কাইয়ুম চৌধুরীর কবিতা
টোকিও
সমুখে পশ্চাতে ত্রিতলে-দ্বিতলে
ভূতলে সমতলে ধাবমান ট্রেনে
হলুদ সবুজ রুপোলি লাল
রকমারি লাইনে।
যাওয়া আসা থামা চলা
উপচে পড়া প্ল্যাটফর্মে
মুহূর্তে সিঁড়ি বেয়ে এস্কেলেটরে
লিফটে নানান ধর্মে।
যে যার গন্তব্যে বদল ট্রেন
এরই মাঝে বিপণন খাবারদাবার
কেনাকাটা কিছু আকিয়াবারায়
সমাপনে আবার চলা গন্তব্যে যাবার।
কফিশপে, রেস্তোরাঁয় দু’দণ্ড বসা
সময়কে বেঁধে নিয়ে সঙ্গে চলা
নিচুস্বরে কথোপকথন না হয়
সেলফোনে সেরে নেওয়া বলা না বলা।
হরেকরকম বিপণির আদ্যোপান্তে
সামনে পেছনে বসা সন্তান সাইকেলে
আবদার মেটাতে উঁকিঝুঁকি দেওয়া
যদি বা মনমতো কিছুটা মেলে।
রোদবৃষ্টির সকাল-সন্ধ্যায়
মাদকতাময়ী স্বর্ণাভা সুন্দরী
নিয়নবাতির জ্বলা আর নেভা
টোকিও এখন ব্যস্ত নগরী।

নারা
মৃগশিশু মুখ রাখে শিরোপার
হাতে। কী যে আকুলি-বিকুলি তার
জলভরা চোখে ঘষে মুখ
দোলায় মাথায় আছে যেন কত না বলার।
একা নয় অনেকে লালে আর নীলে
দলে দলে জাপানি শিশু
আদরে আদরে গলাগলি চলে
তোদায়জি মন্দিরে মৃগশিশু।
মোম জ্বেলে যাচ্ঞা সবার
বুদ্ধের বরাভয়
নতশিরে দণ্ডায়মান
অযুতসময়।
হাজার বছর দাইব্যুৎসুর
উত্তোলিত বাম হস্তে
সবার মস্তকে নিমীলিত নেত্রে
শান্তির অভয়বাণী স্মিত ওষ্ঠে।
থিরথির কম্পনে তোদায়জি অঙ্গনে
মৃদুঘণ্টাধ্বনি ছড়ায় নারাতে
দাইবুৎসুর পদতলে
মঙ্গলময় সুপ্রভাতে।