কাঠবিড়ালি আর দুষ্টু ইঁদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঁদুর দিল লাফ  ওরে বাপরে বাপ! ইঁদুর কেন লাফ দিল?  কাঠবিড়ালির ভয়ে।

ইঁদুরটা থাকে গাছের গোড়ায় এক গর্তে। ছানাপোনা নিয়ে। কাঠবিড়ালি থাকে গাছের ওপরের এক মোটা ডালে। ডালে একটা গর্ত ছিল। গর্তটাকে ঘাস-পাতা দিয়ে সাজিয়ে নিয়েছে। ওটাই ওর বাসা। বাসা থেকে মুখ বাড়িয়ে তাকিয়ে ছিল নিচে, কখন ইঁদুরটা বাসা থেকে বের হয়। ইঁদুরটা বাসা থেকে বের হয়ে খানিকটা এগোতেই ধাওয়া করল কাঠবিড়ালি। আর তখনই—

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ইঁদুর দিল লাফ
ওরে বাপরে বাপ!
এক লাফে তিন ফুট
কুটুর কুটুর কুট।
কাঠবিড়ালির ভয়ে সারা সকাল ঘর থেকে বেরোয়নি ইঁদুর। সকাল পেরিয়ে দুপুর। দুপুর পেরিয়ে বিকেল। বিকেলেও বুঝি বেরোবে না?
কুটুর কুটুর কুট
ইঁদুরখানার পিছন পিছন
কাঠবিড়ালির ছুট।
তবে ইঁদুরটাকে ধরতে পারল না কাঠবিড়ালি। ধরতে পারল কেবল ইঁদুরের লেজটা। তাতেই কাঠবিড়ালি চেঁচাল, ধরেছি রে ধরেছি। ইঁদুরটাকে ধরেছি।
ইঁদুরও চেঁচাল, কচু ধরেছ, কচু।
অবাক হলো কাঠবিড়ালি। কচু! এত খেটে শেষে কিনা কচু ধরল? কচুতে গা চুলকাবে তো!
গা চুলকানোর কথা মনে হতেই ইঁদুরের লেজ ছেড়ে দিল কাঠবিড়ালি। আর ছাড়া পেতেই—
ইঁদুর দিল লাফ

ওরে বাপরে বাপ!

এক লাফে চার ফুট

কুট কুট খুট খুট।

কুট আর খুট কী?

বাদাম ভাঙার আওয়াজ। একটা করে বাদাম ভাঙছে আর ইঁদুরটা চিবোচ্ছে—কুট কুট খুট খুট। ইঁদুর বাদাম পেল কোথায়? সেটাই তো কথা। ইঁদুর বাদাম পেল কোথায়? হয়েছে কী, গতকাল বিকেলে বাসা থেকে বেরিয়েছিল কাঠবিড়ালি। আর অমনি ইঁদুর গিয়ে ঢুকেছিল কাঠবিড়ালির বাসায়। বাদাম দেখে আর লোভ সামলাতে পারেনি। কিছু খেয়েছে, কিছু নিয়ে এসেছে। আর আনতে গিয়ে কিছু ছড়িয়েছে পথে। ইঁদুরের গর্তের মুখেও পড়ে ছিল দুটো বাদাম।

এদিকে ঘরে ফিরে একটাও বাদাম পেল না কাঠবিড়ালি। রাতে খাবে বলে রেখে দিয়েছিল। ভুলে অন্য কোথাও রাখল না তো! ভাবতে লাগল আর খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতেই পথে পেল তিনটা। আর ইঁদুরের গর্তের মুখে দুটো। ইঁদুরের গর্তের মুখে বাদাম এল কেমন করে? আবারও ভাবতে লাগল কাঠবিড়ালি। তাতেই বুঝে গেল, কে ওর বাদাম নিয়েছে। ইঁদুর ছাড়া আর কেউ না। ইঁদুরের গর্তের মুখে এসে কয়েকবার হাঁক দিল, ওরে দুষ্টু ইঁদুর, আমার বাদাম ফেরত দিয়ে যা।

ইঁদুরের বয়েই গেছে সাড়া দিতে! ইঁদুরের গর্তে কান পাতল কাঠবিড়ালি। নাহ্! কোনো সাড়া নেই ইঁদুরের। কেবল কুট কুট আর খুট খুট। বাদাম ভেঙে খাওয়ার আওয়াজ।

শেষে ওই পাঁচটা বাদাম দিয়েই রাতের খাবার সারল কাঠবিড়ালি।

পরদিন। সারা দিন ঘর থেকেই বেরোয়নি ইঁদুর। কাঠবিড়ালির ভয়ে। আর এখন বেরিয়ে কী বিপদেই না পড়ল! সেবার তো বুদ্ধি করে রেহাই পেল। এবার? বাসায় ঢুকবে কেমন করে? একটা লেজকে কতবার কচু বানাবে? এদিকে আঁধার হয়ে এল। ঘরে তো ফিরতে হবেই। ছানাপোনারাও চেঁচামেচি শুরু করে দেবে। কাজেই ঘরের দিকে ছুট দিল ইঁদুর। গর্তে কেবল ঢুকতে যাবে, অমনি আবার ধরে ফেলল কাঠবিড়ালি। এবার আর লেজ নয়, ইঁদুরটাকেই ধরে ফেলল।

আসলে কাঠবিড়ালিটা লুকিয়ে ছিল গাছের আড়ালে। ইঁদুরটা গর্তের কাছে আসতেই, খপ।

ইঁদুরের মুখে তখনো একটা বাদামের খোসা আটকে ছিল। কাঠবিড়ালি বলল, ধরেছি রে ধরেছি। ওরে দুষ্টু ইঁদুর, এবার তোকে ধরেছি। চপ বানিয়ে খাব।

চপ বানিয়ে খাবে? ভয়ে ঢোঁক গিলল ইঁদুর। জানতে চাইল, কেন ভাই?

কাঠবিড়ালি বলল, তুই আমার বাদাম নিয়েছিস।

ইঁদুর বলল, ওগুলো বুঝি তোমার বাদাম ছিল?

কাঠবিড়ালি বলল, নয়তো কী?

ইঁদুর বলল, তুমি বাদাম চাষ করো?

কাঠবিড়ালি বলল, না। কাঠবিড়ালিরা চাষবাস করে না।

ইঁদুর বলল, তবে বাদাম কোথায় পেলে, ভাই?

এবার কাঠবিড়ালির মুখ শুকিয়ে গেল। তাই তো! ও কোথায় পেল বাদাম? ইঁদুর বলল, তুমিও কি ভাই আমার মতোই জোগাড় করেছ?

এবার ওপর আর নিচে মাথা নেড়ে কাঠবিড়ালি বলল, হুঁ।

ইঁদুর বলল, তবে আমায় ওখানেই নিয়ে চলো, ভাই। আমিও তোমার মতো জোগাড় করে নেব।

পরদিন কাঠবিড়ালি আর ইঁদুর গিয়ে হাজির হলো বাদামবাগানে। দুজনই মুঠো ভরে বাদাম নিল। তারপর—

ইঁদুর দিল লাফ

ওরে বাপরে বাপ!

এক লাফে পাঁচ ফুট

বাদাম ভেঙে

খাচ্ছে কুটুর কুট।

আর কাঠবিড়ালি?

ইঁদুরের পেছন পেছন সেও ছুটল বাদাম নিয়ে।