কাবুলের পথে পথে—পান্থজন \ আনন্দ, কলকাতা, ২০০৯ \ প্রচ্ছদ: সৌরীশ মিত্র \ ২১২ পৃষ্ঠা \ বাংলাদেশে ৩৬০ টাকা আফগানিস্তানের সুরত দৃষ্টিপটে ভেসে উঠতেই সবার মধ্যে এক নিমেষে উন্মীলিত হয় সারি সারি পাহাড়ের রূপ। আর মিনির কাবুলিওয়ালা সেই রহমতের মুখচ্ছবি মনে পড়ে হামেশাই। আমাদের বাঙালি সমাজ অনেক দিন পর্যন্ত আফগানিস্তানকে চিনেছে কাবুলিওয়ালার দেশ হিসেবে। কাবুল প্রদেশের কাবুলিওয়ালা, সেই রহস্যময় আদমির আদল-চেহারা কেমন? এবার দুইয়ে দুইয়ে চার হয়ে তার খোঁজ মিলে গেল পান্থজন রচিত ভ্রমণগ্রন্থ কাবুলের পথে পথে পড়তে গিয়ে।পেশায় চিকিৎসক পান্থজন কর্মসূত্রেই একদা পাড়ি দিয়েছিলেন আফগানের তপ্ত মরু অঞ্চলে। কিন্তু তত দিনে দেশটি বিধ্বস্ত। ১৯৮৯ সালের পর থেকে উপর্যুপরি গৃহযুদ্ধ, আধিপত্যের লড়াই এবং তালেবান শাসনের ধারাবাহিকতায় বিভিন্ন উত্থান-পতনের দ্বৈরথে এই দেশের কাবুলিওয়ালারা কে কোথায়—তার নিকেশ কে আর করেছে! অবশেষে সেই কাবুলিওয়ালারও দর্শন পেলাম, তবে কাবুলে নয়, পাক্তিয়া প্রদেশের গার্দেজ শহরে। মজার বিষয় হলো, কাবুলিওয়ালা গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের নামই তাঁর অজানা। মিনিকে সে কেমন করে চিনবে? পান্থজনের বইটি পড়তে পড়তে এসব বিষয় বারবার আমাদের সামনে ওঠানামা করে। পান্থজন এই আমাদের আফগান বিয়ের আসর ঘুরিয়ে আনেন তো ওই নিয়ে যান কাওয়ালির মাহফিলে। যে দেশকে আজ আমরা মোল্লা ওমর, হামিদ কারজাই এবং তালেবানদের দেশ বলে জানি, সেই দেশের কত রূপ, কত বিভা! যদি আফগানদের খেলাধুলার খোঁজে হাতড়াই, মুহূর্তেই পান্থজনের ভ্রমণনামা আমাদের জানিয়ে দিচ্ছে, ‘আফগানিস্তানের জাতীয় ক্রীড়া হচ্ছে বুজকাসি। বুজকাসি মানে ছাগলটানা। খেলার নিয়মকানুন বিশেষ নেই। তিরিশ-পঁয়ত্রিশ কেজির মরা একটা ছাগলকে দুটো দলের ঘোড়সওয়ার তুলে বা ঘষটে টেনে নিয়ে মাঠের এক কোনায় একটা গোল আকারের দাগের মধ্যে ফেলবে, পেছনে ধেয়ে আসবে অন্য দলের ঘোড়সওয়ার—তীরের বেগে ছাগলটাকে ছিনিয়ে নিতে।এ এক আজব খেলার বৃত্তান্ত। কিন্তু তা দেখতেও মানুষের ইন্তেজামের অন্ত নেই। এভাবে আফগান-সংস্কৃতির নানাবিধ বিষয়ই লেখকের সরস বর্ণনায় টুকরো ফটোগ্রাফের মতো ভেসে উঠেছে। যুদ্ধপরবর্তী ভঙ্গুর আফগানিস্তানের সমাজচিত্রও বইতে বিধৃত। যেমন, কাওয়ালির আসরে বসে এর তত্ত্বতালাশ করতে করতে কাওয়ালি পরিবেশনকারীদের ভাষ্যে লেখক জানতে পারেন, ‘সংগীতটা মুসলমান ধর্মের একটা অঙ্গ হয়ে উঠেছিল সুফিদের আসার সঙ্গে সঙ্গে।’ বিচিত্রতার তীর্থভূমি আফগান সম্পর্কে রহস্যের কমতি নেই। উপরন্তু চলতি পৃথিবীর যোগাযোগ বহর থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই ভূগোল বিষয়ে যখন মোটামুটিভাবে আঁধারের পর্দায় ঢাকা পড়েছে চোখগুলো, সেই সময়ে কাবুলের পথে পথে শীর্ষক বইটি আমাদের কাছে এক ছোট্ট জানালা।—মনিরুল কবির