কাল কলকাতায় বাংলাদেশ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা মিলনায়তনে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বাংলাদেশ বইমেলা। এবারের মেলায় বাংলাদেশের পাঁচ হাজার বই এসেছে। এর মধ্যে দুই হাজার নতুন শিরোনামের বই।

আজ বুধবার বিকেলে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে এক সংবাদ সম্মেলনে বইমেলার এসব তথ্য তুলে ধরা হয়। সেখানে প্রকাশকেরা জানান, এ বইমেলা কলকাতার বইপ্রিয় মানুষের মন জয় করার। পরবর্তী বইমেলা আরও বৃহত্ আকারে এবং আরও বড় পরিসরে করার উদ্যোগ নেবেন তাঁরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনার আবিদা ইসলাম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, কলকাতা বইমেলার আহ্বায়ক ফরিদ আহমেদ, উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) মো. ওমর ফারুক, প্রেস সচিব কাজী মোস্তাক জহির প্রমুখ।

তৃতীয়বারের মতো আয়োজিত এই বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, কবি অসীম সাহা, বাংলাদেশের সংস্কৃতিসচিব রণজিত্ কুমার বিশ্বাস, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রমুখ।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এ মেলার আয়োজন করেছে।

এবারের বইমেলায় যোগ দিচ্ছে বাংলাদেশের ২৮টি প্রকাশনা সংস্থা।  মেলায় বাংলাদেশের অনন্যা, অন্য প্রকাশ, অবসর, অনুপম, অনিন্দ্য প্রকাশ, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং, এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউস, কথা প্রকাশ, কাকলী প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, বিদ্যা প্রকাশ, বেঙ্গল পাবলিকেশনস, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশনস, বাংলা প্রকাশ, ভাষাচিত্র, মাওলা ব্রাদার্স, নবযুগ, নালন্দা, সময় প্রকাশন, সন্দেশ, সংঘ প্রকাশন, স্বর প্রকাশনী, সাহিত্য প্রকাশ, বাংলা একাডেমি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যোগ দিচ্ছে।