
জাতি হিসেবে আমরা যে সত্যিই ইতিহাসবিমুখ, জাতীয় নেতাদের নির্ভরযোগ্য জীবনী লেখার বিষয়ে চরমভাবে উদাসীন—এ অভিযোগ যে মোটেও ভিত্তিহীন কিছু নয়, তার প্রচুর প্রমাণ মিলবে একটু হদিস করলেই। সে বিচারে শেরেবাংলা এ কে ফজলুল হককে ভাগ্যবানই বলতে হবে। তাঁর জীবদ্দশাতেই তাঁর অনুমতিক্রমে লেখক-রাজনীতিক বি ডি হাবীবুল্লাহ্ তাঁর জীবনী লেখা শেষ করেছিলেন, যদিও তা প্রকাশিত হয়েছিল তাঁর মৃত্যুর প্রায় অব্যবহিত পরে। শেরেবাংলার এটিই প্রথম প্রমাণ্য-জীবনী এবং মোটামুটি বিস্তারিতও। লেখকের অধ্যবসায় ও পরিশ্রমের স্বাক্ষর বিধৃত এ বইয়ের প্রতিটি অধ্যায়ে। ১৯৬১ সালের ৯ ডিসেম্বর শেরেবাংলা এ বইয়ের পাণ্ডুলিপি পড়ে লিখেছিলেন, ‘আমার চির অনুগত, চির অনুরক্ত ভক্ত পরম স্নেহাস্পদ বি ডি হাবীবুল্লাহ্ কর্তৃক সর্বপ্রথম আমার জীবনী লেখার এ প্রচেষ্টাকে আমি সানন্দে মোবারকবাদ জানাই। আল্লাহপাক তার প্রচেষ্টা সাফল্যমণ্ডিত করুন।’ শেরেবাংলার সেই আশীর্বাণী বইটির প্রথম প্রকাশের সময় যেমন, বর্তমান প্রথমা সংস্করণেও ছাপা হয়েছে তারিখ, তাঁর হস্তাক্ষর ও স্বাক্ষরসহ।
সুদীর্ঘকাল অপ্রকাশের অন্ধকারে অনাদর-অবহেলায় পড়ে থাকা শেরেবাংলাশিরোনামের এই জীবনী প্রকাশের ঘটনা নানা বিচারে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, সে কথা বলতে গিয়ে ‘প্রকাশকের কথা’য় মতিউর রহমান বলেছেন, ‘এই বইটির লেখক বি ডি হাবীবুল্লাহ্ ছিলেন শেরেবাংলা ফজলুল হকের রাজনৈতিক অনুসারী, আমৃত্যু তাঁর শিষ্য ও সহচর। তাঁর লেখা এই জীবনীটিতে ভক্ত হৃদয়ের সেই অনুরাগ, আবেগ ও উচ্ছ্বাসের প্রকাশ ঘটেছে। ঐতিহাসিকের নিরাসক্তি ও বিচারশীলতা তাঁর লেখায় পাওয়া যাবে না। এমনিতেও সম বা নিকট সময়ে বসে লেখা জীবনীতে তা কমই পাওয়া যায়। বলা বাহুল্য ঘটনার সঙ্গে কিংবদন্তি বা প্রচলিত লোকশ্রুতি এই বইটিতে প্রায় মিলেমিশে গেছে। তবে লেখক সুদীর্ঘ সময় ধরে খুব কাছ থেকে শেরেবাংলাকে দেখেছিলেন। সেদিক থেকে তাঁর লেখা এই জীবনটির একটি আলাদা মূল্য বা গুরুত্ব আছে। সে বিবেচনায়ই আমরা বর্তমানে দুষ্প্রাপ্য এই জীবনীটি পুনঃপ্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।’ সেই সিদ্ধান্তেরই বাস্তব রূপায়ণ এ বইয়ের সুদীর্ঘকাল পরে আলোর মুখ দেখা।
মতিউর রহমান বলেছেন, শেরেবাংলা সম্পর্কে ‘কিংবদন্তি বা প্রচলিত লোকশ্রুতি’ এ বইয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। তা সত্ত্বেও অনুসন্ধিৎসা ও সচেতন পাঠকমাত্রই বইটি থেকে এ কে ফজলুল হকের শেরেবাংলা হয়ে ওঠার নেপথ্যে যেসব কার্যকারণ কাজ করেছে, যে ঐতিহাসিক পটভূমি তাঁর সামাজিক ও রাজনৈতিক জীবনপ্রবাহকে সম্মুখগতি দিয়েছে, তাঁর লক্ষ্যাভিসারী জীবনযজ্ঞকে পূর্ণতার দিকে নিয়ে গেছে, এর একটা প্রায় বিস্তারিত বিবরণ লাভ করবেন। এক অর্থে শেরেবাংলার জীবন-কথা, জোর দিয়েই বলা যায়, আমাদের তরুণ প্রজন্মের কাছে পুরোপুরি অজানা। অজানা, আগেই বলেছি, আমাদের জাতীয় নেতাদের নির্ভরযোগ্য জীবনীর প্রবল অভাবের কারণেই। শেরেবাংলা বইয়ের প্রকাশ সে বিচারে একটা স্মরণীয় ঘটনা।
>

শেরেবাংলা
বি ডি হাবীবুল্লাহ্
প্রচ্ছদ ও অলংকরণ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: নভেম্বর ২০১৬
১৬৬ পৃষ্ঠা l দাম: ৩০০ টাকা
এ বইয়ের পাঠ থেকে জানা যাবে শেরেবাংলার আদি বাসস্থান ও পূর্বপুরুষদের কথা; তাঁর জন্ম ও শিক্ষাজীবন থেকে শুরু করে পেশা গ্রহণ ও তা বদলের বৃত্তান্ত, তাঁর মানসিক বিপ্লব, প্রজা আন্দোলনে সম্পৃক্তির প্রাক্ ও পরবর্তীকালের কথা, একই সঙ্গে কংগ্রেস ও মুসলিম লীগের সর্বোচ্চ পদাধিকারী হওয়া, হক মন্ত্রিসভা গঠন, পাকিস্তান প্রস্তাবে তাঁর ভূমিকা, মুসলিম লীগের রাজনীতি থেকে বিদায় নেওয়া, দ্বিতীয় হক মন্ত্রিসভা গঠন, ১৯৪৬ সালের নির্বাচন এবং ১৯৪৭ সালের দেশ ভাগের সময়পর্বে তাঁর ভূমিকার কথাও জানা যাবে বইটি পাঠান্তে।
পাকিস্তান রাষ্ট্র কায়েম হলে এর পূর্ব অংশ পূর্ব পাকিস্তানে চলে আসার পর শুরু হয় শেরেবাংলার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠনের পাশাপাশি মুসলিম লীগের বিরুদ্ধে প্রচার অভিযানে তাঁর সক্রিয় ভূমিকার কথাও আছে এই বইয়ে। মুসলিম লীগের ভূমিধস পরাজয়ের পর তাঁর নেতৃত্বেই গঠিত হয় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা। তিনি হন প্রধানমন্ত্রী। দীর্ঘ ও ঘটনাবহুল কর্মজীবন শেষে একসময় রাজনীতি থেকে অবসর নিলেন, অতঃপর অবসর নিলেন জীবন থেকেও। কিন্তু দেশবাসী গভীর শোকে মুহ্যমান হয়েছিল তাদের প্রিয় ‘হক সাহেব’ তথা ‘শেরেবাংলা’র মৃত্যুতে। আমরা বাংলার কিংবদন্তিতুল্য এই নেতা সম্পর্কে এতকিছু জানতে পারব ঝরঝরে ভাষায় লেখা বি ডি হাবীবুল্লাহ্র আলোচ্য বইটি পড়ে।