কলমের শিল্পী, ক্যামেরার শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রযুক্তিনির্ভর এই দুনিয়ায় সবাই-ই এখন ছবি তোলায় পারঙ্গম। বিশ্বখ্যাত তিন লেখক—ইংল্যান্ডের কবি ফিলিপ লারকিন, যুক্তরাষ্ট্রের কবি অ্যালেন গিন্সবার্গ এবং তুরস্কের কথাসাহিত্যিক ওরহান পামুক—ছবি তোলায় তাঁদের ছিল দারুণ আগ্রহ। বিভিন্ন সূত্রের তথ্য অবলম্বনে এ লেখায় ধরা আছে লেখকত্রয়ের ছবি তোলার গল্প।
কবি ফিলিপ লারকিন নিজেই িনজের এ ছবি তুলেছিলেন তিনি। সে িহসেবে তাঁকে সেলফির পথিকৃৎ বলা হয়। ছবি: সংগৃহীত
কবি ফিলিপ লারকিন নিজেই িনজের এ ছবি তুলেছিলেন তিনি। সে িহসেবে তাঁকে সেলফির পথিকৃৎ বলা হয়। ছবি: সংগৃহীত

ফিলিপ লারকিন
১৯৫৭ সালের গ্রীষ্মকাল। ইংল্যান্ডের তরুণ ইতিহাসবিদ ও কবি রবার্ট কংকোয়েস্ট তাঁর বন্ধু কবি ফিলিপ লারকিনকে নিয়ে নিউইয়র্কের সোহোতে এক ক্লাবে গেলেন। সেখানে লারকিন বেশ কিছু ছবি তুললেন। সেই ক্লাব কিংবা সেসব ছবি—কোনোটিই ভদ্রসমাজের খুব একটা উপযুক্ত ছিল না। তাই মৃদুস্বভাবের, লাজুক লারকিন পরে যখন কয়েকটা ছবি পাঠালেন কংকোয়েস্টকে, একটা চিরকুটে লিখে দিলেন, ‘আশা করি, চিঠিটা বেহাত না হয়ে যায়!’ তাঁর আশঙ্কাকে পুরোপুরি সত্যি করে কদিন পরই স্কটল্যান্ড ইয়ার্ড থেকে লারকিনের নামে একটা চিঠি এল। অশ্লীল ছবি তোলার জন্য ‘অবসিন্স পাবলিকেশনস অ্যাক্ট ১৯২১’-এ (অশ্লীল প্রকাশনাবিরোধী আইন) অভিযুক্ত হয়েছেন লারকিন।

পেশায় গ্রন্থাগারিক লারকিন জরুরি ভিত্তিতে তাঁর কর্মস্থলে অসুস্থতার খবর পাঠিয়ে আইনজীবীর সঙ্গে বসে গেলেন। ত্রস্ত হাতে বইপত্রে খুঁজে চললেন আইনের ধারা-উপধারা। অনেক ঘাম ঝরানো ঘাঁটাঘাঁটির পর জানতে পারলেন, ‘অবসিন্স পাবলিকেশনস অ্যাক্ট ১৯২১’ নামে আদৌ কিছু নেই!

চিঠিটা তাঁদের আরেক বন্ধু সাহিত্যিক কিংসলি এমিসের মন্ত্রণাতে কংকোয়েস্টই লিখেছিলেন।

ওই বিপত্তিকর ছবিগুলো ছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইংল্যান্ডের অন্যতম প্রধান কবি ফিলিপ লারকিন (১৯২২-৮৫) অনেক ছবি তুলেছেন। তাঁকে সেলফির পথিকৃৎ বলা হয়। ইংল্যান্ডের হাল হিস্ট্রি সেন্টারে তাঁর তোলা প্রায় পাঁচ হাজার ছবি ও নেগেটিভ সংরক্ষিত আছে।

১১ বছর বয়সে তাঁর বাবা তাঁকে একটি হটন-বুচার এনসাইন কারবিন ক্যামেরা কিনে দেন। ওই ক্যামেরা ছিল তাঁর নিত্যসঙ্গী।

লারকিনের বিখ্যাত কবিতা ‘লাইনস অন আ ইয়ং লেডিস ফটোগ্রাফ অ্যালবাম’-এ প্রেমিক অনেক সাধ্যসাধনার পর হাতে পেয়েছে প্রেমিকার ছবির একটি অ্যালবাম। কৈশোর ও তারুণ্যের অনেক মুহূর্ত দিয়ে ‘পুষ্ট’ সে অ্যালবাম পেয়েই পাতাগুলো দ্রুত উল্টে চলেছে সে।

আর লারকিনও ছবি তুলতেন বিশেষ যত্ন নিয়ে—নিজের অনেক ছবি বিশেষ ভঙ্গিতে, সুচিন্তিত প্রস্তুতি নিয়ে এবং সময়ের হিসাব নিয়ে করেছেন। কোনোটিতে দাড়ি কামাচ্ছেন, নাশতা করছেন, অথবা রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। তুলেছেন প্রেমিকা ও বন্ধুদেরও প্রচুর ছবি।

তাঁর কবিতায় ছবি তোলার বিষয়ে বলা হয়েছে, ‘আর কোনো শিল্প নেই/ এমন বিশ্বাসী, এমন বেদনাদায়ক!’

অ্যালেন গিন্সবার্গের তোলা তাঁর বন্ধু জ্যাক কেরুয়াকের ছবি, নিচে দীর্ঘ ক্যাপশন। ছবি: সংগৃহীত
অ্যালেন গিন্সবার্গের তোলা তাঁর বন্ধু জ্যাক কেরুয়াকের ছবি, নিচে দীর্ঘ ক্যাপশন। ছবি: সংগৃহীত

অ্যালেন গিন্সবার্গ
লারকিনের মতোই বন্ধুদের প্রচুর ছবি তুলেছেন আরেক বিখ্যাত কবি যুক্তরাষ্ট্রের অ্যালেন গিন্সবার্গ (১৯২৬-৯৭)। তাঁর প্রকাশনা সচিব এলসা ডর্ফম্যান বলেন, তিনি যে অনেক বড় কেউ হবেন, সে বিষয়ে গিন্সবার্গের কণামাত্র সন্দেহ ছিল না এবং একই রকম বিশ্বাস ছিল নিজের বন্ধুদের সম্পর্কেও। তাঁদের আড্ডার, ভ্রমণের, বাউন্ডুলেপনার প্রচুর ছবি তুলেছেন বিট জেনারেশনের প্রতিবাদী, প্রথাবিরোধী গিন্সবার্গ। ছবিগুলোতে তাঁর প্রজন্ম ও তাঁদের ক্রমপরিবর্তনকে বোঝা যায়—কারও মুখে দাড়ি গজাচ্ছে, পুরোনো বন্ধুর মুখ কমে যাচ্ছে, যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ ইত্যাদি।

গিন্সবার্গ ছবির নিচে দীর্ঘ ক্যাপশন লিখতেন। এটা বিশেষ ব্যাপার ছিল তাঁর কাছে, একই বিষয়ের একাধিক ছবি তুললেও ক্যাপশনগুলো হতো একেবারে আনকোরা। বন্ধু জ্যাক কেরুয়াকের একটি ছবি তুলে ক্যাপশনে লিখেছেন, ‘জ্যাক কেরুয়াক, ইস্ট সেভেন্থ স্ট্রিটে বারৌসকে দেখে আসার পর ঘুরে বেড়াচ্ছে কংগ্রেস সদস্য স্যামুয়েলের ভাস্কর্যের সামনে দিয়ে...দস্তয়েভস্কির মতো রাগী মুখভঙ্গি করছে...উলের শার্ট—পকেটে নোটবুক আর পেনসিল, শরৎকাল ১৯৫৩, ম্যানহাটান।’

১৩ ডলারে কেনা বুকপকেটে এঁটে যাওয়া একটি পুরোনো কোডাক রেটিনা ছিল গিন্সবার্গের সঙ্গী। নিজেকে মোটেই বড় মাপের চিত্রগ্রাহক ভাবতেন না তিনি। কলমের চেয়ে ক্যামেরায় ঝুঁকছেন বেশি, এ নিয়ে ছিলেন চিন্তিতও, ‘ক্রমেই দেখছি যে নোটবুকের চেয়েও ক্যামেরাটা দিয়েই আমি বেশি দেখছি আর ছবি আঁকছি।’

পুরোনো ছবিতে তাকিয়ে হঠাৎ অনেক বছর আগের জীবনে ফিরে যাওয়ার অনুভূতি তাঁকে শিহরিত করত। বৃদ্ধ বয়সে এসে ১০ বছর বয়সে মায়ের হাত ধরে রাস্তায় ভিড় ঠেলে হাঁটার ছবিতে তাকিয়ে ঠিক সেই সময়ে ফিরে যাওয়া সম্ভব—ছবির এই ক্ষমতাকে তিনি বলেছেন ‘জাদুকরি’।

শৈশবে বাবা ও ভাইয়ের সঙ্গে বাঁয়ে ওরহান পামুক। ছবি: সংগৃহীত
শৈশবে বাবা ও ভাইয়ের সঙ্গে বাঁয়ে ওরহান পামুক। ছবি: সংগৃহীত

ওরহান পামুক
তুরস্কের নোবেলজয়ী সাহিত্যিক ওরহান পামুকও (জন্ম ১৯৫২) অনেকটা সেভাবেই বলেন, ‘আমরা যখন ছবি তোলার জন্য ক্যামেরার দিকে তাকাতাম, সেটা করতাম ভবিষ্যতের জন্য।’

ওরহানের জন্মের কয়েক বছর আগে তাঁর বাবা যুক্তরাষ্ট্র থেকে একটি ক্যামেরা কিনে আনেন আর সেই সঙ্গে নিয়ে আসেন, ওরহানের বর্ণনায়, ‘আরেকটি অব্যর্থ বচন’।

ওরহান ও তাঁর ভাই যখন ছবি তোলার সময় পরস্পরকে খোঁচাখুঁচিতে ব্যস্ত, ছবি তোলার সময় একজনের মাথার পেছন দিয়ে আরেকজন হাত তুলে শিং দেখাচ্ছে, তিনি তাদের হাসিমুখের ছবি তোলার জন্য সেই অব্যর্থ বচনটি তখন প্রয়োগ করতেন, ‘বলো, “চিজ”।’

১০ বছর বয়সে ওরহান নিজেও ক্যামেরার মালিক হলেন। কিন্তু ছবি তোলার সময় যেভাবে সবাই তাঁর বাবার নির্দেশ মানত, তাঁর ক্ষেত্রে তা তো হলোই না, বরং তিনি কাউকে স্থির হয়ে বসতে বললে কিংবা একটু ডানে তাকাতে বললে উল্টো টিটকিরি শুনতে হতো। আর এর মাধ্যমে ওরহান বুঝলেন, এ বিদ্যেটাতে যথেষ্ট ধৈর্য প্রয়োজন।

২১ বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন বিশ্বজগৎকে ‘দেখা, ব্যক্ত করা আর পুনরাবিষ্কার’ করার কাজটি এখন থেকে দৃশ্যের বদলে শব্দ দিয়ে করবেন—উপন্যাস লিখবেন। তাই ক্যামেরাকে দিলেন ছুটি।

অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক রাজধানী, সাংস্কৃতিক কেন্দ্র ইস্তাম্বুলে বেড়ে ওঠা এক ঋদ্ধ সভ্যতার ক্ষয়িষ্ণু সময়ের সাক্ষী ওরহান মনে করেন, যুগোত্তীর্ণ ছবি সব সময়ই চিত্রগ্রাহক ও সংশ্লিষ্ট যুগকে পেরিয়ে যায়। কারণ, চিত্রগ্রাহকের নিজের বলা গল্পটির বাইরেই বরং থাকে কালজয়ী অন্য গল্প, সেই গল্পটি ছবি তোলার সময় চিত্রগ্রাহক নিজেও দেখেননি—কিন্তু অজান্তে, ঘটনাক্রমে ছবিতে থাকা বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে সেই অন্য গল্পটির জন্ম হয়।

নিজে ছবি তোলা বন্ধ করে পুরোপুরি লেখায় মন দিলেও একটা ক্যামেরার চোখ দিয়েই নিজের লেখক সত্তার সর্বোচ্চ স্বীকৃতি নিয়েছেন তিনি। সেই ক্যামেরা তুরস্কের প্রবাদপ্রতিম চিত্রগ্রাহক আরা গুলারের। যেদিন গুলার তাঁর ছবি তোলেন, ওরহান বলেন, ‘সেদিন আমার মনে হয়েছে, আমি সত্যিই একজন লেখক হতে পেরেছি। এবার ইতিহাস আমাকে মনে রাখবে।’

কোনো ছবিকে কল্পনা আর প্রজ্ঞার সঙ্গে বর্ণনা করতে পারাটাও, ওরহান পামুকের দৃষ্টিতে, একটা শিল্প।

সূত্র: বিবিসি, দ্য টেলিগ্রাফ, নিউইয়র্ক টাইমস, লেন্সকালচার, এনপিআর ডট ওআরজি, ফটোগ্রাফ ম্যাগাজিন এবং ওরহান পামুকের ইস্তাম্বুল: মেমোরিজ অ্যান্ড দ্য সিটি