কালতরঙ্গের ছাপাই ও জলের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সময় ও বাস্তবতার জটিলতা–৫’, শিল্পী: রুহুল আমিন
‘সময় ও বাস্তবতার জটিলতা–৫’, শিল্পী: রুহুল আমিন

বিশ্বজগৎ, সময় এক চলমান ঘটনা। জগতের যে সময়ে আমরা অবস্থান করি, তা আমাদের সমকাল। এভাবে দেখলে শিল্পের সমকাল বলতে সম্ভবত সময়ের শিল্পের হাল-হকিকতকেই বোঝায়। প্রসঙ্গটি আসছে গ্যালারি কায়া আয়োজিত ‘কনটেম্পরারি ভাইব—ওয়াটার কালার অ্যান্ড গ্রাফিক প্রিন্ট’ শিরোনামের প্রদর্শনীকে ঘিরে।
১০ জন শিল্পীর অংশগ্রহণে এ প্রদর্শনীর শিরোনামই বলে দেয়, শিল্পীরা কোন সময়ের এবং কোন মাধ্যমে কাজ করেছেন। আমরা যদি বাংলার শিল্প-ঐতিহ্যের দিকে তাকাই, প্রত্ন-প্রমাণ সাপেক্ষে দেখতে পাব জলরঙের আছে দীর্ঘ ঐতিহ্য, যার সূচনা খ্রিষ্টীয় অষ্টম শতকে। তবে ছাপাই সাম্প্রতিক একটি মাধ্যম (যদি আমরা প্রাচীন ছাপপদ্ধতি বা মুদ্রা উৎপাদনপদ্ধতি ব্যতিরেকে দেখি)।
মজার ব্যাপার হলো, বর্তমানে এ দুই মাধ্যমে যে শিল্পীরা কাজ করছেন, তাঁদের কাজের করণকৌশল আমাদের প্রাচীন ঐতিহ্য থেকে উৎসারিত নয়। পাশাপাশি লক্ষণীয়, কৌলীন্যের বিচারে এ মাধ্যম দুটি বহুদিন ধরে বিবেচিত হয়ে আসছে ‘নিম্নবর্গীয়’ হিসেবে। আশার কথা যে, কৌলীন্যের সংকট কাটিয়ে সাম্প্রতিক কালে তেলরঙের পাশে বসার আসন পেয়েছে মাধ্যম দুটি। এর পেছনে আছেন এ প্রজন্মের তরুণ শিল্পীরা, যাঁরা এই মাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণের পাশাপাশি নিজেদের কাজেও এনেছেন বৈচিত্র্য। এই প্রদর্শনীতে শিল্পীদের কাজও বলে সে কথা।
প্রথমে আসি আলক্তগীন তুষারের ছবির আলোচনায়। জলরং ও পেনসিলে দক্ষ এই শিল্পী সময়ের সঙ্গে সঙ্গে নিজের কাজে স্বচ্ছ জলরং পদ্ধতির সুনিপুণতা আরও উজ্জ্বল করেছেন।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে যাঁরা কাজ করেছেন জলরঙে, তাঁদের সবার চেয়ে আলাদা আজমির হোসেন। তাঁর ভূমিবিন্যাস, করণকৌশল ও বিষয় নির্বাচন দৃশ্যমানভাবে প্রবল ব্যতিক্রম। সময়, সমাজ ও প্রকৃতিকে এই শিল্পী দেখেন শহুরে দৃষ্টিতে। ফলে নিসর্গও বিভাজিত হয় জ্যামিতিক নকশায়।
কামালউদ্দিনের কাজে চারুকলার প্রাথমিক পর্বের গুণী শিল্পীদের নির্বাচিত বৈশিষ্ট্য লক্ষণীয়। তাঁর চিত্রে আলো একটি নিয়ামক ভূমিকা রাখে। তবে বিষয় ও আঙ্গিক বিচারে এই শিল্পী সত্তরের দশকীয় প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারেননি বলেই মনে হয়।
জলরংকে সোহাগ পারভেজ ব্যবহার করেছেন ভিন্ন আঙ্গিক ও করণকৌশলে। ওয়াশের সঙ্গে রেখার ব্যবহার তাঁর ছবির নিজস্বতা প্রকাশে পালন করেছে সহায়ক ভূমিকা। বিষয় নির্বাচন ও বিন্যাসে গতানুগতিকতার বাইরে থাকতেই পছন্দ করেন সোহাগ। শিল্পীর কাজেই রয়েছে এর প্রমাণ।
শাহনূর মামুন প্রদর্শনীর কনিষ্ঠতম শিল্পী। পুরান ঢাকার অলিগলি থেকে জলজ ভূচিত্র আলাদাভাবে কথা বলে তাঁর ফ্রেমে। প্রথার বিশুদ্ধতার চেয়ে স্থির ছবিতে প্রাণ প্রতিষ্ঠাই যেন লক্ষ্য তাঁর। তাই স্বচ্ছ-অস্বচ্ছের ধার ধারেননি মামুন।
লিথোপদ্ধতির ছাপাইয়ে করণকৌশলগত দক্ষতার সঙ্গে বিন্যাস ও আঙ্গিক-বৈশিষ্ট্যের জন্য শেখ মোহাম্মদ রোকনুজ্জামান ছাত্র অবস্থায়ই সুনাম অর্জন করেছেন। প্রদর্শনীতে বিশেষভাবে উল্লেখযোগ্য এই শিল্পীর দুটি কাজ হলো ‘জার্নি’ ও ‘আ জার্নি ফ্রম ওয়ান রিয়েলিটি টু অ্যানাদার’। ছবি দুটির রচনা, উপস্থাপনা ও করণকৌশল একই রকম। তবে ভাষাটি আমাদের চেনা দৃশ্য থেকে ব্যতিক্রম। দুই ছবির বর্ণনাতেই চলচ্চিত্রের মতো প্রবাহ লক্ষণীয়।
ছাপাই ছবির কাঠ খোদাই মাধ্যমে একটি ভিন্ন ধারা তৈরি করেছেন আনিসুজ্জামান। জাপানি শিল্পী ফুমিয়াকি ফুকিতার ‘রিলিফ খোদাই’ পদ্ধতিকে নিজস্ব স্বকীয়তায় ব্যবহার করেন তিনি। তাঁর যেমন প্রবণতা, সেই একই রকম উল্লম্ব নির্মাণকে বিষয় করে এ প্রদর্শনীতেও উপস্থিত হয়েছেন তিনি।
নগরবাসী বর্মণ পরিচিত বস্তুকে নিয়ে যান রহস্যঘেরা মায়াবী জগতে। শিল্পী পরিচিত নৌকাকে ভেঙে এমন এক পর্যায়ে নিয়ে যান, ফলে এটি আলিঙ্গন করে প্রাগৈতিহাসিক কালকে। তাঁর কৌশলগত স্বাতন্ত্র্য প্রকাশিত এচিংয়ে, আলো ও রেখার ব্যবহারে; যদিও নগরবাসীর রচনাশৈলী মনে করিয়ে দেয় গণেশ পাইনের কথা।
তেলরং ও অ্যাক্রিলিকে দক্ষতার পর এ প্রদর্শনীতে আশরাফুল হাসানের কাজের মধ্যে দেখা যায় এচিংয়েও দারুণ পারঙ্গম তিনি। অন্যদিকে, রুহুল আমিন তারেকের কাজে আছে বিশেষ মুনশিয়ানা। তাঁর বেশির ভাগ কাজে তিনি নিজেই চরিত্র। আনিসুজ্জামানের পদ্ধতি অনুসরণে এই শিল্পী কাজ করেন মূলত কাঠখোদাই মাধ্যমে। আনিসুজ্জামান যেখানে কাঠের আঁশকে তাঁর নিজের চরিত্রের ওপরেই ছেড়ে দেন, রুহুল সেখানে কাঠকে খোদাই করেন পেনসিলের সিলভার টোনের মতো। ফলে রিপ্রোডাকশনে অনেক সময় শিল্পীর ছবিকে তেলরঙে আঁকা বলে ভুল হতে পারে।
সব মিলিয়ে গ্যালারি কায়ার এই প্রদর্শনী একটি ভালো কিউরেটিংয়ের উদাহরণ। ৬ মার্চ শুরু হওয়া প্রদর্শনীটি চলেছে ১৭ মার্চ অবধি।