বহু বছর ধরে কবিদের আমি দুই চোখে দেখতে পারি না। সর্বশেষ উদাহরণ কবি কাজী পার্থিব। মাত্র ২৭ বছর বয়সে মরেছে। অপঘাতে। রবিবারে। মগবাজার উড়ালপুলে তার পাঁচ ফুট সাত ইঞ্চি বডি পড়ে ছিল। অনলাইন উত্তপ্ত ছিল আড়াই দিন। এক শীত গিয়ে, এই আরেক শীত যাচ্ছে, কাজী পার্থিবের হত্যাকারীকে এখনো শনাক্ত করা যায়নি। বোকা কবি। নৈঋতার সঙ্গে তার দেখা কীভাবে? রূপবতী নৈঋতা। বাংলা কবিতা পড়ে প্রচুর। কিন্তু হাড়হাভাতে হ্যাংলা এক কবি তাকে কি কবিতা শুনিয়ে বশ করল নাকি? স্বরচিত হ্যাংলা কবিতা? তা হয়ে থাকলে দুঃখজনক।
কবি ছিল না ইবু সৈয়দ। নৈঋতার আরেক প্রেমিক। সে–ও রবিবারে অপঘাতে মরেছে। আর্টিস্ট ইবু সৈয়দ। নৈঋতার কিছু ড্রয়িং করেছিল সে। ন্যুড স্টাডি। বেহদ্দ বোকা।
আরেক বোকা কবি ফরাহিম শাহাব। নৈঋতার প্রেমিক—এ–ও অপঘাতে মরেছে। রবিবারে। কেন? নৈঋতা ছাড়া পৃথিবীতে আর রূপবতী নাই রে?
চিত্রার্পিত গড়ন শরীরের। পৃথিবীর যত মায়া দুই চোখে। টান ঠোঁটে, নাকের ডগায়। ‘বুনোহাঁস’ কবিতার অরুণিমা সান্যাল এ রকম দেখতে হওয়ার কথা। নৈঋতা অরুণিমা সান্যালের মতো। রূপবতী রহস্যময়ী। লেডি ‘মাসুদ রানা’।—টানে সবাইকে, বাঁধনে জড়ায় না। হা! হা! হা!
মধ্যবয়স্ক কবি ফরাহিম শাহাব। কনকর্ড মার্কেটের এক বইয়ের দোকানে একদিন নৈঋতার সঙ্গে সাক্ষাৎ দেখা তার। জনাব মার্ক জাকারবার্গের ফেসবুক পরবর্তী কার্যক্রমে সহায়তা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলত তারা। দেখা করত সকল প্রকাশ্য এলাকায়। বুরবক ফরাহিম শাহাব। ভাবেনি মধ্যবয়সে এমন বেমক্কা মরে যাবে সে।
কবি।
আর্টিস্ট।
কবি।
?
আরও এক কবি।
তথাস্তু।
সে কে?
সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের একসঙ্গে দেখা গেছে গ্লোরিয়া জেন্সে। কফির মগ পোস্ট দিয়েছে নৈঋতা। তবে নৈঋতার প্রেমিকপ্রবরের পরিচয় এখন বলা যাবে না। নৈঋতাসক্ত আরেক গিরগিটি। মরে যাবে কাল।
আজ শনিবার, কাল রবিবার।
শীতকালের মারাত্মক ঠান্ডা দিন যায়। বরফের থেকে কিছু কম ঠান্ডা।
রাত আটটায় গিরগিটিকে কল দিল নৈঋতা। কাল দেখা করবে। গিরগিটি নিশ্চয়তা দিল এবং একটা কবিতা বা কবিতাজাতীয় জিনিস বাংলা হরফে লিখে পাঠাল নৈঋতাকে। নৈঋতা পড়ল না। ডিলিট করে দিল।
কাল নৈঋতার সঙ্গে দেখা করবে উজবুক। এবং মরবে। কাজী পার্থিব, ইবু সৈয়দ, ফরাহিম শাহাব যেভাবে মরেছে। অপঘাতে। বোকার দল ভারী হচ্ছে বেজায়।
মৌমিতা জান্নাত তার ফেসবুক পেজে কিছু হাতে লেখা কবিতা শেয়ার দিয়েছে। আর্টিস্ট ইবু সৈয়দের কবিতা। এ–ও কবি ছিল গোপনে! খুব ভালো। নৈঋতা প্রেম করে কেবল কবিদের সঙ্গে। কেন?
আমি কবি না। কবিতা লিখতে পারি না। কিছু পারি না।
আমি কত দিন ধরে ফলো করছি নৈঋতাকে? বহু বছর। কনকর্ড মার্কেটে দুই–একটা বইয়ের দোকান সবে হয়েছে। আন্ডারগ্রাউন্ড মার্কেট। নৈঋতা আসে রোদ নিয়ে বা হয়ে। চনমনে রোদ। তার অপদার্থ প্রেমিক কোনো কবি কি নৈঋতাকে এ কথা বলেছে কখনো? আমি বলিনি। কী করে বলব? আমি কি কবি? না কথা বলি নৈঋতার সঙ্গে? কখনো বলিনি। বরং আমি বহু বছর ধরে দুই চোখে দেখতে পারি না কবিদের। তারা কেবল নৈঋতার প্রেমে পড়ে কেন? আর কেউ নাই? গিরগিটির পর কে? আরও এক কবি। গ্যারান্টি। নৈঋতা কি গ্যারান্টি দিতে পারবে দেশের আর কোনো কবি অপঘাতে মরবে না? আমি পারব। কিন্তু দেব না। কখনো না। আমার কী? বহু বছর ধরে কবিদের আমি দুই চোখে দেখতে পারি না।
কাল রবিবার।