
সমকালীন চারুশিল্পের পুরোধা, বাংলাদেশের প্রকাশনাশিল্পের আধুনিক ও মননশীল সুরুচি নির্মাণের পথিকৃৎ শিল্পী কাইয়ুম চৌধুরীর ৮৩তম জন্মদিন ছিল ৯ মার্চ। এবারই প্রথম শিল্পীকে ছাড়া পালিত হলো তাঁর জন্মদিন।
এ উপলক্ষে একযোগে ঢাকার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় ও গুলশানের বেঙ্গল লাউঞ্জে শিল্পীর দুটি স্মারক প্রদর্শনীর আয়োজন করল বেঙ্গল ফাউন্ডেশন। প্রথমটি ‘কালি ও কলম পত্রিকায় কাইয়ুম চৌধুরীর রেখালেখ্য’ শীর্ষক নির্বাচিত ১২২টি রেখাচিত্র প্রদর্শনী, অন্যটি বেঙ্গল ফাউন্ডেশন সংগ্রহ থেকে নির্বাচিত ২৫টি চিত্রকর্ম প্রদর্শনী।
দীর্ঘ ৬০ বছরের নিরন্তর চিত্রসাধনায় কাইয়ুম চৌধুরী হয়ে উঠেছিলেন দেশের শীর্ষ শিল্পীদের একজন। আবহমান বাংলা, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ও এই ভূখণ্ডের বাসিন্দাদের তিনি চিত্রপটে তুলে এনেছেন নিজস্ব অঙ্কনশৈলীতে। লোকশিল্পের রং ও রেখাকে সমকালীন আধুনিকতায় বিন্যস্ত করে নিজের একটা চিত্রভাষা নির্মাণ করেছিলেন। একই সঙ্গে বাংলা টাইপোগ্রাফির বৈচিত্র্য ও নান্দনিকতায়ও রেখেছেন অসামান্য অবদান। চিত্রকলা থেকে বই ও পত্রপত্রিকার প্রচ্ছদ এবং অঙ্গসজ্জা—সব ক্ষেত্রে তাঁর স্বকীয় অঙ্কনরীতির প্রকাশ দেখতে দেখতেই তো বেড়ে উঠেছি আমরা।
ছাত্রজীবনেই কর্মজীবন শুরু করেছিলেন বইয়ের প্রচ্ছদ ও অঙ্গসজ্জার কাজের মধ্যমে। আর পত্রিকায় কাজের সূত্রপাত ইংরেজি দৈনিক অবজারভার দিয়ে। তারপর একে একে দৈনিক সংবাদ, জনকণ্ঠ ও সর্বশেষ যুক্ত ছিলেন প্রথম আলোর সঙ্গে। প্রথম আলোর মাস্টহেডে আছে তাঁর হাতের ছোঁয়া। এই দৈনিকের ‘শিল্পসাহিত্য’ পাতাসহ বিভিন্ন ক্রোড়পত্র তাঁর অলংকরণ ও নকশায় নন্দিত হয়েছে গত ১৬ বছর।
একইভাবে কালি ও কলম-এর ১১ বছরে এই পত্রিকার বহু গল্প-উপন্যাস-কবিতার অক্ষরবিন্যাসসহ সচিত্রকরণ করেছেন কাইয়ুম চৌধুরী। নিজের অঙ্কনরীতি অক্ষুণ্ন² রেখে সচিত্রকরণ যে কত বিচিত্র ও নান্দনিক হতে পারে, দর্শক সেটি উপলব্ধি করতে পারবেন এ প্রদর্শনী দেখে।

তাঁর সচিত্রকরণের দুটি বৈশিষ্ট্য প্রণিধানযোগ্য। প্রথমত গল্প-উপন্যাস-রম্যলেখা-ভ্রমণ-প্রবন্ধ—যেটি তিনি সচিত্রকরণ করতেন, আঁকার ক্ষেত্রে জোর দিতেন বিষয়বস্তুর দিকে। হ্যাঁ, পাঠকের পাঠের প্রাক্প্রস্তুতির কাজটি এভাবেই সারতেন শিল্পী। আর এতে করে সহজেই বিষয়ের ভেতরে প্রবেশ করতে পারতেন পাঠকও। আরেকটি বৈশিষ্ট্য হলো, এ কাজে তিনি প্রতীকের আশ্রয় নিয়েছেন, তবে হাঁটেননি বিমূর্তায়নের দিকে। গ্রাফিক চিত্রকর হিসেবে এখানেই অনন্য কাইয়ুম চৌধুরী।
কালি ও কলম-এর পাতায় নবীন-প্রবীণ কবির কবিতার ভেতরকার বাণীর মাধুর্যের সঙ্গে কাইয়ুমের চিত্রমালার মিলন পাঠকের জন্য ছিল দারুণ উপভোগ্য। তেমনি গল্প-উপন্যাসের স্বাদু-বর্ণনা ও ঘটনার নাটকীয়তার সচিত্রকরণে লেখাটি উপভোগ্য হয়ে উঠেছে পাঠকের কাছে। সেই কাজগুলোর নির্বাচিত অংশ দেখলে পাঠক-দর্শক সহজেই বুঝতে পারবেন এ ক্ষেত্রে কতটা অনিবার্য ছিলেন কাইয়ুম চৌধুরী। এই প্রদর্শনী চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
অন্যদিকে, বেঙ্গল লাউঞ্জের আরেকটি প্রদর্শনীতে কাইয়ুম চৌধুরীর চিত্রমালায় দেখা যায় তাঁর স্বভাবসুলভ ভঙ্গিমা। ক্যানভাসে ক্যানভাসে তিনি তুলে ধরেছেন বাংলার নদীমেখলা নিসর্গের ছবি এবং বঙ্গললনার সৌন্দর্য। ‘বর্ষায় একাকিনী’ শীর্ষক এক চিত্রে আমরা দেখি, কালো আকাশ ফুঁড়ে নীল বৃষ্টিপাত, বাঁয়ে গৃহসংকেত, ডানে জলসিক্ত এক তরুণীর মধুর অবয়ব।
কাইয়ুম চৌধুরীর এই প্রদর্শনী দেখে আবারও মনে হলো পুরোনো কথাটি—সামান্য বিষয়কে অসামান্য কুশলতায় তুলে ধরতে জুড়ি ছিল না কাইয়ুমের। বেঙ্গল লাউঞ্জের প্রদর্শনীটি চলবে ২৮ মার্চ অবধি।