
কালি-কলমে ছবি আঁকার রীতি অতি প্রাচীন। আনুমানিক ৩০০ খ্রিষ্টাব্দে প্রাচীন গ্রিসের এক অজ্ঞাত শিল্পীর আঁকা ‘দ্য অ্যাবডাকশন অব ব্রিসাইস’ নামের চিত্রকর্মে এ রীতির ব্যবহার দেখা যায়। চীন দেশে ষষ্ঠ শতকে, চতুর্দশ শতকে জাপানে এবং রেনেসাঁ সময়কালের ইউরোপে কালি ও কলমে আঁকার রীতি প্রাসঙ্গিকতা পেয়েছিল। িলওনার্দো, রেমব্রাঁ, ফ্রান্সেসকো গয়া ও শিল্পাচার্য জয়নুল আবেদিন কালি ও কলমে বহু ছবি এঁকেছেন। আহমেদ নেওয়াজের কালি ও কলমে আঁকা ছবিগুলো যেন তাঁদেরই উত্তরাধিকার।
সম্প্রতি ‘খেরোখাতা’ শিরোনামে চট্টগ্রামের শিল্পকলা একাডেমীতে আহমেদ নেওয়াজের কালি ও কলমে আঁকা ছবির প্রদর্শনী হয়ে গেল। সত্তরের দশক থেকে শিল্পের আঙিনায় সক্রিয় নেওয়াজ। চারুকলা কলেজে শিক্ষকতার মাধ্যমে তাঁর পেশাগত জীবনের শুরু। এ ছাড়া কাজ করেছেন নানা মাধ্যমে। প্রদর্শনীর ৫৮টি চিত্রকর্মের কোনোটি সূক্ষ্ম ডিটেলে আঁকা আর কোনো ছবির রেখা আঙুলের কড়ায় গুণে ফেলা সম্ভব। ক্যালিগ্রাফি, ড্রয়িং, স্কেচ কিংবা ডিজাইনের প্রকাশ দেখা গেল তাঁর শিল্পকর্মে।
নেওয়াজের ছবির জগৎ তাঁর নিজেরই মনোজগতের প্রতিফলন কিংবা আত্মজৈবনিক। শৈশবের ফেলে আসা বাড়ি, পরিবার, মুক্তিযুদ্ধ, স্রষ্টার মহিমায় গভীর বিশ্বাস ও প্রেম এসেছে বিষয় হয়ে। আর প্রায় ছবিতেই শিল্পী নিজেই উপস্থিত। এ প্রদর্শনী তাই এক অর্থে নেওয়াজের দিনপঞ্জিও।
মেজাজের দিক থেকে নেওয়াজ রোমান্টিক। তাঁর কাজ দেখে পুরোনো চট্টগ্রাম যেমন আবিষ্কার করা যায়, তেমনি পাওয়া যায় ব্যক্তিগত আবেগ-অনুভূতির ভিন্ন ভিন্ন তল। কখনো নিজেকে রেখাবৈভবের মধ্যে নতুনভাবে হাজির করেন তিনি। কালি ও কলমে তাঁর আত্মপ্রতিকৃতি তৈরি করে অন্য রকম তাৎপর্য।
ছবিগুলোতে আছে রেখার গীতল নৃত্য। ফিগারের প্রয়োজনে রেখা কখনো সরু, কখনোবা পুরু হয়েছে। পাশাপাশি উপস্থাপনা ও আলোছায়ার বিন্যাস ভিন্ন মহিমা দিয়েছে তাঁর সৃষ্টিকে। ‘মধুরিমা’, ‘মুখোমুখি বসিবার’, ‘মীন’, ‘অশেষ চুম্বন’, ‘অভিসার’, ‘প্রজাপতি একদিন’, ‘আত্মসমর্পণ’, ‘আঁখি পাখির লিখিত যন্ত্রণা’, ‘অপেক্ষার আগুনে পোড়া মন’, ‘নকশি কাঁথার স্বপ্ন বুনন’, ‘আলোর ঝরনাধারা’ প্রভৃতি ছবিগুলো ভালো লাগা তৈরি করে।
প্রদর্শনীর সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ছিল ইসলামিক ক্যালিগ্রাফি। ‘আলোকিত প্রার্থনা’ নামের ছবিটির বিবরণ তুলে ধরা যাক। নানা তল থেকে বিচ্ছুরিত আলোর মধে্য মাথা তুলে দাঁড়িয়ে আছে আরবি হরফ আলিফ। ছবিটিতে আড়াল, রহস্যময়তা এবং ভাবগাম্ভীর্যের যুগপৎ সন্নিবেশ দেখে মুগ্ধ হতে হয়।
নেওয়াজের শিল্পভাবনার অন্যতম প্রধান বিষয় প্রেম। ‘যুগল’, ‘কল্পলোকের গাছ’, ‘পাখি’—এসব অনুষঙ্গ তাঁর প্রেমের প্রকাশকে মহিমান্বিত করে। বেশ কয়েকটি ছবিতে দেখা যায় প্রেমের নবতর উদ্বোধন।
খেরোখাতার স্কেচগুলোর মাঝে পরিণত শিল্পের সংযম নিয়ন্ত্রণও চোখে পড়ার মতো। বহুমাত্রিক এ শিল্পীর স্কেচগুলো সমাজ, রাষ্ট্র, মানবিক ঐক্য, অসাম্প্রদায়িক চেতনা আর আধ্যাত্মিকতায় ভাস্বর।