপারের সময় আচমকাই লক্ষ করেছেন, লেখার জট খুলতে শুরু করেছে।
আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা উপন্যাসের গোড়ার দিকের কয়েক চাপটার লিখে মাসের পর মাস টাইপরাইটার সামনে নিয়ে বসে বসে ক্লান্ত-বিরক্ত হয়েছেন। এমন অবস্থায় তাঁর মনে হয়েছে উপন্যাসের অকুস্থল অর্থাৎ করতোয়ার পাড়ে ঘুরে বেড়ালে কেমন হয়! খুন করার পর খুনিও তো অকুস্থলের টান এড়াতে পারে না। তিনি তা-ই করেছেন। কিছুদিন পর পর বগুড়া থেকে ঘুরে আসা। তাঁর ধারণা, এতে কাজ হয়েছিল।
রাইটার্স ব্লককে ব্যাধি বলছি, যদিও মনোবিশ্লেষক অ্যাডমান্ড বার্গলার, যিনি কথাটি চালু করেছিলেন চল্লিশের শেষ দিকে, একে বলেছিলেন অ্যাফ্লিকশন-দুর্ভোগ। তিনি এর কিছু কারণও দাঁড় করিয়েছিলেন—যেমন, লিখতে লিখতে হঠাৎ প্রেরণার ঘাটতিতে পড়া বা অসুস্থতা, পারিবারিক অশান্তি, অর্থকষ্ট ইত্যাদি। গৎবাঁধা কথা। বাস্তবে প্রচণ্ড মানসিক বিক্ষেপের মধ্যেও অনেকে স্মরণীয়, এমনকি কালজয়ী লেখাও লিখেছেন। উপদ্রবহীন নিশ্চিন্ত নিরাপত্তায় পৃথিবীতে কজনই-বা উল্লেখযোগ্য কিছু রেখে যেতে পেরেছেন! রবীন্দ্রনাথকে ধরেই বলছি। মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাসের কথা না-ই বললাম। আবার বিশ্বসাহিত্যের কয়েকজন দিকপাল লিও টলস্টয়, ফিওদর দস্তয়োভস্কি, ফেদারিকো গারসিয়া লোরকা, শার্ল বোদলেয়ারের কথাও ভুললে চলবে না।
রাইটার্স ব্লককে গাব্রিয়েল গারসিয়া মার্কেজ সমঝে চলতেন, তবে তাঁর আস্থা ছিল অপেক্ষা করায়। জনপ্রিয় লেখক স্টেফান কিং-এর থিওরি হচ্ছে—আটকে গিয়েছি, ঠিক আছে, অন্য কিছুতে মন দিই, তা লেখালেখি না-ও হতে পারে। মারিও ভার্গাস য়োসার আবার পদ্ধতি পুরো উল্টো। লিখতে পারছি না, তাই বলে টেবিল ছেড়ে উঠে পড়ব, কখনো না। জোর করে প্রেরণা-ট্রেরনা ছাড়াই লিখে যাব, পরে দেখা যাবে।
সৈয়দ মুস্তাফা সিরাজ অলীক মানুষ লেখার মাঝপথে অনেক দিন কলম বন্ধ করে বসেছিলেন এমন কথা শোনা যায়। কবি বেলাল চৌধুরী এ নিয়ে একবার লিখেওছিলেন। ঘটনাটা যদি রাইটার্স ব্লকের কারণে হয়ে থাকে, তিনি অসামান্য দক্ষতায় পরিস্থিতি সামাল দিতে পেরেছিলেন বলেই এই চরিত্রবহুল বিপুল শাখা-প্রশাখাময় উপন্যাসটি বাংলা সাহিত্যে এক অনন্যসাধারণ কীর্তি হয়ে আছে—আশা করা যায়, তা-ই থাকবে।
শুধু আটকে যাওয়া, লিখতে না পারাই রাইটার্স ব্লক নয়। এর অন্য যে উপসর্গটি লেখককে নিষ্কর্মা করে ফেলে তা হলো লেখার অনীহা। লেখকের মনে লেখার কোনো ইচ্ছাই জাগছে না। লেখার কথা হয়তো ভাবছেন, কিন্তু যে বিষয় বা বিষয়গুলো মাথায় আসছে, সেগুলোকে মোটেও লেখার উপযোগী ভাবছেন না। ফলে ‘কেন লিখব’ সিনড্রোম তাঁকে পেয়ে বসছে।
নিরাময়ের উপায় লেখককেই বের করতে হয়। একজনের দাওয়াই অন্যের বেলা খাটবে এমন ভাবার কারণ নেই। তবে সাহসভরে এটুকু বলা যায়, যদি লিখতে বসার আগে প্রস্তুতিটা ভালো হয়—বিশেষত বড় পরিসরের লেখার ক্ষেত্রে—অর্থাৎ কী লিখব তা মাথায় পত্র-পল্লব-পুষ্পে না হোক, অন্তত কাণ্ড আর কিছু শাখা-প্রশাখায় বিস্তার পায়, তা হলে মাঝপথে দিশেহারা হওয়ার বিপদ থাকে না।তবে এ-ও শেষ কথা নয়। লেখার আগের প্রস্তুতি আর লিখতে লিখতে প্রস্তুত হওয়ায় বিস্তর ফারাক রয়েছে। ফলে দিক-দিশা হারানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
মার্কেজের প্রসঙ্গে আবার আসি। প্যারিস রিভিউ-এ এক সাক্ষাৎকারে মার্কেজ বলেছেন, অল্প বয়সে যখন লেখক প্রবল প্রাণশক্তি নিয়ে লিখতে শুরু করেন, কোনো ধাঁধা-বিপত্তিই তাঁর পথ আগলে দাঁড়াতে পারে না। সৃষ্টিশীলতার এমনই জোর। বয়স যত বাড়ে, লেখকের প্রাণশক্তিতে ভাটা পড়ে, সৃষ্টিশীলতায়ও। তিনি তখন অভিজ্ঞতা ও টেকনিকে ভর করে চলেন। রাইটার্স ব্লক এ সময়ই তাঁকে কাবু করতে তৎপর থাকে। এ অবস্থায় টেকনিকে ভর করেই তাঁকে পথ বের করতে হয়।
এবার একটা জরুরি প্রশ্ন: রাইটার্স ব্লক নামের ভোগান্তির শিকার কি সব লেখকই হন? মার্কিন কবি উইলিয়াম স্ট্যাফোর্ডের জবাব: সবাই কেন হবে? যাঁদের এ ভোগান্তি পোহানোর কথা তাঁদের কপালেই এটা জোটে। এরপর হেঁয়ালি ছেড়ে যা তিনি বলেন তা বেশ কর্কশ শোনাতে পারে। তাঁর মতে, যাঁদের লেখার মান যথেষ্ট নিচু (লো এনাফ), তাঁদের বেলায় রাইটার্স ব্লক নামে কোনো কিছুর অস্তিত্ব নেই।
আজকাল পৃথিবীর নামীদামি অনেক বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিয়েটিভ রাইটিং’ কোর্স রয়েছে। মজার ব্যাপার হলো, হবু লেখকদের সৃজনপ্রতিভা বিকাশে সাহায্য করার পাশাপাশি অদূর বা সুদূর ভবিষ্যতে রাইটার্স ব্লকের দুর্ভোগের কবল থেকে তাঁরা কীভাবে নিজেদের মুক্ত করবেন, তা-ও রীতিমতো নানা অনুশীলনের মাধ্যমে পড়ানো হয়। বলার অপেক্ষা রাখে না, যে ফর্মুলামাফিক কায়দায় ব্যাপারটাকে দেখা হয় তা শ্রেণিকক্ষেই মানায়, বাস্তবে নয়।
ইদানীং অন্তর্জাল অনেক অসুখ-বিসুখ নিরাময়ের পথ বাতলে দিচ্ছে। ঘাড় বা কোমরব্যথা থেকে শুরু করে করোনারি আর্টারি ব্লকেজ, পুরুষত্বহীনতা, এমনকি ক্যানসারেরও নানা টোটকা অকাতরে বিলিয়ে যাচ্ছে। রাইটার্স ব্লকই-বা বাদ যাবে কেন? ভুক্তভোগীরা চেষ্টা করে দেখতে পারেন। পরীক্ষা প্রার্থনীয়।