কল্পলোকের অস্পষ্টতায়
‘শহরবাসী মানুষের স্বপ্ন নিয়েই আমার কাজ, বিশেষ করে তাদের অপূর্ণ সব স্বপ্ন এবং ওই অপূর্ণতা থেকে উদ্ভূত অনুভূতি নিয়েই আমি কাজ করি। সঙ্গে এই শহরের মানুষের একাকিত্বও আমাকে ভাবায়।’ এটা শিল্পী শারদ দাশের উক্তি। ১১ সেপ্টেম্বর তাঁর প্রথম একক প্রদর্শনী শুরু হয়েছে ঢাকা আর্ট সেন্টারের উদ্যোগে। নাম ‘ব্লারড বর্ডারস’ মোট ৩২টি শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।এই তরুণ শিল্পী নিজেকে চিহ্নিত করতে চান একজন দৃশ্যশিল্প হিসেবে। কারণ শিল্পকলার প্রায় সব মাধ্যমেই তিনি কাজ করেছেন। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, ভিডিও, স্থাপনাশিল্প—এ সব কটি মাধ্যমকেই তিনি মনে করেন প্রতিনিধিত্ব করে দৃশ্যশিল্পীর অভিধাটি। ইংরেজিতে যাকে বলা হয় ভিজ্যুয়াল আর্টিস্ট। শারদ দাশের প্রায় সব শিল্পকর্মেই মানুষ মূল বিষয়। মানুষকে মুখ্য চরিত্র করেই তিনি বেশির ভাগ ছবি এঁকেছেন। তাঁর চিত্রকর্মে (অ্যাক্রিলিক মাধ্যমে করা কাজে) বিভিন্ন দেহভঙ্গিমা, ভিন্ন ভিন্ন শক্তিতে সঞ্চালিত হয়েছে, যাতে একটা গল্প বলার চেষ্টা স্পষ্ট। একেকটি ক্যানভাস যেন এ রকম একেকটি অস্ফুট গল্পের চিত্রায়ণ। যার কিছুটা কখনো স্পষ্ট হয়ে প্রতিভাত হয়েছে, আবার কোনোটা আড়াল নিয়েছে পরাবাস্তবতার অস্পষ্টতায়। ‘আরবান ড্রিমস’ সিরিজের শিল্পকর্মগুলোতে স্বপ্নের অস্পষ্টতায়, বিভ্রমে যেন শারদ দাশ নিজেকেই উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন। স্বপ্ন যেমন তার রহস্যময় গভীর গহনে অসীম, যেখানে সম্ভব অসম্ভবের কোনো ভেদরেখা নেই, বিমূর্ততা সেখানে সবচেয়ে বেশি শক্তিমান, মূর্ত। স্বপ্নের চার দেয়ালে শারদ দাশ গড়তে চেয়েছেন এক কল্পলোক বা ফ্যান্টাসির জগৎও। গোলাকার বা চৌকো অন্ধকার হঠাৎই ক্যানভাসে আলোকিত হয়ে উঠছে রহস্যময়তায়। সঙ্গে এক সম্ভাব্য কিংবা অনিশ্চয়তার আবহ। আবহ অস্থিরতারও। নিঃশব্দে, কল্পনায় যেন মাইকের শব্দ তখন বাঙ্ময় হয়ে ওঠে। শারদের চিন্তাশীল মনেও যেন রাজত্ব করে ফ্যান্টাসিপ্রিয় এক অভিযাত্রী। অবশ্য একবিংশ শতকের চারদিকের জটিলতর রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে সব মধ্যবিত্তেরই চিন্তাসুখের প্রিয় ও সহজতর আশ্রয় ওই ফ্যান্টাসির জগৎ। যে জগৎ শাসন করে বিমূর্ত চিন্তারা। শারদ দাশের গল্পে মধ্যবিত্তের এই পলায়নের চিন্তাজগৎ যথেষ্ট মূর্তমান।শারদের প্রদর্শনী কিউরেট (তত্ত্বাবধান) করেছেন কিউরেটর, শিল্পী, লেখক মোস্তফা জামান। তিনি মনে করেন, একটি নির্দিষ্ট লয়ে থেকে শিল্পীর নিজস্ব বক্তব্য নির্মাণের প্রচেষ্টাই এই প্রদর্শনীটির মূল লক্ষ্য। তিনি এই লক্ষ্যকে বাস্তব ও নান্দনিক রূপ দিতে শিল্পীকে সহযোগিতা করেছেন মাত্র। প্রদর্শনীতে কিউরেটর এবং শিল্পীর চিন্তার সমান্তরাল সুসম্পর্ক দৃশ্যমান। কিছু ছাপচিত্র মাধ্যমে শিল্পকর্ম করেছেন শারদ দাশ। যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে প্রিন্ট করা। ‘স্টোরি অ্যান্ড আফটার দ্য স্টোরি’ মিশ্র মাধ্যমের এই ছাপচিত্রগুলোয় শারদ সমাজ-সচেতনতা এবং সমসাময়িক বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটকে ব্যাখ্যার চেষ্টা করেছেন। যা দর্শককে ভাবনার জোগান দেয়, প্রশ্ন ছুড়ে দেয়। অস্পষ্ট সীমানায় ব্যাপ্তির সম্ভাবনা অধিক, শারদ দাশের এই প্রদর্শনী দেখলে মনে এই উপলব্ধি হয় তীব্রভাবে। এবং বুদ্ধিমত্তা, সাহস, শ্রম, এবং অনুশীলনকেও যে শাসন করতে পারে অধিবিদ্যার জগৎ প্রদর্শনীর ছবিগুলো সে কথাও মনে করিয়ে দেয়। তবে গণসমাজকে শিল্প-মূল্যে স্থান দিতে হলে, আরও ক্রিয়াশীল করতে চাইলে, শিল্পীকে সাবধানী হতে হবে। কারণ, এ ধরনের দৃশ্যশিল্পচর্চা বুর্জোয়া সমাজে আজই নতুন নয়। বহুদিন ধরেই অগুনতি শিল্পীর কাজে ওই প্রবণতা চলমান, কেউ কেউ প্রশংসিতও। এই প্রচেষ্টায় বড় সুবিধা হলো শিল্পী নিজের খামতিকে, সীমাবদ্ধতাকে ক্যানভাসের অস্পষ্ট সীমানায় সহজেই আড়াল করতে পারেন।প্রদর্শনীটি ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।