উষার দুয়ারে আনিসুল হকপ্রথমা প্রকাশন প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী দাম: ৪০০ টাকাআমাদের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কালপর্বকে (১৯৫২-৫৫) কেন্দ্র করে রচিত হয়েছে উষার দুয়ারে উপন্যাস, যে কালপরিসরে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা একটি নির্দিষ্ট রূপ অর্জন করে এবং অঙ্কুরিত হয় একটি নতুন দেশের জন্মের বীজ। ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনা, অসামপ্রদায়িক মূল্যবোধ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির স্বপ্ন এসে তরুণ রাজনৈতিক কর্মীদের কীভাবে উদ্বুদ্ধ করে এবং তা জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের বিপুল সমর্থন লাভ করে, তা দেখিয়েছেন লেখক। ১৯৪৭-এর আগস্ট-পরবর্তী দুই বছরের মধ্যেই শাসক দলের প্রগতিশীল অংশ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশের পর পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে কীভাবে দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়, তা-ও বিধৃত হয়েছে এ উপন্যাসে। লেখক দেখিয়েছেন, কীভাবে জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন ও ষড়যন্ত্রের জাল ভেদ করে একজন তরুণ শেখ মুজিবুর রহমান নিখাদ দেশপ্রেম, মানবপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আপসহীন অকুতোভয় সৈনিকের মতো, জীবন বাজি রেখে, শত বন্ধুর পথ পাড়ি দিয়ে একটি নতুন দল গঠন করে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাঁকে জননন্দিত করে তুলেছেন, জাগিয়ে তুলেছেন এক নতুন স্বপ্ন। এই উপন্যাসে পরস্ফুিটিত হয়েছে ব্যক্তি ও ইতিহাসের মধ্যকার একটি দ্বান্দ্বিক অথচ পরিপূরক সম্পর্কের ব্যঞ্জনা। ইতিহাস যেমন ব্যক্তির ব্যক্তিত্ব সৃষ্টিতে সহায়তা করে, তেমনি ব্যক্তিও কখনো কখনো ইতিহাসের গতিধারার নিয়ন্ত্রকে পরিণত হন। মুসলিম লীগ থেকেই জন্ম হয়েছে আওয়ামী মুসলিম লীগের এবং শেষে আওয়ামী লীগের—সামপ্রদায়িকতা থেকে অসামপ্রদায়িকতার দিকে এই যাত্রা শুধু একটি দলের নয়, একটি পুরো জনগোষ্ঠীর। ওই কালপর্বে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এ ঘটনার সঙ্গে আরও যে সত্যটি জড়িত তা হলো, শাসক মুসলিম লীগের রক্ষণশীল, অভিজাত ও জনবিচ্ছিন্ন রাজনীতির ধারাকে কোণঠাসা করে নতুন দল প্রগতিশীল, মধ্যবিত্ত ও গণমুখী ধারাকে বেগবান করে তোলে। এ উপন্যাসে লেখক ইতিহাসের এই সত্যের আবেদনকে পাঠকচিত্তে যথাযথভাবে সঞ্চার করতে সক্ষম হয়েছেন। যিনি ছিলেন পাকিস্তান সৃষ্টির অগ্রসর কর্মী এক ছাত্রনেতা, তিনিই পরিণামে হয়ে উঠলেন বাংলাদেশ সৃষ্টির অগ্রসর নায়ক, জাতীয় নেতা। রূপান্তরের এই বীজ তাঁর ভেতরেই সুপ্ত ছিল, সুপ্ত ছিল বাংলাদেশ নামক এই ভূখণ্ডের জনগোষ্ঠীর ভেতরেও। বাইরের কোনো তত্ত্ব আদর্শ কিংবা দর্শন নয়, নিজ দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই তাঁর আদর্শ, তাঁর দর্শন, তাঁর সার্বক্ষণিক ধ্যান-জ্ঞান, তাঁর সাধনার মূলকথা। এর বাইরে নিজ সংসার বাবা-মা, ভাইবোন, স্ত্রী-পুত্র-কন্যাও তুচ্ছ হয়ে গেল, বৃহত্তর দেশটাই হয়ে উঠল তাঁর কাছে নিজ সংসার। নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করলেন এই দেশের জন্য। ব্যক্তিস্বার্থমুক্ত, সত্য উচ্চারণে নির্ভীক, মৃত্যুভয়হীন, একমাত্র জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হওয়ার কারণেই ১৯৫২-৫৫ পর্বে ৩২-৩৫ বয়সসীমায় এই তরুণই হয়ে উঠলেন যেমন দেশের নবগঠিত অথচ প্রধান দলের কেন্দ্রশক্তি তেমনি জাতীয় স্বপ্ন-আকাঙ্ক্ষারও মূর্ত প্রতীক। ১৯৪৬-এর নির্বাচনে এ দেশের মানুষই বিপুলভাবে ভোট দিয়েছিল পাকিস্তানি রাষ্ট্রাদর্শের পক্ষে; ক্ষমতার আসনে বসিয়েছিল মুসলিম লীগকে; আবার সেই মানুষই আট বছরের ব্যবধানে ভরাডুবি ঘটাল মুসলিম লীগের। স্বাগত জানাল নতুন দল আওয়ামী মুসলিম লীগকে; তাদের স্বপ্নের মধ্যে মুকুলিত হলো এক নতুন জাতীয় চেতনা। এই চেতনা বিনির্মাণে যারা মূল ভূমিকা পালন করলেন, তাঁদেরই মধ্যমণি শেখ মুজিবুর রহমান। উষার দুয়ারে গ্রন্থে নতুন চেতনায় উদ্বুদ্ধ তৎকালীন সব রাজনৈতিক-সাংস্কৃতিক কুশীলবের কাহিনিই বিবৃত হয়েছে; কিন্তু প্রধান হয়ে উঠেছে এই মুখ্য ভূমিকা পালনকারী তরুণ নায়কের আত্মত্যাগে বলীয়ান, অকৃত্রিম দেশপ্রেমপুষ্ট, জীবনসংগ্রামের অনন্য আখ্যান। শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী—এই তিন নেতার ত্রিমুখী অবস্থান ও সীমাবদ্ধতার মধ্য থেকে কীভাবে বেরিয়ে এলেন ভবিষ্যৎ নেতা শেখ মুজিব ও তাঁর নির্ভরযোগ্য সহযোগী তাজউদ্দীন, তারও অন্তরঙ্গ কাহিনি বিবৃত হয়েছে এ গ্রন্থে। বিবৃত হয়েছে ওই কালে নতুন দেশটির আর্থসামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক টানাপড়েন, শাসক শক্তির সংকীর্ণতা ও স্বৈরতান্ত্রিক মনোভাব, বাংলাবিদ্বেষী ষড়যন্ত্র, পূর্ববাংলাকে দলন-শোষণের কৌশল এবং কমিউনিস্টবিরোধী মার্কিন এজেন্ডা বাস্তবায়নের সম্মিলিত আখ্যান।আনিসুল হক কোনো কিংবদন্তি সৃষ্টির চেষ্টা করেননি। তিনি ইতিহাসকে আশ্রয় করেই তাঁর ঔপন্যাসিক কল্পনাকে ঐশ্বর্যমণ্ডিত করেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, তাজউদ্দীনের ডায়রি, আতাউর রহমানের স্মৃতিকথা, আনিসুজ্জামানের কাল নিরবধি, সরদার ফজলুল করিমের জীবনস্মৃতি, বদরুদ্দীন উমরের ভাষা আন্দোলনের ইতিহাসসহ সেকালের নানা নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অবলম্বনে বাস্তবতার শক্ত ভিত্তির ওপরই আনিসুল হক নির্মাণ করেছেন ঐতিহাসিক কালপর্বের এই মহাকাব্যিক সৌধ। ফলে এ উপন্যাসে লেখকের কল্পনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতার তীর ঘেঁষেই অগ্রসর হয়েছে, তাকে ছাপিয়ে যায়নি বা উছলে পড়েনি। বরং ইতিহাসে যা কখনো লেখা থাকে না, যে স্বপ্ন ও হূদয়াবেগের চিত্র মূর্ত হয় না উপন্যাসে, লেখক তাঁর কল্পনাশক্তির সাহায্যে তাকেই করেছেন দৃশ্যময়, প্রাণবন্ত। এর ফলে ইতিহাসের সত্যের সঙ্গে উপন্যাসের সত্য যুক্তিগ্রাহ্যভাবে সমন্বিত হয়ে এ গ্রন্থ পাঠকের কাছে অনেক বেশি আবেদনগ্রাহী হয়েছে। সুতরাং আমাদের রাজনৈতিক ইতিহাসের একটি কালপর্বকে যথাযথভাবে অনুধাবনের জন্যও এ গ্রন্থ অবশ্যপাঠ্য হিসেবে বিবেচিত হবে।জীবনানন্দ দাশের রূপসী বাংলার পুষ্প-বৃক্ষলেখক: মোকারম হোসেনপ্রকাশক: অনিন্দ্য প্রকাশদাম: ৪৫০ টাকাজীবনানন্দ দাশের রূপসী বাংলা নিয়ে বহুমাত্রিক কাজ হয়েছে। বেরিয়েছে অসংখ্য গ্রন্থ। কিন্তু আলোচ্য গ্রন্থে শুধু কবির ভাবনার পুষ্প-বৃক্ষ-লতা-লতাগুল্মগুলোর একটি রূপরেখা তৈরি করা হয়েছে। শুধু এই একটি কাব্যগ্রন্থ থেকেই অনুমেয় কবি তাঁর ভাবনার ভান্ডারে কত বিচিত্র অনুষঙ্গ এনে জড়ো করেছিলেন। কত বিচিত্রতায় ভরিয়ে তুলেছিলেন তাঁর প্রিয় রূপসী বাংলাকে। আর এভাবেই রূপসী বাংলা হয়ে ওঠে জীবনানন্দ দাশের সমগ্র কবিকৃতিরই মুখচ্ছবি। আলোকচিত্রের পাশাপাশি প্রাসঙ্গিক উদ্ধৃতিগুলো এই গ্রন্থের একটি উল্লেখযোগ্য দিক। একই সঙ্গে যুক্ত হয়েছে অধিকাংশ পুষ্পবৃক্ষের সমনাম এবং বৈজ্ঞানিক নামগুলো। এ গ্রন্থ একজন কৌতুহলী প্রকৃতিপ্রেমিক থেকে শুরু করে গবেষক-লেখকেরও মনের খোরাক জোগাবে।