কাতাকা
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের আত্মজীবনী বিবির পারা কোনতারলা (গল্পটা বলার জন্যই বেঁচে থাকা)। বইটির নির্বাচিত অংশ স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন রফিক-উম-মুনীর চৌধুরীকৈশোরের আগে, অতীতের চেয়ে বরং ভবিষ্যৎকে নিয়েই স্মৃতির যত আগ্রহ, আর তাই আমার ওই শহরের স্মৃতি তখনো নস্টালজিয়ার আদর্শ কল্পনায় গা ভাসায়নি। ছোট শহরটার কথা আমার হুবহু মনে ছিল: বসবাসের জন্য ভালো একটা জায়গা, যেখানে সবাই সবাইকে চেনে, স্বচ্ছ জলের এক নদীর পাড়ে যার অবস্থান, যে নদী প্রাগৈতিহাসিক ডিমের মতো বিশাল ও সাদা ঝকঝকে সব পাথরের খাতের ওপর দিয়ে ছুটে যায়। গোধূলিবেলায়, বিশেষ করে ডিসেম্বরে, বর্ষা মৌসুমের পর বাতাস যখন হীরকের মতো, সান্তা মার্তার সিয়েররা নেবাদা পর্বত আর এর শ্বেতশুভ্র চূড়া যেন একেবারে নেমে আসে নদীর অন্য পাড়ের কদলি বাগিচায়। সেখানে দাঁড়ালে দেখা যায়, আরাওয়াক ইন্ডিয়রা পিঁপড়ার সারির মতো চলছে পর্বতের খাড়া বেয়ে, কাঁধে আদার বস্তা ঝুলিয়ে। জীবনকে সহনীয় করতে যায় ওরা মুখে কোকার গুটলি চিবোতে চিবোতে। আমরা শিশুরা অবিরাম তুষার বর্ষণে জমে থাকা তুষারের বল বানিয়ে ঝলসানো-জ্বলন্ত রাস্তায় যুদ্ধ যুদ্ধ খেলার স্বপ্ন দেখতাম। কেননা, এমন অসম্ভব গরম পড়ত, বিশেষ করে সিয়েস্তার সময়, এতটাই যে বড়রা অভিযোগ করত, এ যেন এক নিত্যদিনের চমক। আমার জন্মের দিন থেকেই আমি বারবার বলতে শুনেছি যে ইউনাইটেড ফ্রুট কোম্পানির রেললাইন এবং আস্তানাগুলো সব বানানো হয়েছিল রাতের বেলায়। দিনের বেলা সূর্যের তেজে যন্ত্রপাতি ও লোহালক্কড় এতটাই তেতে থাকত যে ওগুলোতে হাতই দেওয়া যেত না।[...] আমার নানা-নানু আরাকাতাকায় এসেছিলেন আমার জন্মের ১৭ বছর আগে, যখন ইউনাইটেড ফ্রুট কোম্পানি কলা ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণের জন্য গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। নানা-নানুর সঙ্গে এসেছিলেন তাঁদের ছেলে হুয়ান দে দিওস, যাঁর বয়স ছিল ২১ এবং তাঁদের দুই মেয়ে, ১৯ বছর বয়সী মার্গারিতা মারিয়া মিনিয়াতা দে আলাকোকে এবং আমার মা লুইসা সান্তিয়াগা, যাঁর বয়স ছিল পাঁচ। আমার মায়ের আগে নানা-নানু যমজ দুই মেয়েকে হারিয়েছিলেন, চার মাসের সময় গর্ভপাত হয়ে মায়ের পেটেই তারা মারা যায়। আমার মা যখন পেটে, আমার নানু ঘোষণা দিলেন যে এই-ই শেষ, এরপর আর কোনো সন্তান নয়, কারণ তাঁর বয়স তখন ৪২। প্রায় অর্ধশতাব্দী পর, একই বয়সে এবং একই রকম পরিস্থিতিতে আমার মা-ও তাঁর ১১ নম্বর সন্তান এলিহিও গাব্রিয়েলের জন্মের সময় একই কথা বলেছিলেন।আরাকাতাকায় চলে আসাটা আমার নানা-নানুর কাছে ছিল বিস্মৃতির অভিমুখে সফরের মতো। কাজকর্মে সাহায্য করার জন্য তাঁরা সঙ্গে এনেছিলেন গোয়াহিরো ইন্ডিয় গোষ্ঠীর দুই ভৃত্য—আলিরিও ও আপোলিনার এবং ইন্ডিয় নারী মেমে-কে। তাদের নিজ এলাকা থেকে প্রত্যেককে এক শ টাকা দিয়ে কিনেছিলেন এমন একটা সময়ে, যখন ক্রীতদাস প্রথা উঠেই গিয়েছিল। আমার নানা কর্নেল সাহেব এক মর্যাদার লড়াইয়ে এক লোককে মেরে ফেলার অশুভ অনুশোচনায় তাড়া খেয়ে ওই বাজে স্মৃতিটার কাছ থেকে যতটা সম্ভব দূরে সরে এসে অতীতকে আবার কীভাবে সাজানো যায়, সেই অভিপ্রায়ে প্রয়োজনীয় সবকিছুই কিনেছিলেন। অনেক বছর আগে এক প্রচারাভিযানে এলাকাটা দেখেছিলেন, সিয়েনাগা জলায় যাওয়ার পথে এই এলাকা দিয়েই গিয়েছিলেন, আর কোয়ার্টারমাস্টার জেনারেল হিসেবে পদাধিকারবলে নেএরলান্দিয়া চুক্তির সন্ধিক্ষণেও হাজির ছিলেন এখানটায়।নতুন বাড়িটায় তাঁরা স্বস্তি ফিরে পেলেন না। কারণ, নানার বিবেকদংশন এতটাই ছিল যে ওটা যাযাবর নাতির ঘরের পুতির মধ্যেও একদিন ঢুকে যাবে। সবচেয়ে পুনরাবৃত্ত ও প্রচণ্ড আবেগতাড়িত স্মৃতিজাগানিয়া ব্যাপার ছিল আমার নানু মিনার, যিনি তত দিনে অন্ধ ও অর্ধোন্মাদ হয়ে গেছেন। তাঁর মাধ্যমে আমরা ঘটনাবলির একটা সুসংহত ভাষ্য ও বিবরণ দাঁড় করিয়েছিলাম। সে যা-ই হোক, প্রত্যাসন্ন ট্র্যাজেডিকে ঘিরে অপ্রতিহত গল্পগুজবের মধ্যে নানুই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি ওই দ্বৈরথ সম্পর্কে, ঘটনাটা ঘটার আগ পর্যন্ত কিছুই শোনেননি।নাটকীয় ঘটনাটা ঘটল বাররানকাসে, সিয়েররা নেবাদা পর্বতের কোলে নিরিবিলি ও উন্নতিশীল শহরে, যেখানে কর্নেল তাঁর বাবা ও দাদার কাছ থেকে স্বর্ণকারের কাজ শিখেছিলেন এবং শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যেখানটায় ফিরে গিয়েছিলেন। কর্নেলের প্রতিপক্ষ হলেন দশাসই এক লোক, যে তাঁর চেয়ে ১৬ বছরের ছোট, তাঁর মতোই লাল উদারপন্থী, জঙ্গি ক্যাথলিক এবং এক গরিব কৃষক, যে সম্প্রতি বিয়ে করেছে আর যার আছে বলতে দুটি সন্তান আর একটি ভালো মানুষি নাম: মেদার্দো পাচেকো। কর্নেলের জন্য সবচেয়ে দুঃখের বিষয়টা ছিল এই যে এই প্রতিপক্ষ অজ্ঞাতপরিচয় অসংখ্য শত্রুর একজন নয়, যাদের সঙ্গে তিনি যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়েছেন, বরং এ এক পুরোনো বন্ধু, দোসর, মিত্র, হাজার দিনের যুদ্ধের সহযোদ্ধা সৈনিক। তার সঙ্গে আমৃত্যু লড়াইয়ে অবতীর্ণ হলেন তিনি, যখন দুজনই বিশ্বাস করেছিলেন যে শান্তির বিজয় তো হয়েই গেছে।জীবন থেকে নেওয়া এটাই প্রথম ঘটনা, যা আমার লেখকসত্তাকে জাগিয়ে তুলল এবং যে ভূত আজও আমার মাথা থেকে যায়নি। যখন আমি আমার যুক্তি ও কারণকে ব্যবহার করতে শিখেছি, তখন থেকেই আমি আমাদের বাড়ির নাটকীয় ঘটনাগুলোর গভীরতা ও নানা মাত্রা সম্পর্কে অবহিত হয়েছি। কিন্তু এর খুঁটিনাটি আমার কাছে বরাবরই ধোঁয়াশা রয়ে গেছে। আমার মা, তাঁর বয়স সে সময় ছিল মাত্র তিন, ঘটনাটা তাঁর কাছে সব সময়ই এক অসম্ভব স্বপ্ন বলে মনে হয়েছে। আমার সামনে বড়রা তালগোল পাকিয়ে গল্পটা এমনভাবে করতেন, যেন আমি বিভ্রান্ত হই। কোনো দিনই আমি ধাঁধাটা পুরোপুরি মেলাতে পারিনি। কেননা, উভয় পক্ষের প্রত্যেকেই যে যার নিজের মতো করে ঘটনাটার বর্ণনা দিত। সবচেয়ে নির্ভরযোগ্য ভাষ্যটি ছিল এ রকম: মেদার্দো পাচেকোর মা ছেলেকে চটিয়ে দিয়েছিলেন, যাতে সে তার মায়ের অপমানের প্রতিশোধ নেয়। নারীর উদ্দেশে নাকি আজেবাজে কথা ছোড়া হয়েছে আর এসবের নাটের গুরু নাকি আমার নানা। ব্যাপারটা সাফ অস্বীকার করলেন নানা, বললেন, এটা ডাহা মিথ্যা কথা এবং জনসমক্ষে সেটার ব্যাখ্যা হাজির করলেন। কিন্তু মেদার্দো পাচেকো তার অমঙ্গল চিন্তা নিয়ে গো ধরে থাকল, আহতের বদলে অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হলো এবং আমার নানাকে উদারপন্থী হিসেবে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের বয়ান টেনে এনে যাচ্ছেতাই অপমান করল। আমি কখনোই বের করতে পারিনি, ব্যাপারটি আদতে কী ছিল। নানা প্রচণ্ড অপমান বোধ করলেন এবং লোকটিকে আমৃত্যু লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়লেন—লড়াইটা কবে কোথায় হবে, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু না বলেই।কর্নেলের স্বভাবের একটা অনুকরণীয় দিক এই যে চ্যালেঞ্জ ছোড়ার পর দ্বৈরথ হওয়া পর্যন্ত একটা সময় তিনি পার করতে দিয়েছেন। পরম বিচক্ষণতার সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ের একটা বন্দোবস্ত করলেন, যাতে করে তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয়। কেননা, নিয়তি তাঁর কাছে একটা এসপার-ওসপার নিয়ে উপস্থিত হয়েছে—হয় মৃত্যু নয় কয়েদখানা। শেষ যুদ্ধটার পর তাঁর কিঞ্চিৎ যা সম্পদ ছিল, দেরি না করে সেগুলো বিক্রি করতে শুরু করলেন: বাবার কাছ থেকে পাওয়া স্বর্ণালংকারের কারখানা, একখণ্ড জমি, যেখানে জবাই করার জন্য ছাগল পালতেন এবং আখের চাষ করেছিলেন। ছয় মাস পর তিনি যে অর্থকড়ি পেলেন, সেটাকে একটা আলমারির ভেতর রেখে নীরবে অপেক্ষা করতে থাকলেন সেই দিনের জন্য, যেটা তিনি নিজেই বেছে রেখেছিলেন: অক্টোবর ১২, ১৯০৮, আমেরিকা মহাদেশ আবিষ্কারের বার্ষিকী।মেদার্দো পাচেকো থাকত শহরতলিতে, কিন্তু আমার নানা জানতেন সেই বিকেলে ভার্জিন দেল পিলারের শোভাযাত্রায় সে উপস্থিত হবেই। তার খোঁজে ঘর থেকে বের হওয়ার আগে নানা তাঁর স্ত্রীকে একটা ছোট, হূদয়স্পর্শী নরম চিঠি লিখলেন, যেটাতে তিনি তাঁকে কিছু নির্দেশ দিয়েছেন। যে বালিশে তাঁরা দুজন মাথা রেখে ঘুমান, তার নিচে তিনি চিঠিটা রাখলেন। তাঁর স্ত্রী ঘুমাতে গেলে নিঃসন্দেহে ওটা পাবেন। কোনো রকমের বিদায়পর্ব ছাড়াই নানা তাঁর অশুভলগ্নের সঙ্গীর মুখোমুখি লড়াইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন।এমনকি ঘটনার সবচেয়ে কম মোক্ষম ভাষ্যমতেও এ কথা মেনে নেওয়া যায় যে দিনটা ছিল ক্যারিবীয় অক্টোবরের এক গতানুগতিক সোমবার, বিষণ্ন্ন বর্ষার দিন। ছিল নিচু মেঘের দল আর বিষাদ-গম্ভীর বাতাস। মেদার্দো পাচেকো, রবিবাসরীয় পোশাকে কেবল একটা কানাগলিতে প্রবেশ করেছে, অমনি কর্নেল মার্কেস তাকে ধরলেন। দুজনই সশস্ত্র। অনেক বছর পর তার পাগলা খেপাটে ভাবভঙ্গিতে আমার নানু বলবেন: ‘ঈশ্বর নিকোলাসিতোকে সুযোগ দিয়েছিল ওই লোককে জীবনের মতো মাফ করে দিতে, কিন্তু সুযোগটা কীভাবে নেবে, সেটা তার জানা ছিল না।’ হয়তো নানু এ রকম ভাবলেন। কেননা, কর্নেল পরে তাঁকে বলেছিলেন, তাঁর প্রতিপক্ষের চোখে অনুতাপের একটা ঝলক দেখেছিলেন, তাঁকে দেখে সে রীতিমতো ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিল। নানা নানুকে এটাও বলেছিলেন যে বিশাল শরীরটা, সেইবাগাছের মতোই বিশাল দেহটা ঝপ করে ঝোপের মধ্যে যখন পড়ে যায়, তখন তার থেকে শব্দহীন এক আর্তনাদ বেরোয় ‘ভেজা বিড়ালের মতো’। মুখে মুখে এ রকম একটা বাগাড়ম্বরপূর্ণ বাক্যের কথা শোনা যায়, যেটা নাকি নানা শহরের মেয়রের কাছে উপস্থিত হয়েই বলেছিলেন: ‘ক্ষমতার বুলেটের ওপর মর্যাদার বুলেটের জয়।’ সেকালের উদারপন্থী স্টাইলের সঙ্গে যায় এ রকম একটি বাক্য এটি। কিন্তু আমি আমার নানার মেজাজের সঙ্গে বাক্যটিকে মেলাতে পারি না। আসল কথা হলো, ঘটনার কোনো সাক্ষী ছিল না। অনুমোদিত ভাষ্য হতে পারত আমার নানা ও তাঁর সমকালীন উভয় পক্ষের লোকজনেরই আইনি বিবরণ, কিন্তু যদি কোনো নথিপত্রের ফাইল থেকেও থাকে, এর কোনো ছায়াটিরও অস্তিত্ব নেই। এখন পর্যন্ত আমি অসংখ্য ভাষ্য শুনেছি, তার মধ্যে এমন দুটি ভাষ্য নেই, যাদের মিল আছে।এ ঘটনায় শহরের পরিবারগুলো দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। এমনকি মৃত ব্যক্তিরাও। এক পক্ষ নানার ওপর বদলা নিতে বদ্ধপরিকর, অন্য পক্ষ ত্রাঙ্কিলিয়ানা ইগুয়ারান ও তাঁর সন্তানদের নিরাপদে নিজেদের বাড়িতে সরিয়ে নিয়ে যায়, প্রতিশোধের শঙ্কা স্তিমিত না হওয়া পর্যন্ত রেখে দেওয়ার জন্য। এই খুঁটিনাটি ব্যাপারগুলো আমার শৈশবে মনের ওপর এতটাই দাগ ফেলে যে আমি বংশাণুক্রমিক অপরাধের ভারই কেবল অধিগ্রহণ করলাম না, যেন ওটা আমার নিজেরই, এমনকি আজও আমি এ কথা লিখছি, যখন আমার নিজ পরিবারের চেয়েও মৃত লোকটির পরিবারের প্রতি বেশি দরদ অনুভব করছি।পাপালেলো (নানাকে ওই নামে ডাকতাম আমরা) রিওআচায় চলে গেলেন অধিকতর নিরাপত্তার কথা ভেবে এবং এরপর সান্তা মার্তায়, যেখানে তাঁকে এক বছর কারাদণ্ড ভোগ করতে হয়—বছরের প্রথম অর্ধেক ভাগ একাকী একটি সেলে আর পরের অর্ধেক ভাগ সবার সঙ্গে। মুক্তিলাভের পরপরই পরিবারের সঙ্গে সিয়েনাগা শহরে গেলেন অল্প কদিনের জন্য ঘুরতে, তারপর ওখান থেকে পানামা, যেখানে তাঁর আরেক প্রেমিকার গর্ভে একটি কন্যাসন্তান জন্মলাভ করে। সবশেষে আরাকাতাকার অস্বাস্থ্যকর ও অবাঞ্ছিত পরিবেশে গিয়ে হাজির হলেন। সেখানে তিনি বিভাগীয় অর্থদপ্তরে ট্যাক্স কালেক্টরের চাকরি পেলেন। এরপর আর কোনো দিন সশস্ত্র অবস্থায় রাস্তায় বের হননি তিনি। এমনকি কলাবাগান নিয়ে হাঙ্গামার কালেও তাঁর রিভলবারটি বালিশের নিচে রেখে দিলেন কেবল বাড়ির নিরাপত্তার খাতিরে।আরাকাতাকা তখনো শান্ত হয়ে ওঠেনি, যেমনটি তারা স্বপ্ন দেখেছিল মেদার্দো পাচেকো নামের ওই দুঃস্বপ্নের পর। গ্রামটির জন্ম হয়েছিল চিমিলা ইন্ডিয় গোষ্ঠীর বসতি হিসেবে এবং এর গ্রামটি বাঁ পা দিয়ে ইতিহাসে ঢুকে পড়েছিল সিয়েনাগা পৌর এলাকার ঈশ্বর বা আইনকানুন-বিবর্জিত এক দূরবর্তী পত্তনি হিসেবে। কলা চাষের আধিক্যের কারণে গ্রামটির সমৃদ্ধির চেয়ে বরং অবনতি ঘটেছিল বেশি। আরাকাতাকার ‘আরা’ একটি চিমিলা শব্দ, এটি কোনো শহরের নয়, বরং এক নদীর নাম আর ‘কাতাকা’ শব্দটির মাধ্যমে ওই সম্প্রদায় বা গোষ্ঠী তাদের নেতাকে চেনে। আমরা এই গ্রামের বাসিন্দারা একে আরাকাতাকা ডাকি না; আমরা বলি: কাতাকা।[...] আমি সব সময় নানার সঙ্গে থাকতাম, সকালবেলায় তাঁর কারখানায় বা তাঁর অর্থদপ্তরের প্রশাসনিক অফিসে, যেখানে তিনি আমাকে মনপছন্দ কোনো একটা কাজ দিতেন: গরুর ছবি আঁকা, যেগুলোকে জবাই করা হবে আর আমি কাজটা এত মনোযোগ দিয়ে করতাম যে ডেস্কে তাঁর বসার জায়গাটা তিনি আমাকে ছেড়ে দিতেন। দুপুরের খাবারের সময় সব মেহমানসহ আমরা বসতাম একেবারে টেবিলের মাথায়, নানা একটা বড়সড় অ্যালুমিনিয়ামের জগে বরফ দেওয়া পানি নিয়ে বসতেন আর আমি বসতাম একটা রুপালি চামচ নিয়ে, যেটা সবকিছুতে ব্যবহার করতাম। লোকজন অবাক হয়ে দেখত যে বরফ চাইলেই আমি জগের মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনছি এবং তাতে পানির মধ্যে একটু তেলচিটে সর পড়ে থাকত। নানা আমাকে সমর্থন করে বলতেন, ‘ও যা ইচ্ছা করুক।’এগারোটার সময় আমরা ট্রেন স্টেশনে যেতাম, তাঁর ছেলে হুয়ান দে দিওস, যিনি তখনো সান্তা মার্তায় থাকতেন, ট্রেনের চালকের মারফত নানার জন্য প্রতিদিন একটা চিঠি পাঠাতেন, এর জন্য তাকে পাঁচ সেন্ট দিতে হতো। আরও পাঁচ সেন্ট দিয়ে নানা ফিরতি ট্রেনে ছেলেকে পাল্টা উত্তর পাঠাতেন। বিকেলবেলায় সূর্য হেলে যেতে থাকলে নানা আমাকে সঙ্গে নিয়ে আড্ডা দিতে বের হতেন। আমরা যেতাম নাপিতের দোকানে, আমার শৈশবের সবচেয়ে দীর্ঘ পনেরো মিনিট; জাতীয় ছুটির দিনে যেতাম আতশবাজি দেখতে, যা দেখে আমি ভয় পেতাম; যেতাম হলি ইস্টারের শোভাযাত্রা দেখতে, মৃত খ্রিষ্টের মূর্তি দেখতাম, যাঁকে আমার সব সময় মনে হতো রক্তমাংসের জ্যান্ত মানুষ। আমি পরতাম স্কটিশ চেক-চেক পশমের টুপি। ঠিক আমার নানার টুপিটার মতো। যেটা নানু মিনা আমার জন্য কিনেছিলেন, যেন আমাকে দেখতে নানার মতো লাগে। তাঁর এই বুদ্ধি এতটাই মিলে গিয়েছিল যে কিন্তে মামা আমাদের দুজনকে দেখতেন একজন হিসেবে—একজন, কিন্তু ভিন্ন বয়সের।দিনের যেকোনো সময় নানা আমাকে নিয়ে যেতেন কদলি কোম্পানির রসিক প্রতিনিধির দোকানে কেনাকাটা করতে। ওখানে আমি আবিষ্কার করেছিলাম রেড স্ন্যাপার মাছ, জীবনে প্রথমবারের মতো বরফে হাত রেখেছিলাম আর হাত রেখেই কেঁপে উঠেছিলাম এই আবিষ্কারে—ওটা কী ঠান্ডা! আমি যা চাইতাম, তা-ই খেতাম আহ্লাদিত হয়ে। কিন্তু বেলজিয়ান লোকটির সঙ্গে নানার দাবা খেলা আর তাঁর রাজনৈতিক কথাবার্তা আমাকে বিরক্ত করত। এখন আমি বুঝি, যা হোক, যে ওই লম্বা লম্বা ছুটির সময় আমরা দুজন দুই ভিন্ন বিশ্বকে দেখতাম। আমার নানা দেখতেন নিজের বিশ্বটাকে তাঁর দিগন্তে, আর আমি দেখতাম আমার বালকের চোখ দিয়ে। নানা তাঁর বন্ধুদের হাত নাড়ান, তাঁরাও তাঁদের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে তার জবাব দেন, আর আমি ফুটপাতে দেখা ফেরিওয়ালার খেলনা নিয়ে হাপিত্যেশ করি।কাতাকা: কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলের অভ্যন্তরভাগের যে শহরতলিতে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জন্ম, সেটির নাম আরাকাতাকা। স্থানীয় লোকজন বলে কাতাকা।নিকোলাসিতো: গার্সিয়া মার্কেসের নানা কর্নেল নিকোলাস মার্কেস মেহিয়া। খুব কাছের মানুষেরা ডাকত নিকোলাসিতো।শান্তিচুক্তি: কলম্বিয়ার উদারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে হয়েছিল এই চুক্তি।